মারি ইউফ্রেজি বারবিয়ের সেই বিদ্যালয়
১৮৮৩ সাল, সময়টা বেশ বৈরী। ব্রিটিশ শাসনের জাঁতাকলে পিষ্ট বাঙালি জাতি শিক্ষায় পিছিয়েই ছিল। নারী শিক্ষা ছিল অসম্ভব ব্যাপার। ঠিক সেই সময় সুদূর ফ্রান্স থেকে সমাজসেবার ব্রত নিয়ে এ দেশে আসেন মাদার মারি ইউফ্রেজি বারবিয়ে, সঙ্গে ছিলেন সহকর্মী পাঁচ সিস্টার। জাহাজ থেকে তিনি নামলেন বন্দরনগর চট্টগ্রামে। দিনে দিনে আপন করে নিলেন কর্ণফুলীর কন্যা রূপসী চট্টগ্রামকে। নারীর অসহায়ত্ব ছুঁয়ে গেল তাঁর মন, তাঁদের জন্য কিছু করতে চাইলেন। তারই ফসল সেন্ট স্কলাসটিকা কনভেন্ট স্কুল।পাথরঘাটা ইকবাল সড়কে মাত্র দুজন ছাত্রী নিয়ে ১৮৮৩ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ চালু হয় সেন্ট স্কলাসিটকা কনভেন্ট স্কুল। ১৮৮৩ থেকে ২০১০, নারীশিক্ষার গৌরব নিয়ে বিদ্যালয়টি পার করেছে ১২৭ বছর। চট্টগ্রাম নগরের সবচেয়ে পুরোনো বালিকা বিদ্যালয় এটি। ২০০৮ সালে ১২৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়।জানা যায়, শুরুতে এ বিদ্যালয় ছিল ইংরেজি মাধ্যমের। স্বাধীনতার পর তৎকালীন সরকারের নির্দেশে বাংলা মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে ছাত্রী আছে দুই হাজার ২০০ জন। শিক্ষক-শিক্ষিকা আছেন ৬০ জন। তিন বছর ধরে এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব রয়েছে বিদ্যালয়টির। শুধু এসএসসি নয়, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায়ও ফলাফল বেশ ভালো বলে জানান জ্যেষ্ঠ শিক্ষিকা শীলা দত্ত। তিনি বলেন, ‘চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিদ্যালয়ের একটি সেন্ট স্কলাসিটকা। এখানকার শিক্ষার মান উন্নত, যা ছাত্রীদের ভবিষ্যৎ গড়তে সহায়ক।’প্রধান শিক্ষিকা সিস্টার মেরী পালমা এ ব্যাপারে বলেন, ‘আমরা চেষ্টা করি যাতে ছাত্রীরা শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হয়ে বের হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়ম ও সময়ানুবর্তিতা ও মানবিক গুণাবলির প্রতি আমরা বেশ জোর দিই।’তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ে অবকাঠামো সুবিধা অনেক বেশি, এখানে জেনারেটর আছে, আছে পর্যাপ্ত কম্পিউটার, অনেক বড় খেলার মাঠ আছে যেটা ছাত্রীদের কলকাকলিতে মুখর থাকে।’জানা যায়, মেধাবী ও গরিব ছাত্রীদের অবৈতনিক শিক্ষা দেওয়ার জন্য সেন্ট স্কলাসিটকা বালিকা উচ্চবিদ্যালয় একটি বৈকালিক স্কুল পরিচালনা করে। ‘ডনবসকো অবৈতনিক বৈকালিক শাখা’ নামে এ বিদ্যালয়ের জন্য প্রতি বছর মূল বিদ্যালয় থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। একসময় ছাত্রী ছিলেন এখনকার শিক্ষক সোনিয়া ডি কস্টা, মার্গারেট মনিকা, রোজ সিসিলিয়া, অনুসূয়া চৌধুরী, মার্গারেট এডওয়ার্ড ও মিতালী কানুনগো।’ ১৯৮৭ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন মার্গারেট মনিকা। তিনি বলেন, ‘একসময় যে বিদ্যালয়ে পড়তাম, সেখানে পড়াতে এসে বুঝলাম আমার ওপর দায়িত্ব কতটুকু, আমাদের শিক্ষিকারা যেভাবে আদর ভালোবাসা দিয়ে শিখিয়েছেন আমাকেও তা দিতে হবে ছাত্রীদের।’ সোনিয়া ডি কস্টা বলেন, ‘আমাদের সময় অভিভাবকেরা শিক্ষকদের ওপর শ্রদ্ধাশীল ছিলেন, আস্থা রাখতেন, এখনকার অভিভাবকেরা তেমন না। তাদের কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাই না।’ নিয়মশৃঙ্খলা নিয়ে যে সুনাম আছে তা-ও এখনকার ছাত্রীরা মানতে চায় না বলে অভিযোগ শিক্ষিকাদের। এ ব্যাপারে কথা হলো বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ছাত্রী জানান, ‘নিয়মশৃঙ্খলা ঠিক আছে, কিন্তু এত বাড়াবাড়ি ভালো লাগে না। আমাদের শিক্ষিকারা বেশি বাড়াবাড়ি করেন।’ এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান বলল, ‘আগে বিদ্যালয়ে থাকতে ভাবতাম কখন বের হব, পরীক্ষা দেওয়ার পর আর এখানে আসতে হবে না, ভাবতেই খুব খারাপ লাগে।’ বিদ্যালয়ের অনেক সাবেক ছাত্রী দেশের ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বলে জানান প্রধান শিক্ষিকা। সাবেক ছাত্রী রেডিও ফূর্তির কথাবন্ধু (আরজে) তমা বলেন, ‘যখন কেউ আমাকে আমার বিদ্যালয়ের নাম জিজ্ঞেস করে এবং যখন বলি আমি স্কলাসিটকার ছাত্রী, তখন সবার দৃষ্টিভঙ্গি দেখেই বুঝতে পারি কত ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী আমি। তখন খুব গর্ব হয়। দেখা হলে শিক্ষিকারা এখনো খুব স্নেহ করেন।’