মার্কেটিং বোঝেন না বলে ব্যবসায় মার খেয়ে যাচ্ছেন? আসুন, সহজ করে মার্কেটিংয়ের কলাকৌশল বুঝে নেওয়া যাক।
* একটা অনুষ্ঠানের ফাঁকে আড়চোখে এক অপরিচিত সুন্দরীকে দেখছিল জামাল। একসময় দৃপ্ত পায়ে হেঁটে গিয়ে সে বলল, ‘হ্যালো! আমি যথেষ্ট ধনী। আমাকে বিয়ে করবেন? ’
একে বলে সরাসরি মার্কেটিং।
* জামালের বদলে তার এক বন্ধু এগিয়ে গেল। মেয়েটিকে বলল, ‘ওই যে হ্যান্ডসাম ছেলেটা দাঁড়িয়ে আছে দেখছেন, আমার বন্ধু জামাল। বেশ ধনী। আপনি ওকে বিয়ে করলে দুজনকে কিন্তু ভালো মানাবে।’
এটি হলো বিজ্ঞাপনের মাধ্যমে মার্কেটিং।
* প্রথম দেখায় কথা তেমন হলো না। শুধু ফোন নম্বরটা জেনে নেওয়া...এরপর রাতে ফোন করে জামাল মেয়েটিকে বলল, ‘হ্যালো। আমার কিন্তু যথেষ্ট টাকাপয়সা আছে। আমাকে বিয়ে করবেন?’
একে বলে টেলিমার্কেটিং।
* জামাল মেয়েটির দিকে এগিয়ে গেল। মিষ্টি হেসে কথা বলতে শুরু করল। খাবারের সময় গ্লাসটা, প্লেটটা এগিয়ে দিল। বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় নেমে ট্যাক্সি ঠিক করে দিল। মেয়েটিকে ট্যাক্সিতে বসে ট্যাক্সির দরজা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে জামাল বলল, ‘ভালো কথা। আমি একজন ধনী লোক। আমাকে বিয়ে করবেন?’
একে বলে পাবলিক রিলেশন বা জনসংযোগ।
* মেয়েটা নিজেই জামালের দিকে এগিয়ে গেল এবং বলল, ‘হাই! শুনেছি আপনি যথেষ্ট ধনী। আমাকে বিয়ে করবেন?’
একে বলে ‘ব্র্যান্ড’ পরিচিতি।
* জামাল বলল, ‘আমি খুব ধনী। আমাকে বিয়ে করবেন?’ মেয়েটি কোনো কথা না বলে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিল।
একে বলে কাস্টমারের ফিডব্যাক বা গ্রাহকের প্রতিক্রিয়া।
* জামাল মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি তার পাশের ভদ্রলোকের হাত ধরে হাসিমুখে বলল, ‘পরিচিত হোন। আমার স্বামী।’
একে বলে চাহিদা এবং জোগানের দূরত্ব।
* জামাল মেয়েটির দিকে এগিয়ে যেতে না যেতেই পাশ থেকে আরেকজন এসে মেয়েটিকে বলল, ‘হ্যালো, আমি যথেষ্ট ধনী, আমাকে বিয়ে করবেন?’
একে বলে প্রতিযোগিতা, যা আপনার মার্কেট শেয়ার কমিয়ে দিতে পারে।
* জামাল মেয়েটিকে গদগদ ভঙ্গিতে বলল, ‘আমি খুব ধনী। আমাকে বিয়ে করবেন?’ ঠিক এই সময় জামালের পাশে এসে দাঁড়াল তার স্ত্রী।
একে বলে নিজের মার্কেট ছেড়ে নতুন মার্কেটে প্রবেশের সীমাবদ্ধতা।
সূত্র: বোরড্ পান্ডা ডটকম, যুক্তরাষ্ট্র