মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহনসচিব মো. আবদুল মান্নান হাওলাদার। এতে স্বাগত বক্তব্য দেন বিএমএমওএর সভাপতি মো. রিয়াসাত হোসাইন চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন বিএমএমওএর সম্পাদক ফয়সাল আজিম। অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বিএমএমওএর এ ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ আরও বেগবান হবে আশা করছি।’ মন্ত্রী আরও জানান, দেশের কয়েকটি বিভাগে মেরিন একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে মেরিন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করেন। বিএমএমওএর ওয়েবসাইটে থাকবে নৌকর্মকর্তা ও প্রকৌশলীদের তথ্য, অনলাইন চ্যাটিং, ই-ভোটিং, লিখিত যোগাযোগের সুবিধা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইটের সংযোগ (লিংক) ইত্যাদি।ওয়েবের ঠিকানা: www.bmmoa.net