মার্চে নির্বাচনের সম্ভাবনা, চলছে লড়াইয়ের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন-তারিখ ঘোষণা না হলেও বোয়ালখালী পৌরসভার সম্ভাব্য নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন সরকার ও বিরোধী দলের সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা। ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় অনুসারীদের সঙ্গে এ বিষয়ে ঘরোয়াভাবে মতবিনিময় করছেন তাঁরা। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যেও কানাঘুষা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর বোয়ালখালীকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। সে হিসেবে আগামী বছর ৪ এপ্রিলের মধ্যে পৌর নির্বাচন হওয়ার কথা। আর তাই মার্চ মাসকে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে নিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কেউ কেউ দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও স্বতন্ত্র হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন উভয় দলের একাধিক স্থানীয় নেতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দিলশাদ বেগম জানান, পৌরসভা ঘোষণার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। বর্তমানে নয়টি ওয়ার্ডের সীমানা নির্ধারণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল আলম বলেন, ‘সীমানা নির্ধারণসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ভোটার তালিকা পুনর্বিন্যাস হবে। এরপর নির্বাচনের তারিখ ঠিক করা হবে।’ দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন (কধুরখিল), আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (পশ্চিম গোমদণ্ডী) এবং স্বতন্ত্র হিসেবে মো. ইদ্রিচ আলম (পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের ভাই) এবং পূর্ব গোমদণ্ডীর সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুনীল চন্দ্র ঘোষ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির একাংশের সহসভাপতি (মোর্শেদ খান সমর্থক) আবুল কালাম ও আরেক অংশের আহ্বায়ক (এরশাদ উল্লাহ সমর্থক) মো. শওকত আলমের নাম শোনা যাচ্ছে। যোগাযোগ করা হলে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্তের কথা স্বীকার করেন আবুল কালাম। দলে একাধিক গ্রুপ রয়েছে, সে ক্ষেত্রে দল অন্য কাউকে মনোনয়ন দিলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার চেয়ে যোগ্য প্রার্থী এখানে নেই। আশা করি, দল আমাকে মনোনয়ন দেবে।’ মো. শওকত আলম বলেন, ‘পৌরসভা ঘোষণার আগে পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নির্বাচনে আমার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল। এখন পরিবর্তিত অবস্থায় জনসমর্থন যাচাই করার জন্য হলেও আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব।’ আওয়ামী লীগের বোরহান উদ্দিন বলেন, ‘আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঠিক করেছি।’ তবে দলের পক্ষ থেকে আরও বেশি যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া হলে বৃহত্তর স্বার্থে সরে দাঁড়ানোর কথা ভাববেন বলে জানান তিনি। জহুরুল ইসলাম, সুনীল চন্দ্র ঘোষ এবং মো. ইদ্রিচ আলম মেয়র পদে লড়বেন বলে স্বীকার করেছেন। পৌর সদর, কধুরখিল চৌধুরীহাট ও পশ্চিম গোমদণ্ডীর লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে এখন পর্যন্ত এসব ব্যক্তির নাম আলোচিত হচ্ছে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পর যোগ্যতা মূল্যায়নের কথা ভাবা হবে জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউল হক বলেছেন, ‘এ ব্যাপারে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ দলের উপজেলা সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, ‘পৌরসভার সীমানা নির্ধারণসহ প্রশাসনিক কাঠামো চূড়ান্ত হলে পৌর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। এরপর সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে নতুন, উদ্যমী, গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের কথা ভাবা হবে।’