মালদ্বীপে তুলকালাম
মামুন আবদুল গাইয়ুমের তিন দশকের একনায়কসুলভ শাসনের পর ২০০৮ সালে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল ক্ষুদ্র দ্বীপদেশ মালদ্বীপ। মূলত আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত দেশটিতে সম্প্রতি ঘটে গেছে এক ‘অভ্যুত্থান’। এ ঘটনা মালদ্বীপের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে পারে বলে অনেকের আশঙ্কা। দেশটির চলমান সংকটটি ঠিক কী এবং কেন তা সংক্ষেপে তুলে ধরা হলো।যে কারণে নাশিদের বিদায়সদ্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ৭ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন। ফৌজদারি আদালতের প্রধান আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তার করার পর যে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়, তাতে সেনা কর্মকর্তারা সমর্থন দেওয়ার পর পদত্যাগ করেন তিনি। নাশিদ তখন বলেছিলেন, তিনি রক্তপাত এড়াতে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু পরে বলেন, সেনাবাহিনী তাঁকে ক্ষমতা ত্যাগে বাধ্য করেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বলেন, তিনি আগে থেকেই জানতেন কিছু সেনা ও পুলিশ কর্মকর্তা তাঁকে পদচ্যুত ও হত্যা করার পরিকল্পনা করছেন। গত ১৬ জানুয়ারি ফৌজদারি আদালতের প্রধান আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তার করার পর থেকেই নিয়মিত বিক্ষোভ হচ্ছিল মালদ্বীপে। গ্রেপ্তারকৃত বিরোধী নেতা মোহাম্মদ জামিল আহমেদকে ছেড়ে দেওয়ার রায় দেওয়ার পর প্রেসিডেন্টের আদেশে আটক করা হয় আবদুল্লাহ মোহাম্মদকে।প্রেসিডেন্ট নাশিদ খ্রিষ্টান ও ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে ইসলামের ক্ষতি করছেন—এ অভিযোগ-সংবলিত প্রচারপত্র বিতরণের কারণে কয়েকবার আটক করা হয়েছে মোহাম্মদ জামিল আহমেদকে। মালদ্বীপে মাথাচাড়া দিয়ে ওঠা কট্টরপন্থী মুসলিমরা (সংখ্যায় ক্ষুদ্র হলেও সক্রিয়) মধ্যপন্থী নাশিদ ও তাঁর দলকে ইসলামবিরোধী আখ্যা দিয়েছে।প্রেসিডেন্ট নাশিদের সহযোগীরা বলছেন, ফৌজদারি আদালতের প্রধান শুধু জামিল আহমেদ নন, অন্য সব বিরোধী নেতার মামলাতেই নেতিবাচকভাবে হস্তক্ষেপ করছেন, যদিও তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ আছে। মোহাম্মদ জামিল আহমেদ সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তবে নাশিদের সমালোচকেরা বলেছেন, বিরোধী নেতা জামিল আহমেদকে গ্রেপ্তার করার দরকারই ছিল না। তাঁরা বলেন, সাবেক প্রেসিডেন্ট এ ব্যাপারে তাঁর ক্ষমতার বাইরে গিয়ে পদক্ষেপ নিয়েছিলেন। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন, দেশের দেওয়ানি আদালত জুডিশিয়াল সার্ভিসেস কমিশনকে ফৌজদারি আদালতের প্রধান আবদুল্লাহ মোহাম্মদের কথিত অনিয়মের বিরুদ্ধে তদন্ত করতে না দেওয়ায় হতাশ হয়ে নাশিদ তাঁকে আটকের নির্দেশ দেন। তাঁর কাছে মনে হয়েছিল, বিচারক আবদুল্লাহ মোহাম্মদ নিজে আইনের ধরাছোঁয়ার বাইরে উঠে গেছেন।সংবিধানের আওতায় প্রতিষ্ঠিত জুডিশিয়াল সার্ভিসেস কমিশনকে ২০০৮ সালে দায়িত্ব দেওয়া হয়েছিল বিচারকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের। কিন্তু কমিশনের সদস্যরা অভিযোগ করেছেন সুস্পষ্ট অভিযোগ থাকার পরও তাঁরা বিচারক আবদুল্লাহ মোহাম্মদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারেননি।গাইয়ুমের হাত ছিল কি?সুপ্রিম কোর্ট ছাড়াও বেশ কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান বিচারক আবদুল্লাহ মোহাম্মদের গ্রেপ্তারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তাঁর মুক্তির দাবি জানিয়েছে। তবে তাৎক্ষণিক কারণ হিসেবে আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তার করার জেরে নাশিদকে বিদায় নিতে হলেও এর পেছনে বেশির ভাগ লোকই মনে করেন এর পেছনে আরও শক্তি জড়িত রয়েছে। নাশিদ ও তাঁর দলের লোকজন দাবি করেছেন নতুন প্রেসিডেন্ট (এত দিন ভাইস প্রেসিডেন্ট) মোহাম্মদ ওয়াহিদ হাসান মানিক তাঁকে পদচ্যুত করতে বিরোধী দলের এক সম্মিলিত ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন সাবেক স্বৈরশাসক দীর্ঘদিনের নেতা মামুন আবদুল গাইয়ুমও।নাশিদের সমর্থকেরা দাবি করেছেন, ওয়াহিদ হাসান সম্প্রতি বিরোধী দলের কয়েকজন নেতার সঙ্গে যে বৈঠক করেন তাতে নাশিদকে উৎখাতের বিষয়ে মতৈক্য হয়। তবে ওয়াহিদ এ অভিযোগ অস্বীকার করেছেন। অভ্যুত্থানের পরপরই দ্রুত প্রেসিডেন্ট পদে বসানো হয় তাঁকে। ক্ষমতায় বসে ওয়াহিদ হাসান ঐকমত্যের সরকার গঠন ও দেশে শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। নাশিদের দল এমডিপি অবশ্য ঐকমত্যের সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। নাশিদ কী করবেন? দেশই বা কোন পথে?নাশিদের বিরুদ্ধাচরণকারী অন্তত দুজনকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। লক্ষণীয় বিষয়, এর একজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত জামিল আহমেদ। এই জামিলের মুক্তিকে কেন্দ্র করেই বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তার করিয়েছিলেন নাশিদ। প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন সাবেক কর্নেল মোহাম্মদ নাজিম। ২০০৯ সালে তাঁকে বরখাস্ত করেছিলেন নাশিদ। নাশিদ তাঁর সমর্থকদের বলেছেন, আগাম নির্বাচনের দাবি না মানা পর্যন্ত আইন অমান্য আন্দোলন চালাতে। তিনি বলেছেন, বর্তমানে ক্ষমতাসীন ‘বিশ্বাসঘাতকদের’ হাতে জনগণকে ভোগান্তি পোহাতে দেবেন না এবং একদিন গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করবেন। নাশিদের সমর্থকেরা তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে মিছিল-সমাবেশ করেছেন। নাশিদকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হলেও তাঁকে গ্রেপ্তার এখন পর্যন্ত করা হয়নি। দেশের পরিস্থিতি এখনো উত্তপ্ত। পর্যবেক্ষকেরা বলছেন, এই মুহূর্তে বলা কঠিন আগামী সপ্তাহ বা মাসে কী ঘটতে যাচ্ছে মালদ্বীপে। পরিস্থিতি শান্ত হয়ে এলে এবং বড় ধরনের কিছু না ঘটলে তিনি হয়তো বিরোধী দলে থেকে আগামী নির্বাচনের জন্য তৈরি হবেন। সে নির্বাচনের তারিখ নভেম্বর ২০১৩।মালদ্বীপের এই গোলযোগে কিছুটা হলেও লাভবান হয়েছে কট্টর ইসলামপন্থীরা। সহিষ্ণু ইসলামের দেশ হিসেবে পরিচিত মালদ্বীপের কট্টর ইসলামপন্থীরা আকারে ছোট হলেও বেশ সরব। বিশেষ করে গ্রামাঞ্চলে রক্ষণশীলতা ছড়িয়ে দেওয়ায় সচেষ্ট তারা। পর্যবেক্ষকেরা বলছেন, এবার প্রধান বিরোধী দলের কাঁধে বন্দুক রেখে তারা সামনে উঠে আসছে। এ জন্য তারা ব্যবহার করছে ইসলামের নাম। তবে তারা কত দূর যেতে পারবে কেবল সময়ই তা বলতে পারে। দাউদ ইসলাম