বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা ১৮ জুলাই বুধবার খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।সংবর্ধনা সভায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি মারমা সমাজ থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদেরও সম্মাননা প্রদান করা হয়।সংগঠনের কলেজ শাখার সহসভাপতি সাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি ও জেলা পরিষদ সদস্য চাইথোঅং মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে রামগড় সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মংসাজেং মারমা, মহালছড়ি কলেজের সহকারী অধ্যাপক ড. কংজঅং চৌধুরী, মানিকছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আপ্রম্ন মারমা এবং ৩১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার চাইলাউ মারমার পিতা ক্যম্রা মারমা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মারমা জাতিগোষ্ঠী দেশের অন্যতম একটি নৃ-গোষ্ঠী। কিন্তু শিক্ষা এবং সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ হলো, শিক্ষার্জনের পথে সম্মিলিত অগ্রযাত্রা অব্যাহত রাখা।