মার্কিনিদের অস্ত্রপ্রীতির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যারিজোনায় সাম্প্রতিক গুলিবর্ষণে হতাহতের ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন গণমাধ্যমে সমানে চলছে ওই ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণ। বিশ্লেষকেরা হুমড়ি খেয়ে পড়েছেন ঘটনার কারণ খুঁজতে।যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির হাল-অবস্থা নিয়ে হা-হুতাশ করছেন তাঁরা। প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর কড়া সমালোচক (এবং ‘গান লবি’র বন্ধু) সারাহ পেলিনের জন্য এ ঘটনা একটি ক্রান্তিকাল কি না, তা নিয়েও আলোচনা করেছেন। খুনির কথিত মানসিক অসুস্থতা নিয়েও চায়ের কাপে ঝড় উঠেছে বিস্তর। কিন্তু একটি বিষয়ে টুঁ শব্দটি করেননি তাঁদের কেউ—তা হলো অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রে প্রথাগতভাবে অতি উদার অস্ত্র আইনের সংস্কার নিয়ে কথা বলা দৃশ্যত সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে।১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে এক বন্দুকধারীর হত্যাযজ্ঞের পর বেশ রক্ষণশীল হলেও দেশটির কেন্দ্রীয় সরকার অস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করে। কিন্তু যুক্তরাষ্ট্রে অহরহই বন্দুক নিয়ে উন্মত্ততার ঘটনা ঘটলেও এখনো এ বিষয়ে সোচ্চার কোনো দাবি ওঠেনি। এ পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে যে একমাত্র নিয়ন্ত্রণমূলক উদ্যোগটি নেওয়া হয়েছে, সেটি হলো অনেক বুলেট ধরে এমন ম্যাগাজিন বিক্রির ওপর নিষেধাজ্ঞার আহ্বান। অ্যারিজোনায় জেরেড লাফনার গভর্নরের ওপর হামলার সময় ও রকম উচ্চক্ষমতাসম্পন্ন একটি আগ্নেয়াস্ত্রই ব্যবহার করেছিলেন লাফনার। আধা স্বয়ংক্রিয় বন্দুকটি দিয়ে রিলোড না করেই টানা ৩১টি গুলি করেছিলেন তিনি। কর্তৃপক্ষের ভাষ্যমতে, লাফনার অস্ত্রটি বৈধভাবেই কিনেছিলেন।বড় ম্যাগাজিন কেনা বন্ধ করার মতো আইনি সংস্কারের দুটি সম্ভাব্য বিল রিপাবলিকান দল-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।অনেক মার্কিনিই বিশ্বাস করে, ওই ঘটনার সময় উপস্থিত সবার হাতে অস্ত্র থাকলে তাঁরা অধিকতর নিরাপদ থাকতেন। কংগ্রেসের দুজন সদস্য তো বলেই ফেলেছেন, তাঁরা এখন থেকে সব সময় সঙ্গে অস্ত্র রাখা শুরু করবেন। ‘অ্যারিজোনা সিটিজেনস ডিফেন্স লিগ’ কংগ্রেস সদস্য ও তাঁদের কর্মচারীদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানিয়েছে।যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রতিক্রিয়া দেখে অন্যান্য উন্নত দেশে লোকজনের মনে প্রশ্ন দেখা দিয়েছে, মার্কিন দেশে অস্ত্রের ব্যাপারটা আসলে কী রকম।মার্কিনিদের অস্ত্রপ্রীতি নতুন কিছু নয়। বলা যায়, অস্ত্রের সঙ্গে তাদের সখ্য জড়িত এ দেশের জন্মের ইতিহাসের সঙ্গে। গোড়ার দিকে প্রতিষ্ঠিত সেনাবাহিনীর অনুপস্থিতিতে বিশাল দেশটির প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা একেকটি জনপদের মানুষ নিরাপত্তার জন্য ব্যক্তিগত অস্ত্রের ওপরই ভরসা করেছে।নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সল কর্নেল বলেন, ফরাসি, স্পেনীয় ও ইন্ডিয়ানদের (আমেরিকার আদিবাসী) বৈরিতার মুখে যুক্তরাষ্ট্রে প্রথম থেকেই যে সমাজব্যবস্থা গড়ে ওঠে, তা ছিল অস্ত্রনির্ভর। সমাজে এক ধরনের আধা সামরিক বাহিনী ছিল, যাকে অভ্যন্তরীণ ও বহিঃসুরক্ষা বাহিনীর প্রাথমিক রূপ বলা যায়।আমহার্স্ট কলেজে মার্কিন সংস্কৃতির শিক্ষক জ্যান ডিজার্ড বলেন, মার্কিন ভূখণ্ডের ‘বুনো পশ্চিম’ জয় করার লড়াই আর সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনকে হটানোর সঙ্গে যুক্ত সব স্মৃতিকেই শ্রদ্ধার চোখে দেখা মার্কিনিদের পুরোনো অভ্যাস। ব্যক্তিগত অস্ত্রের মালিকানা ওই সব স্মৃতিরই একটি।জন হপকিন্স সেন্টার ফর গান পলিসি অ্যান্ড রিসার্চের পরিচালক ড্যানিয়েল ওয়েবস্টার বলেন, মার্কিন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদই ব্যাখ্যা করে টুসন ট্র্যাজেডি কিংবা ভার্জিনিয়া টেক হত্যাকাণ্ডের মতো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে কেন আইন সংস্কারের দাবি ওঠেনি।ওয়েবস্টার বলেন, ‘মার্কিন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তির আচরণের ওপর প্রভাব ফেলার জন্য আইন বা বিধিবিধান নিয়ে চিন্তাভাবনার বদলে আমাদের প্রবণতা হচ্ছে ব্যক্তিকেই দায়িত্ব দিয়ে দেওয়া ও তার নিজস্ব আচরণের ওপর গুরুত্ব আরোপ করা।’ওয়েবস্টার বলেন, বন্দুকের প্রচলন কেন এত বেশি কিংবা মানসিকভাবে অস্থিতিশীল লোকজন কেন এত সহজে বন্দুক পাওয়ার সুযোগ পায়—এ ব্যাপারে প্রশ্ন না তোলা খুবই সাধারণ বিষয়। ওয়েবস্টার বলেন, লোকে বরং প্রশ্ন করে ওই নির্দিষ্ট বন্দুকধারীর সমস্যা কী ছিল, কিংবা তাঁর কোনো তিক্ত অতীত বা কোনো মানসিক সমস্যা ছিল কি না।ওয়েবস্টার বলেন, ‘আমরা সাধারণত ঘটনার জন্য দোষী ব্যক্তিকে শাস্তি দিই এবং ব্যক্তিকে আত্মরক্ষায় সক্ষম করে তুলতে চেষ্টা করি। কিন্তু আমাদের গোটা সমাজ ও দেশকে আরও নিরাপদ করার জন্য সমষ্টিগতভাবে কাজ করার ব্যাপারে আমরা অনিচ্ছুক।’এর পরও যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে বন্দুকের মালিক হওয়ার সুযোগ কিছুটা সীমিত করার চেষ্টা চলছে। তবে সেই প্রচেষ্টাগুলোর বেশির ভাগই ছিল নগণ্য।নলকাটা শটগান ব্যবহারের রাশ টেনে ধরতে ১৯৩০ এর দশকে ন্যাশনাল ফায়ার আর্মস অ্যাক্ট প্রণয়ন করা হয়।প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পর ডাকযোগে বন্দুক কেনাবেচা নিষিদ্ধ করা হয়। কেনেডির হত্যাকারী লি হার্ভি অসওয়াল্ড ডাকযোগে অস্ত্র কিনেছিলেন।১৯৯৩ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন ব্র্যাডি বিলে স্বাক্ষর করেন। এই আইন অনুযায়ী ডিলারের কাছ থেকে অস্ত্র কেনার সময় তাৎক্ষণিকভাবে ক্রেতার অতীত রেকর্ড পরীক্ষা করার বিধান রাখা হয়েছিল।বিভিন্ন জরিপে ইঙ্গিত মিলছে, বেশির ভাগ মার্কিন নাগরিকই এসব পদক্ষেপের অনেকটিই সমর্থন করছে। তবে তারা অস্ত্রের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে।২০০৭ সালে দ্য ন্যাশনাল ওপিনিয়ন রিসার্চ সেন্টার পরিচালিত জরিপে দেখা যায়, ৮২ শতাংশ মানুষ অ্যাসল্ট অস্ত্রের ওপর নিষেধাজ্ঞার পক্ষে। অন্যদিকে সিএনএনের এক জরিপে দেখা যায়, স্থানীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র নিবন্ধন করার পক্ষে ৭৯ শতাংশ মানুষ।