মার্কিন বিয়ারে গান্ধীর ছবি নিয়ে তোলপাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গান্ধী-বট নামের এ বিয়ারের কৌটায় ছাপা ছবিতে দেখা যায়, রোবটরূপে হাজির গান্ধী ডান হাত পেটের ওপর রেখে বাম হাতের করতল দেখিয়ে ভক্তদের আশ্বস্ত করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।’
‘গান্ধী-বট নামের এ বিয়ারের কৌটায় ছাপা ছবিতে দেখা যায়, রোবটরূপে হাজির গান্ধী ডান হাত পেটের ওপর রেখে বাম হাতের করতল দেখিয়ে ভক্তদের আশ্বস্ত করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।’

মহাত্মা গান্ধীর নামে বিয়ার বাজারজাত করে তুমুল সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের একটা পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ভারতের হায়দরাবাদে এ বিষয়ে মানহানির একটা মামলাও হয়েছে। সমালোচনার মুখে এ জন্য ক্ষমা চেয়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘কাউকে আহত করতে নয়, বরং প্রবলভাবে সম্মান করি এমন এক মানুষকে শ্রদ্ধা জানাতেই বিশেষ বিয়ারটি বাজারে ছাড়া হয়েছিল।’ দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও অহিংস মতবাদের অন্যতম প্রবক্তা মোহন দাস করমচাঁদ গান্ধীর নামে ‘গান্ধী-বট’ নাম দিয়ে বিয়ারটি বাজারে ছাড়ে কানেকটিকাটের নিউ ইংল্যান্ড ব্রিউয়িং কোম্পানি। বিয়ারের কৌটায় গান্ধীর একটা ছবিও ছাপা হয়। ছবিতে দেখা যায়, রোবটরূপে হাজির গান্ধী ডান হাত পেটের ওপর রেখে বাম হাতের করতল দেখিয়ে ভক্তদের আশ্বস্ত করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

নিউ ইংল্যান্ড ব্রিউয়িং কোম্পানি শনিবার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘আমাদের গান্ধী-বট লেবেলে আহত হয়েছেন এমন সব ভারতীয়ের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। কাউকে আহত করতে নয়, বরং প্রবলভাবে সম্মান করি এমন এক মানুষকে শ্রদ্ধা জানাতে এবং উদযাপন করাই ছিল আমাদের উদ্দেশ্য।’

দুনিয়াজুড়ে অহিংস মতবাদের জন্য খ্যাত ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা গান্ধীর এমন উপস্থাপনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ভারতের অনেক সমালোচক। হার্টফোর্ডের ভারতীয় বংশোদ্ভূত আইজীবী প্রলয় কে দাস টুইটারে লিখেছেন, ‘নিউ ইংল্যান্ড ব্রিউয়ারির বাড়ি হওয়ায় কানেকটিকাট রাজ্যের লজ্জিত হওয়া উচিত।’

অ্যাসোসিয়েটেড প্রেসকে এই আইনজীবী বলেন, বিষয়টা শুধু গান্ধীর নাম ব্যবহার করা নিয়ে নয়, ছবিতে তাঁকে যেভাবে রোবটরূপে হাজির করা হয়েছে, সেটাও গুরুতর। তিনি বলেন, ‘কোনোভাবেই এমন উপস্থাপনের সুযোগ থাকতে পারে না।’

ভারতের একটা সংবাদপত্র জানিয়েছে, হায়দরাবাদে এক আইনজীবী বিয়ারের বোতলে গান্ধীর ছবি ব্যবহারের ঘটনাকে ‘ভারতীয় আইনের লঙ্ঘন এবং ভারতীয় জাতির প্রতি অপমানজনক’ বলে উল্লেখ করে স্থানীয় আদালতে একটা মামলা করেছেন।

যুক্তরাষ্ট্রের গ্লাস্টনবারির রিপাবলিকান নেতা এবং প্রতিনিধি পরিষদ সদস্য প্রসাদ শ্রীনিবাসন বলেছেন, এই ঘটনায় তিনি ভয়ানক মর্মাহত হয়েছেন। শ্রীনিবাসন বলেন, ‘শান্তির পথপ্রদর্শকের ছবি একটা বিয়ারের কৌটায় সেঁটে দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর চিন্তা কারও মাথায় কীভাবে আসে!’

মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘গান্ধী অ্যালকোহল পান পছন্দ করতেন না এবং এর বিরুদ্ধে কথাও বলেছেন তিনি।’ এদিকে গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী বলেছেন, বিয়ারের কৌটায় গান্ধীর ছবি ব্যবহার ‘নির্বুদ্ধিতা এবং বালখিল্যতা’।