মার্কিন ড্রোনে অরক্ষিত বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ড্রোন
মার্কিন ড্রোন

বিশ্বজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান ড্রোন আলোচনায় এসেছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দূরনিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ড্রোনের মাধ্যমে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়।
এ ক্ষেত্রে তাদের লক্ষ্যবস্তু আল-কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ও তাদের সহযোগী জঙ্গিদের আস্তানা। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো হলেও এর প্রয়োগ নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলে আসছে। চলছে কঠোর সমালোচনা। কারণ, এসব ড্রোন হামলা সাধারণত ভিন দেশের ভেতর চালানো হয় এবং তা কোনো রকম অনুমতি ছাড়াই। কাজেই ড্রোন হামলার উদ্দেশ্য যা-ই হোক না কেন, এর প্রয়োগটা বিধিসম্মত নয়। বরং তা একটি দেশের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত। অথচ যুক্তরাষ্ট্র নীতিগতভাবে ভিন দেশে আগ্রাসন চালানোর ঘোরবিরোধী। বাস্তব ক্ষেত্রে তারা করে যাচ্ছে এই নীতিবিরোধী কাজ।
এর উজ্জ্বল প্রমাণ আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উপজাতীয় এলাকায় একের পর এক মার্কিন ড্রোন হামলা। আফগানিস্তানের মার্কিন ঘাঁটি থেকে দীর্ঘদিন ধরে এ হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাদের লক্ষ্যবস্তু উপজাতীয় এলাকায় নিরাপদ আস্তানায় বিচরণ করা তালেবান জঙ্গিরা। পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের আমল থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার প্রবল প্রতিবাদ জানিয়েও এই ড্রোন হামলা থামাতে পারেনি। বরং তা সময়ে সময়ে বেশ মাথাচাড়া দিয়ে ওঠে। এর সঙ্গে পাকিস্তানের আন্তবাহিনী গোয়েন্দা বিভাগের (আইএসআই) কিছু শীর্ষ কর্মকর্তার যোজসাজশ রয়েছে বলে সংবাদ মাধ্যমে বেশ কয়েকবার খবর প্রকাশিত হয়। তবে এ ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা অবশ্য বড় কথা নয়। মূল কথা হচ্ছে, ড্রোন হামলার কোনো আইনি সমর্থন নেই।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখন আন্তর্জাতিক বিশ্লেষক ও গবেষকেরা বলছেন, ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে একটি অবৈধ কাজ করছে। এর মাধ্যমে প্রকারান্তরে অরক্ষিত হয়ে উঠছে বিশ্ব।
সম্প্রতি মার্কিন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তারা সন্দেহভাজন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার বিষয়টিকে ‘বিপজ্জনক নজির’ বলে অভিহিত করেছেন। তাঁরা বলছেন, অন্যান্য দেশ, যারা মানববিহীন বিমান তৈরিতে সক্ষম বা সক্ষম হবে, তারা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনের এই কৌশলকে উদাহরণ হিসেবে অনুকরণ করতে পারে। আর এ অনুকরণ যদি ব্যাপকভাবে বিস্তৃত হয়, তাহলে গোটা বিশ্বই অরক্ষিত হয়ে পড়বে।
সাবেক মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে সন্ত্রাস দমনে ড্রোন একটি কার্যকরী আকাশযান। কিন্তু ড্রোন হামলার মধ্যে যে লুকোছাপার বিষয়টি রয়েছে, তা উন্মোচন করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
কর্মকর্তারা বলছেন, ড্রোন হামলার বিষয়ে কোনো রাখঢাক না রেখে বরং কঠোর নিয়মকানুন অনুসরণ করলে তা গ্রহণযোগ্য হতে পারে।
চিন্তনগোষ্ঠী স্টিমসন সেন্টারের একদল বিশেষজ্ঞ তাঁদের প্রতিবেদনে উল্লেখ করেন, ‘এসব মানববিহীন বিমানের ক্রমবর্ধমান ব্যবহারে একটি পিচ্ছিল ঢাল তৈরি হতে পারে, যা ব্যাপক যুদ্ধের জন্ম দেবে।’
এ তো গেল মার্কিন বিশেষজ্ঞদের কথা। বাকি দুনিয়ার চোখের সামনে যা ঘটছে, তা হলো যুক্তরাষ্ট্র জোর গলায় দাবি করে আসছে যে বিশ্বের যেকোনো দেশে আল-কায়েদা বা তাদের দোসরদের কর্মকাণ্ডের গোপন তথ্য পেলে, সেখানে যেকোনো সময় হামলা চালানোর অধিকার তাদের রয়েছে।
বাস্তবে ড্রোন হামলা বিষয়টিকে অনেক মার্কিন আইনপ্রণেতা নৈতিকভাবে সমর্থন করেন না। কারও কারও কাছে এটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। কিন্তু ড্রোন হামলার ক্ষেত্রে এমন পীড়নকর গোপনীয়তা রক্ষা করা হয়, এ হামলা দমনে কংগ্রেসে জোরালোভাবে কোনো দাবিও তুলতে পারছেন না আইনপ্রণেতারা।
ওবামা অবশ্য এর মধ্যে অঙ্গীকার করেছেন, ড্রোন হামলার বিষয়ে কঠোরভাবে মেনে চলা গোপনীয়তা অনেকটাই খোলতাই করবেন। গত মে মাসে বলেছেন, এমন কোনো অভিযান চালানো উচিত নয়, যাতে আরও শত্রু সৃষ্টি হয়। কিন্তু তাঁর কথা আটকে রয়েছে ওই কথার মধ্যেই। এখনো কাজে পরিণত হতে দেখা যায়নি। গত জুন ও এই জুলাই মাসে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত উপজাতীয় এলাকায়। এতে প্রাণহানির সংখ্যাও নেহাত কম নয়। এখানে লক্ষণীয় যে ড্রোন হামলা চলছে ঠিকই, কিন্তু জঙ্গি তৎপরতা কমছে না। বরং পাকিস্তানের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় তালেবানকে রীতিমতো ছাড় দিয়ে চলতে হচ্ছে সরকারকে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রশাসনের জন্য এখন সময় এসেছে ড্রোন হামলার বিষয়টির কৌশলগত পর্যালোচনা করা। এর সুবিধা-অসুবিধাও খুঁটিয়ে দেখা প্রয়োজন। কারণ, এতে অনেক বেসামরিক লোকের জানমালের ক্ষতিও হয়।
মানবাধিকার সংগঠনগুলো অনেক দিন ধরেই পাকিস্তান, ইয়েমেনসহ অন্যান্য দেশে বিতর্কিত ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে। এ হামলা বন্ধের জোরালো আহ্বান জানিয়ে তারা বলছে, যেহেতু ড্রোন হামলার কোনো বৈধ অনুমতি যুক্তরাষ্ট্রে নেই এবং এ ব্যাপারে কোনো জবাবদিহির বিষয়ও নেই, কাজেই এ হামলা খোদ যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ভঙ্গ করে আসছে।
শরিফুল ইসলাম ভূঁইয়া