মার্লি জাদুঘরে বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকায় গিয়ে রাজধানী কিংস্টনের মার্লি জাদুঘরই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম গন্তব্য। ছবি: রয়টার্স
জ্যামাইকায় গিয়ে রাজধানী কিংস্টনের মার্লি জাদুঘরই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম গন্তব্য। ছবি: রয়টার্স

‘আমার কাছে এখনো সবগুলো অ্যালবামই আছে।’ নিজেকে কিংবদন্তি রেগে শিল্পী বব মার্লির গানের ভক্ত হিসেবে উল্লেখ করে বারাক ওবামা এ কথাই বললেন মার্লি জাদুঘরের এক কর্মীকে। ৩৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জ্যামাইকা সফরে গিয়ে বুধবার বিমানবন্দর থেকে সোজা মার্লি জাদুঘরে যান ওবামা। খবর বিবিসির।


জ্যামাইকার রাজধানী কিংস্টনের যে বাড়িতে এখন মার্লি জাদুঘর একসময় সেখানে বসবাস করতেন বব মার্লি। কিংস্টনের বস্তি এলাকা ট্রেঞ্চ টাউনের ‘রুড বয়’ মার্লি জীবনের শেষ পর্যায়ে এখানেই থিতু হয়েছিলেন। ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সালে মৃত্যুর আগ পর্যন্ত ভিক্টোরীয় রীতির এই ভবনটিকেই ‘বাড়ি’ বলে ডাকতেন মার্লি।


মার্লি জাদুঘরে ২০ মিনিট সময় কাটান ওবামা। মার্লির জীবন ও কর্মের স্মৃতি বিজড়িত নানা উপকরণে ঠাসা জাদুঘরটিতে তাঁর গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ গানের রেকর্ডগুলোও প্রদর্শনের জন্য রাখা আছে। একসময় ‘বব মার্লি অ্যান্ড দ্য ওয়াইলিয়ার্স’-এর প্রতিষ্ঠা করা ‘টাফ গং’ রেকর্ড লেবেলের কাজও হতো এখানেই। পরে মার্লি এখানে বসবাস করতে শুরু করেন। জ্যামাইকার রাজনীতিতে জড়িয়ে পড়ার পর মার্লিকে হত্যার চেষ্টা হয়েছিল এই বাড়িতেই।


১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর ওবামাই হলেন জ্যামাইকা সফরে যাওয়া দেশটির প্রথম প্রেসিডেন্ট। পানামায় ক্যারিবীয় অঞ্চলের ১৫ দেশের জোট কারিকমের বৈঠকে যোগ দিতে ওই অঞ্চলে তিন দিনের এই সফরে গেলেন ওবামা। কিংস্টনের বিমানবন্দরে জ্যামাইকার প্রধানমন্ত্রী পোরতিয়া সিম্পসন-মিলার ওবামাকে স্বাগত জানান।

আরও পড়ুন: