মার্কিন শিশুদের হাতে হাতে মারণাস্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইজিয়ানার আট বছর বয়সী অ্যাবি। আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেনের ‘আমার ছোট্ট রাইফেল’ সিরিজের কাজ।
লুইজিয়ানার আট বছর বয়সী অ্যাবি। আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেনের ‘আমার ছোট্ট রাইফেল’ সিরিজের কাজ।

পাঁচ বছরের শিশুর ছোড়া রাইফেলের গুলিতে মারা গেল দুই বছরের এক শিশু। ছোট্ট রাইফেলটি বিশেষভাবে শিশুদের জন্যই বানানো! মর্মান্তিক এ ঘটনা আরও অসহনীয় হয়ে ওঠে যখন জানা যায় নিহত মেয়েটি দুর্ঘটনাবশত গুলি ছোড়া ছেলেটির আপন ছোট বোন। গত বছরের মে মাসে কেন্টাকি রাজ্যের কামবারল্যান্ডে সংঘটিত এই দুঃখজনক ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন এবং সামাজিক বাস্তবতার বিষয়ে অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছিল। নেদারল্যান্ডসের এক আলোকচিত্রীর অনুসন্ধান আর ছবি নিয়ে দ্য গার্ডিয়ান মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, কীভাবে মার্কিন মুলকে দুধ-দাঁতের অবোধ শিশুদের হাতে ভয়ংকর সব মারণাস্ত্র উঠে এসেছে।
পাঁচ বছরের ছেলেটি বন্দুক নিয়ে খেলার সময় ওই দুর্ঘটনাটি ঘটিয়েছিল। ‘কিস্টোন স্পোর্টিং আর্মস’ নামে পেনসিলভানিয়ার একটি কোম্পানির বানানো ওই রাইফেল। কোম্পানিটি ২০০৮ সালে শিশুদের জন্য এমন ৮০ হাজার রাইফেল বানায়। কোম্পানির ওয়েবসাইটের ‘কিডস কর্নার’-এ ‘ক্রিকেট’ এবং ‘শিপমাঙ্ক’ নামে দুটো মডেলে এই রাইফেলের বিজ্ঞাপনও ছিল। তবে কেন্টাকি ট্র্যাজেডির পর বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয়েছিল শিকার-ভ্রমণে গিয়ে শিশুরা এই রাইফেল দিয়ে গুলি ছুুড়ছে এবং রাইফেলচর্চা কেন্দ্রে শিশুরা এসব বন্দুক দিয়ে টারগেট প্র্যাকটিস করছে। বন্দুকগুলো দেখতে খেলনার মতো হলেও এগুলো মারণাস্ত্র। উজ্জ্বল নীল, গোলাপি ও রংধনুর রঙে খেলনার মতো করেই এগুলো বিক্রি করা হয়। আর প্যাকেটে লেখা থাকে ‘আমার প্রথম রাইফেল’।

বেনজামিন, বয়স সাত, লুইজিয়ানা। আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেনের ‘আমার ছোট্ট রাইফেল’ সিরিজের কাজ।
বেনজামিন, বয়স সাত, লুইজিয়ানা। আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেনের ‘আমার ছোট্ট রাইফেল’ সিরিজের কাজ।


নেদারল্যান্ডসের একটি পত্রিকায় কেন্টাকি ট্র্যাজেডির খবরটি পড়েন আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেন। খবরটি পড়েই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গিয়ে সরেজমিন প্রতিবেদনের পরিকল্পনা করতে শুরু করেন তিনি। কেস্টেলেন বলেন, ‘আমি সশরীরে গিয়ে ওই পরিবারগুলোর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম—যাঁরা উপহার হিসেবে শিশুদের ওই বন্দুকগুলো কিনে দিয়েছেন।’ ওহাইওর একটি রাইফেলচর্চা কেন্দ্র ঘুরে ভ্রমণ শুরু করেন কেস্টেলেন। একে একে কেন্টাকি, টেনেসি, অ্যালাবামা, টেক্সাস ও লুইজিয়ানা রাজ্যে যান এবং বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এই আলোকচিত্রী বলেন, ‘আমেরিকায় অনেক শিশুর হাতেই আমি এমন বন্দুক দেখেছি এবং ছবি তুলেছি। কিন্তু আমার মনে হয়েছে, অভিভাবকেরা বন্দুক হাতে শিশুদের ছবি তোলাটা পছন্দ করেননি।’
‘আমার ছোট্ট রাইফেল’ শিরোনামে আন-সোফি কেস্টেলেনের ওই আলোকচিত্র সিরিজে ১৫টি পোর্ট্রেট আছে। ছবিগুলো খুবই বিব্রতকর এবং খুবই শক্তিশালী। এসব ছবিতে যুক্তরাষ্ট্রে বিপুল পরিসরে বিস্তৃত বন্দুক-সংস্কৃতির একটা চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছবিগুলো প্রকাশের পরপরই গত বছর তা ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’র সম্মানজনক ‘জুপ সোয়ার্ট মাস্টার ক্লাস’-এ স্থান পায়।
এই আলোকচিত্রমালার কাজ করার অভিজ্ঞতা জানিয়ে দ্য গার্ডিয়ানকে কেস্টেলেন বলেন, ‘আমার মনে হয়েছে, প্রাপ্তবয়স্করা নানা ভয়ভীতিতে আক্রান্ত, সন্ত্রস্ত। বন্দুকের সঙ্গে সঙ্গে ওই সব ভীতি-ত্রাসও শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। শিশুদের মধ্যে দৈত্য-দানব-বন্যপ্রাণীর মতো কিছু শিশুতোষ-ভীতি থাকে। কিন্তু শিশুরা তো ওসব ভীতি নিয়ে জন্মায় না, এগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়।’
শোয়ার ঘরে, পুতুল-ঘরে এবং অন্যান্য খেলনা-টেলনার সঙ্গে শিশুদের ছবি তুলেছেন কেস্টেলেন। অনেক শিশু সহজভাবেই রাইফেল হাতে ছবি তুলতে দাঁড়িয়েছে। কিন্তু কোনো কোনো শিশু বন্দুক হাতে প্রাপ্তবয়স্কদের মতো কঠিন-ভঙ্গিতে নিজেকে শক্তিমান দেখাতে চেয়েছে। ছবি তোলার পাশাপাশি শিশুদের সঙ্গে গল্পে গল্পে ওদের মনের কথা জানার চেষ্টা করেছেন

হ্যালি, বয়স ছয়, লুইজিয়ানা। আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেনের ‘আমার ছোট্ট রাইফেল’ সিরিজের কাজ।
হ্যালি, বয়স ছয়, লুইজিয়ানা। আলোকচিত্রী আন-সোফি কেস্টেলেনের ‘আমার ছোট্ট রাইফেল’ সিরিজের কাজ।

আলোকচিত্রী। সাত বছরের বেনজামিন তাঁকে বলেছেন, ‘আমার সবচেয়ে বেশি ভয় ভালুককে। কেননা একবার ওদের এলাকায় ঢুকে পড়লে ও তোমাকে অনেকক্ষণ ধরে তাড়া করবে।’ আট বছরের অ্যাবি বলেছে, ‘আমার ভয় লাগে একটা ডাইনোসরের সঙ্গে দেখা হয়ে যাওয়ার।’
মার্কিন যুক্তরাষ্ট্রের এই বন্দুকওয়ালা শিশুদের কাহিনি জানতে গিয়ে আলোকচিত্রী কেস্টেলেন দেখেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই সাধারণ পরিবারগুলোই ছেলেমেয়েদের এসব ঘাতক-বন্দুক কিনে দিয়েছে। শিশুদের অভিভাবকদের মনোভাব সম্পর্কে তিনি বলেন, ‘বড়রা সব সময়ই নিরাপত্তার কথা বলেন। তাঁরা মনে করেন, বন্দুকওয়ালা কোনো খারাপ মানুষের হামলা থেকে আত্মরক্ষার জন্যই নিজের হাতে একটা বন্দুক দরকার।’
এই সফরের কিছু স্মৃতি, কিছু শিশুর মুখ কেস্টেলেনের মাথায় গেথে আছে। একটা রাইফেলচর্চা কেন্দ্রে গুলি ছোড়া শেখার ক্লাস শেষে একটা ছোট্ট মেয়ের খুবই ক্লান্ত আর খুবই মন-খারাপ করা মুখ কিছুতেই ভুলতে পারেননি কেস্টেলেন। আরেকবার এমন একটা রাইফেল শেখার ক্লাসেই হতে দেখেছেন একটা মেয়ের আট বছর পূর্ণ করার জন্মদিনের পার্টি। মেয়েটির গোলাপি রঙের নতুন রাইফেলটা নিয়ে গুলি ছুড়েও দেখেছেন এই আলোকচিত্রী। তিনি বলেন, ‘এগুলো খেলনার মতোই মনে হয় আর এর গুলিটাও অনেক ছোট, কিন্তু এই গুলিতে একটা শিশু মরে যেতে পারে।’