মালালার ১০

বয়স ১৮ পেরোয়নি। এরই মধ্যে সে হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরিচিত মুখ, নারীশিক্ষা-সংগ্রামের অন্যতম মুখপাত্র। সবচেয়ে কম বয়সে পেয়েছে নোবেল পুরস্কার। জেনে নিন মালালা ইউসুফজাইয়ের কিছু জানা–অজানা তথ্য
১. মাত্র ১৭ বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছে মালালা। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের সূচনালগ্ন অর্থাৎ ১৯০১ সাল থেকে আজ পর্যন্ত এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পায়নি।
২. ১১ বছর বয়স থেকেই নারীশিক্ষার জন্য কাজ করছে সে। ২০০৯ সালে সে বিবিসির উর্দু বিভাগে লিখতে শুরু করে। ২০১২ সালের ৯ অক্টোবর বিদ্যালয়ে যাওয়ার পথে তালেবান সদস্যরা মালালার মাথায় গুলি করে।
৩. মালালার নামে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক দিবস রয়েছে। ২০১৩ সালের ১২ জুলাই তার ১৬তম জন্মদিনে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।
৪. এরই মধ্যে আত্মজীবনী লিখেছে এ নোবেলজয়ী কিশোরী। বইয়ের নাম আই অ্যাম মালালা: হাউ ওয়ান গার্ল স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ার্ল্ড। বইটি ঠাঁই করে নিয়েছে অ্যামাজনের সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায়।

৫. ২০১২ সালে গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় মালালাকে। সুস্থ হয়ে সেখানেই পড়াশোনা করছে সে। যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন হাইস্কুল ফর গার্লসের শিক্ষার্থী এ নোবেল বিজয়ী। নোবেল পুরস্কার পাওয়ার খবরটা পেয়েছে শ্রেণিকক্ষে বসেই।
৬. মালালা একটা সময় চিকিত্সক হতে চেয়েছিল। তবে বিশ্বে পরিচিতি বেড়ে যাওয়ার পর তার ক্যারিয়ার-ভাবনায় এসেছে পরিবর্তন। এখন তার মনোযোগ রাজনীতিতে।

৭. মালালার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছেন ভারতের কৈলাস সত্যার্থী। নোবেল পুরস্কারের আর্থিক মূল্যের (প্রায় সাড়ে দশ কোটি টাকা) অর্ধেক পাচ্ছে ১৭ বছর বয়সী এ কিশোরী।
৮. মালালা গুলিবিদ্ধ হয়েছিল ২০১২ সালের ৯ অক্টোবর। নোবেল পাওয়ার সংবাদও পেল সেই অক্টোবরেই। অক্টোবর যেমন মালালার জীবনে দুঃসংবাদ বয়ে এনেছে, তেমনি সুসংবাদও!
৯. মালালা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে মূলত ২০১২ সালের ৯ অক্টোবর গুলিবিদ্ধ হওয়ার পর। কিন্তু তার আগেই শিক্ষা নিয়ে কাজ করার স্বীকৃতি পেয়েছে সে। ২০১১ সালের ১৯ ডিসেম্বর পাকিস্তানের ‘জাতীয় যুব শান্তি পুরস্কার’ পায় মালালা। এখন এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে তারই নামে—‘জাতীয় মালালা শান্তি পুরস্কার।’
১০. মাত্র ১৬ বছর বয়সেই, অর্থাৎ গত বছর নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল মালালা। তবে পুরস্কার তার হাতে ওঠেনি।
তথ্যসূত্র: ডেইলি ওয়ার্থ ও গার্লডটকম
গ্রন্থনা: রানা আব্বাস
‘এই পুরস্কার আমাকে আর শিক্ষার জন্য যারা সংগ্রাম করছে, তাদের সবাইকে দিয়েছে আশা ও সাহস।’
নোবেল পুরস্কার প্রাপ্তির পর
মালালা
১০ অক্টোবর
২০১৪
সূত্র: মালালা ডট ওআরজি