মার্শাল আর্ট কালারিপায়াত্তুর নান্দনিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তরুণ শিল্পীরা পরিবেশন করেন  মার্শাল আর্ট কালারিপায়াত্তু নৃত্য  প্রথম আলো
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তরুণ শিল্পীরা পরিবেশন করেন মার্শাল আর্ট কালারিপায়াত্তু নৃত্য প্রথম আলো

পৃথিবীর অন্যতম প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াত্তু ভারতে এখন প্রতিষ্ঠিত নৃত্যমাধ্যম। ধ্যান, শক্তি আর শারীরিক কসরতের অপূর্ব সমন্বয়ের এই নৃত্যশৈলী চট্টগ্রামের দর্শকদের সামনে হাজির করলেন ভারতের কালারিপায়াত্তু নৃত্যগুরু কাজল হাজেরা। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আসরের আয়োজন করেছিল ডিজাইনার, ফ্যাশন ও আর্ট ফরম অব বাংলাদেশ (ডাফাব) এবং প্রাপণ একাডেমি।
নৃত্যগুরু কাজল হাজেরা চট্টগ্রামের তরুণ নৃত্যশিল্পীদের নিয়ে ১ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের কর্মশালা পরিচালনা করেন। ৫ সেপ্টেম্বর সমাপনী দিনে তাঁর সঙ্গে কালারিপায়াত্তু নাচে অংশ নেন কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরাও।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রাপণ একাডেমির পরিচালক অনন্য বড়ুয়া। শারমিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. জামাল হোসেন।
অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, নাজিমুদ্দীন, চৌধুরী ফরিদ, কামাল পারভেজ, অনিন্দ্য টিটো প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধনা দেওয়া হয় কালারিপায়াত্তু গুরু কাজল হাজরা ও স্থানীয় দুজন গুণীজনকে।
অন্য দুজন সংবর্ধিত গুণীজন হলেন, জেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা মোসলেম উদ্দিন ও শিশু একাডেমীর শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা ছিল কাজল হাজরার একক নাচ। ‘শিব তাণ্ডব’ শিরোনামে তাঁর পরিবেশনা মুগ্ধতার স্রোতে ভাসাল দর্শকদের। এর আগে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও বেশ কয়েকটি পরিবেশনা নিয়ে হাজির হন। যোগাসনকে নাচের মুদ্রায় প্রকাশ করে শিক্ষার্থীরা তাঁদের পরিবেশনা শুরু করেন। এরপর ‘অগ্নি’ ও ‘মহাকাশ’ শিরোনামে দলীয় নাচে অংশ নেন তাঁরা।