মারমা ছাত্রছাত্রীদের মিলনোৎসব
বহুদিন পর পরস্পরের দেখা পেয়েছে চিংচিংওয়ং ও ম্যাসাই। প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে পড়ত ওরা। একসঙ্গে বিদ্যালয়ে যাওয়া, পাশাপাশি বসা সব যেন মনে পড়ে গেল এক লহমায়। কত স্মৃতি যে ভিড় করছে মনের গহিনে! পুনর্মিলনের আনন্দ আত্মহারা করে তুলল দুজনকে।এ দুই বান্ধবীর মতোই সবার মুখে অফুরন্ত হাসি। ছেলেদের পরনে লুঙ্গি-শার্ট আর মেয়েদের পরনে থামি-টপস। গত শুক্রবার নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহার প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মারমা ছাত্রছাত্রীরা। হাজারো শিক্ষার্থীর পদচারণায় মারমাদের মিলনমেলায় পরিণত হয়েছিল বিহার প্রাঙ্গণ।বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) ১২তম কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে এ মিলনমেলা। ‘নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে সমুন্নত রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক আন্দোলন জোরদার করুন’ সম্মেলনের এই ছিল স্লোগান। ১৮ মার্চ সকালে শুরু হওয়া এ অনুষ্ঠান চলেছে সারা দিন। অনুষ্ঠানসূচিতে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুরুতে জাতীয় সংগীত এবং ‘আমরা মারমা ছাত্রছাত্রী’ এ দুটি গান করেন মারমা ছাত্রছাত্রীরা। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শোভাযাত্রায় অংশ নেন হাজারো মারমা শিক্ষার্থী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিএমএসসি কেন্দ্রীয় কমিটির সভাপতি উসিথোয়াইয়ের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শিক্ষক, লেখক ও প্রাবন্ধিক ক্যশৈপ্রু মারমা, চিং কিউ রোয়াজা, অংসুইছাইন চৌধুরী, বাঁশরী মারমা, অংচাপ্রু মারমা প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী মাখিংনু মারমা বলেন, ‘বছরের এই একটা দিনের জন্য আমরা মুখিয়ে থাকি। এ সম্মেলনে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মারমা শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের সুযোগ হয়।’ সন্ধ্যায় তিন পার্বত্য জেলার মারমা শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ময়ূরনৃত্য, ছাতানৃত্য, পাখানৃত্য, থালানৃত্য ও গান পরিবেশিত হয়। মারমা জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় করতালিতে মুখর হয়ে উঠেছিল অনুষ্ঠানস্থল। সবশেষে পাংখুং গোষ্ঠীর পরিবেশনায় মারমা পালাগান দর্শক-শ্রোতাদের হূদয় আলোড়িত করে।