মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর খবরের ধরন (বাংলাদেশি স্টাইল)
বেসরকারি টিভি চ্যানেলের খবর
বিশৃঙ্খল নির্বাচনে ট্রাম্প প্রেসিডেন্ট
অনেক আশঙ্কা, ভীতি আর অনিশ্চয়তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে প্রমাণিত হলো বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা। ফাঁকা মাঠে গোল দিয়ে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘টাকায় বাঘের দুধও মেলে’—প্রবাদটিই যেন সত্যি হলো শেষমেশ। বিজয় নিশ্চিত হওয়ার পরপরই ট্রাম্প তাঁর ভক্তদের উদ্দেশে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান। তখন ট্রাম্পের দুই হাতের আঙুলে ভোটের ‘কালো দাগ’ দেখা যায়।
গতকাল ৮ নভেম্বর বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ম্যানহাটনে রিপাবলিকানরা দুহাত দিয়ে একই সময়ে দুটো ব্যালট পেপারে ভোট দিচ্ছে। একই দৃশ্য দেখা যায় বাকি অঙ্গরাজ্যগুলোর ভোটকেন্দ্রে। নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আবহাওয়া অনুকূলে না থাকায় ভোটারের উপস্থিতি কম ছিল। তাই যারা কষ্ট করে ভোট দিতে এসেছিল তাদের একটা ভোট ফ্রি দিতে বলা হয়েছিল।’
এ ছাড়া কোনো কেন্দ্রেই ডেমোক্রেটিক পার্টির পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফ্লোরিডার এক কেন্দ্রে সকাল আটটার মধ্যেই সব ভোট গণনা শেষ করার কথাও শোনা গেছে। এদিকে ১২টা বাজার পর নির্বাচন বয়কট করেন ডেমোক্র্যাটরা। সংবাদ সম্মেলনে হিলারি জানান, এই হিপোক্রেটদের নির্বাচনে ডেমোক্র্যাটরা আর নেই। তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনার সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও অযোগ্য। ট্রাম্প টাকা দিয়ে এফবিআই আর নির্বাচন কমিশন যখন কিনে ফেলে, নির্বাচনের আর কী দরকার? এই সাজানো নির্বাচন আমরা বয়কট করলাম। কাল থেকে দেশে অনির্দিষ্টকালের জন্য হরতাল ও অবরোধ চলবে। এই ট্রাম্পকে উৎখাত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’ তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
বিটিভির খবর
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত, হোয়াইট হাউস এখন ট্রাম্পের
সব শঙ্কা-ভীতি দূর করে গতকাল ৮ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন। দেশের কোনো ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশের ইতিহাসে এ রকম শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নির্বাচনকে বিরল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর এরই মধ্য দিয়ে ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল জনগণ। বিজয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প বলেন, ‘আবেগে কাইন্দালাইছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, বিশ্বাসই করতে পারছি না। আমি এর প্রতিদান লাভসহই দেব।’
এদিকে হোয়াইট হাউসের পরবর্তী ফার্স্ট লেডি কে হচ্ছেন, তা নিয়ে বিশ্লেষকেরা একাধিক মতামত দিয়েছেন। অনেকেই মত দিয়েছেন, এবার হোয়াইট হাউসে একাধিক লেডিকেও দেখা যেতে পারে। ফার্স্ট লেডি, সেকেন্ড লেডি, থার্ড লেডি...। অন্যদিকে পরাজয় না মেনে নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে ডেমোক্র্যাটরা। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আবার সুযোগ পেলে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’