মারিনা আব্রামোভিচ নিয়ে এক সন্ধ্যা
সমসাময়িক কালের সবচেয়ে প্রভাববিস্তারকারী ইউরোপীয় শিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয় সার্ব বংশোদ্ভূত মার্কিন শিল্পী মারিয়া আব্রামোভিচকে। ক্যানভাস, রংতুলি বা ভাস্কর্য নয়, নিজের শিল্পভাবনাকে তুলে ধরতে মারিনা বেছে নিয়েছেন পারফরমেন্সকে।চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় এ শিল্পীকে চট্টগ্রামের শিল্পরসিকদের সামনে তুলে ধরল চারুকলা চর্চার সংগঠন যোগ অলটারনেটিভ আর্ট স্পেস। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে শিল্পীর জীবনের ওপর আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শিল্পীর শিল্পকর্ম ও জীবনের নানা দিক মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন ঢাকার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। এরপর দেখানো হয় শিল্পীর জীবনভিত্তিক চলচ্চিত্র দ্য আর্টিস্ট ইজ প্রেজেন্ট।সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ খানেক দর্শক। আলোচক রেজাউল করিম দক্ষতার সঙ্গেই পরিচয় করিয়ে দিলেন মারিনাকে। ১৯৪৬ সালের ৩০ নভেম্বর তৎকালীন যুগোস্লাভিয়ার সার্বিয়া প্রজাতন্ত্রের রাজধানী বেলগ্রেডে জন্ম তাঁর। কঠোর পারিবারিক অনুশাসনের মধ্যে বড় হওয়া মারিনা পরবর্তী জীবনে বারবারই নিয়ম ভাঙতে চেয়েছেন। হয়েছেন দেশান্তরি।ইউরোপের নানা দেশ ঘুরে মারিনা এখন থিতু হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১০ সালের ১৪ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত টানা আড়াই মাসব্যাপী নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে (মোমা) অনুষ্ঠিত হয় ‘দ্য আর্টিস্ট ইজ প্রেজেন্ট’ নামের তাঁর বিখ্যাত পারফরমেন্স প্রদর্শনী। এই সময় ৭৩৬ ঘণ্টা ৩০ মিনিট দর্শকদের দিকে নীরবে তাকিয়ে থেকেছেন তিনি। দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপনের এই কৌশল আলোড়ন তুলেছিল নিউইয়র্কজুড়ে।মারিনা আব্রামোভিচকে নিয়ে এই আয়োজন চট্টগ্রামের দর্শকদের শিল্পভাবনায় নতুন মাত্রা যোগ করবে, এমন আশাবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি টানলেন শিল্পী শায়লা শারমিন।