একটা বয়সের পাঠকের নিশ্চয়ই মনে আছে ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সেই হাজার জোড়া জুতার কথা! ১৯৮৬ সালে গণবিক্ষোভে স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের পতনের পর সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল তাঁর স্ত্রী ইমেলদার জুতার সেই বিশাল সংগ্রহের ছবি। পতিত ওই ফিলিপিনো শাসকের বিলাসব্যসনে ভরা জীবনের প্রতীক হয়ে উঠেছিল ওই জুতার সম্ভার।২০ বছরের শাসনামলে সম্পদের পাহাড় গড়েছিলেন মার্কোস দম্পতি। বিশ্বখ্যাত শিল্পীর চিত্রকর্ম থেকে হীরা-জহরত হেন বস্তু নেই, যা তাঁদের সম্পদের তালিকায় ছিল না! প্রায় হাজার কোটি ডলার দামের সেই সম্পদের শেষ পর্যন্ত কী হয়েছিল—তা জানতে চান নিশ্চয়ই? ওই সম্পদ উদ্ধারে একটি বিশেষ কমিশন গঠন করেছিলেন প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনো। কিন্তু গত ২৫ বছরে মাত্র ৪০০ কোটি ডলারের সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।অনেক নামকরা চিত্রকরের শিল্পকর্ম সংগ্রহ করেছিলেন মার্কোস দম্পতি। ভ্যান গঘ, সেজান, রেমব্র্যান্ট, রাফায়েল ও মাইকেল অ্যাঞ্জেলোর মতো খ্যাতনামা চিত্রকরের সৃষ্টি ছিল তাঁদের সংগ্রহে। দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাসাদোপম বাড়ি ছিল। খাবার টেবিলে থাকত রুপার থালা। সোনার হার, হীরার মুকুটজাতীয় গয়নাগাটির লেখাজোকা ছিল না। মোদ্দা কথা, ওই সময়কার বিশ্বের অনেক সেরা জিনিস সংগ্রহ করেছিলেন মার্কোস দম্পতি।অবৈধভাবে মনের চিত্রকর্ম বিক্রির অভিযোগে গত বছর ইমেলদা মার্কোসের সাবেক সহকারী ভিলমা বাউতিস্তা নিউইয়র্কের একটি মামলায় জড়িয়ে পড়েন। তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মার্কোস দম্পতির সম্পদের বিষয়টি আবারও সামনে উঠে আসে। বাউতিস্তার কাছে আরও তিনটি বিখ্যাত চিত্রকর্ম থাকার বিষয়টিও প্রকাশ পায়। সম্পদ উদ্ধারে গঠিত কমিশন পরে নিশ্চিত করে মার্কোস দম্পতির মালিকানায় থাকা যে ১৪৬টি চিত্রকর্মের তালিকা তাঁরা তৈরি করেছিলেন, বাউতিস্তার ওই চারটি সেই তালিকায় ছিল। এত দিন তাঁরা এগুলোর সন্ধান পাননি।মার্কোস দম্পতি যুক্তরাষ্ট্রের হাওয়াইতে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদে ইমেলদার হাজার জোড়া জুতা পাওয়া যায়। সেই জুতার কিছু ম্যানিলার উত্তরে জুতা উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত মারিকিনার একটি বিশেষ জাদুঘরে রাখা হয়েছে। বাকি জুতা রাখা হয় জাতীয় জাদুঘরে। সেখানে ইমেলদা মার্কোসের কিছু পোশাকও রাখা আছে। জাদুঘরে রাখা এসব সংগ্রহের বেশির ভাগই উইপোকায় খেয়ে ফেলেছে বলে খবর বের হয় গত সেপ্টেম্বরে। এ নিয়ে বেশ হইচই হয়েছিল তখন।ফিলিপাইন সরকারের গঠিত কমিশন মার্কোস দম্পতির নিউইয়র্কে থাকা সম্পদ বিক্রি করেছে। বিক্রি করেছে কোটি কোটি ডলার মূল্যমানের শেয়ার। সুইস ব্যাংকে রাখা ৬০০ মিলিয়ন ডলারও জব্দ করেছে কমিশন। সুইস কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার করা হয়েছে চুনি ও হীরার মুকুট। এর দাম ৮০ লাখ ডলারেরও বেশি।এর পরও কমিশনের প্রধান স্বীকার করেছেন, এখনো অনেক সম্পদের সন্ধান পাওয়া যায়নি। বিশেষ করে, অনেক চিত্রকর্মের হদিস মিলছে না। দাউদ ইসলাম, সূত্র: বিবিসি