
স্কুল ছুটির আনন্দে খুদে শিক্ষার্থীরা তখন খুনসুটিতে ব্যস্ত। তাদের কাছে অপরিচিত একজন মানুষ আসতে দেখে আনন্দে একটু ছেদ পড়ল। তবে তাদের কথা থামল না। ক্লাসের নানা প্রসঙ্গ নিয়ে তারা ইংরেজিতে গড়গড় করে কথা বলতে থাকে। কী নিয়ে কথা বলছ তোমরা? §প্রশ্ন শুনে স্মিত হাসে সবাই। তৃতীয় বা চতুর্থ শ্রেণি পড়ুয়া এই শিক্ষার্থীরা মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশনের সহায়তায় পড়ছে।
১৪ নভেম্বর দুপুরে রাজধানীর আবদুল্লাহপুরের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে গিয়ে কথা হয় তাদের সঙ্গে। রত্না আক্তার, রবিন হোসেন, খাদিজা আক্তার, জাকিয়া সুলতানারা জানাল, তাদের বাবারা পেশায় কেউ নৈশপ্রহরী, কেউ মুদিদোকানি, কেউবা চালান রিকশা। তাদের অনেকেরই বাসা রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর বস্তি এলাকায়। চতুর্থ শ্রেণির রবিন হোসেন বলে, ‘মারিয়া “মম” আমাদের পড়ার সুযোগ করে দিয়েছে। চাল, ডাল, কাপড়—সবকিছুই সে দেয়।’ মারিয়া কনসেইসাওকে তোমরা চেনো? ‘মারিয়াকে আমরা “মম” অর্থাৎ মা বলে ডাকি। সে তো আমাদের খুব ভালোবাসে।’ ফরফর করে বলতে থাকে শারমিন। পাশে থেকে আরেকজন বলে, ‘মারিয়া এভারেস্টে উঠেছিল।’
তাদের সঙ্গে কথা বলার সময় আসে একাদশ শ্রেণির জহিরুল ইসলাম। তার স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। জহিরুল বলে, ‘ছোটবেলায় স্বপ্ন দেখতাম, পাইলট হব। কিন্তু সেটা শুধুই স্বপ্ন ছিল। এখন মনে হয়, আমি সত্যিই এমন কিছু একটা হতে পারব। আর সবই সম্ভব হয়েছে মারিয়ার জন্য।’

ঢাকায় মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক শফিকুর রহমান বলেন, ‘২০০৫ সালে আমাদের কার্যক্রম শুরু হয় ঢাকা প্রজেক্ট নামে। সে সময় কড়াইল বস্তি থেকে ৪৫টি দরিদ্র পরিবারকে সব ধরনের সুবিধা নিয়ে গাওয়াইর এলাকায় আনা হয়েছিল।’ এই পরিবারগুলোর নারীদের সেলাই মেশিন, বিউটি পারলার চালানো এবং স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়। পুরুষদের দেওয়া হয় ড্রাইভিংসহ বেশ কিছু প্রশিক্ষণ। রাজধানীর দক্ষিণখানের এই গাওয়াইর এলাকাতেই শুরু হয় তাঁদের স্কুল কার্যক্রম। শফিকুর রহমান জানালেন, ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক এনে সুবিধাবঞ্চিত এই ছেলেমেয়েদের পড়ানো হতো। সেই স্কুল কার্যক্রমের আওতায় শিশুদের জন্য ডে কেয়ার সুবিধা থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ। তবে অর্থের অভাবে এই কার্যক্রম কয়েক বছর পর সংকুচিত হয়ে আসে। ২০১৩ সালে যা একেবারে বন্ধ হয়ে যায়। তবে ঢাকা প্রজেক্ট বন্ধ হলে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় উত্তরার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এ বছর থেকে সব শিক্ষার্থী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজেই পড়ছে।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘২০১৪ সাল থেকে মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশনের শিক্ষার্থীরা আমাদের এখানে পড়ছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এখন শিক্ষার্থী সংখ্যা ১৩১। তারা অন্য সাধারণ শিক্ষার্থীদের মতোই প্রতিষ্ঠানের সব সুবিধা পায়।’ ক্যামব্রিয়ানে প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রতিবছর এক হাজার ডলার (প্রায় ৮০ হাজার টাকা) খরচ করতে হয়।
রাজধানীতে এত স্কুল থাকতে ব্যয়বহুল স্কুলে কেন পড়ানো হচ্ছে? শফিকুর রহমান বলেন, ‘আমরা সব সময় ওদের সবচেয়ে ভালো শিক্ষার সুযোগ দিয়েছি। ছোটবেলা থেকেই ইংরেজি মাধ্যমে পড়েছে এই বাচ্চারা। ইংরেজি মাধ্যম স্কুল থেকে অন্য স্কুলে ভর্তির সময় মারিয়া জেনেছেন, এই স্কুলটি ওদের জন্য ভালো, সে কারণেই ভর্তি করানো।’
হযরত আলী নামে একজন অভিভাবকের সঙ্গে কথা হয়। তাঁর দুই মেয়ে পড়ে ক্যামব্রিয়ানে। তিনি বলেন, ‘ওরা আমাদের দারুণ হেলেপ (হেল্প) করে।’ কী ধরনের সহায়তা? আলী জানালেন, শুরু থেকেই তিনি বিভিন্ন সহায়তা পেয়ে আসছেন। একসময় রিকশা কিনে দিয়েছিল মারিয়া কনসেইসাও। রিকশা চালিয়ে আয় কম হয় বলে এখন পেশায় নৈশপ্রহরীর চাকরি নিয়েছেন। তিনি আরও বলেন, ‘মেয়েদের স্কুলে পড়ানোর সামর্থ্য হতো কি না জানি না। তবে এত ভালো স্কুলে পড়ানোর ক্ষমতা আমাদের হতো না। মারিয়া আমাদের সে সুযোগ করে দিয়েছে।’
হযরত আলীর মতো সুবিধা পাওয়া সবাই জানালেন, একজন মারিয়ার জন্য তাঁদের জীবন পরিবর্তন হয়েছে। সচ্ছলতা এসেছে অনেকের সংসারে।