পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের বিশাল মাঠটির মালিক বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু প্রতিবছর কোরবানি ও মনসাপূজার সময় পশুর হাট বসিয়ে রাজস্ব আদায় করছে পৌরসভা কর্তৃপক্ষ। বছরে ১৮-১৯ লাখ টাকা আয় করলেও গত চার বছরে বিদ্যালয় তহবিলে কোনো অর্থ দেয়নি তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাঠ বিদ্যালয়ের হলেও সেখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই।’
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া সদরের পুরোনো থানার হাটটি সৃষ্টির পর থেকে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় গেটের সামনে থেকে পটিয়া কলেজের পূর্ব গেট পর্যন্ত আরাকান সড়কের দুপাশজুড়ে সাপ্তাহিক হাট বসত। তবে প্রতিবছর কোরবানি ও মনসাপূজা উপলক্ষে পশুর হাট বসত পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে। ৭৭ সালে হাটটি মূল সড়ক থেকে কয়েক শ গজ দূরে স্থানান্তর করা হলেও কোরবানি ঈদ ও মনসাপূজা উপলক্ষে পশুর হাট পুরোনো থানা হাটের নামে বিদ্যালয় মাঠেই বসতে থাকে। স্থানীয় প্রশাসন এবং পরবর্তী সময়ে পৌর কর্তৃপক্ষ ইজারা হিসেবে পাওয়া অর্থ থেকে নির্দিষ্ট একটা অংশ বিদ্যালয় তহবিলে দিয়ে আসছিল। কিন্তু গত চার বছর পৌর কর্তৃপক্ষ এই টাকা দেওয়া বন্ধ করে দেয়। ২০১০ থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রতিবছর ১৮ থেকে ১৯ লাখ টাকায় পুরোনো থানার হাটের নামে বিদ্যালয় মাঠটি ইজারা দেওয়া হয় বলে জানা গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘আগে পশুর হাটের ইজারা হিসেবে আয় থেকে পৌর কর্তৃপক্ষ ৪০-৫০ হাজার টাকা করে বিদ্যালয় তহবিলে জমা দিত। সর্বশেষ ২০০৯ সালে এক লাখ টাকা দেওয়া হয়। আমরা হাটবাজার নীতিমালা অনুযায়ী হিস্যা চাইলে তারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে দুই বছর আগে উপজেলা প্রশাসন ইজারার আয় থেকে ৪৫ শতাংশ অর্থ বিদ্যালয়কে দেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে পরামর্শ দেয়। কিন্তু তা কার্যকর হয়নি।’ প্রধান শিক্ষক বলেন, গত চার বছরে প্রাপ্ত ইজারার হিসাব অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ৩২ লাখ টাকা পাওয়ার কথা। টাকাগুলো পাওয়া গেলে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নকাজে লাগানো যেত। পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ মিয়া বলেন, দুই বছর আগে উপজেলা মাসিক সমম্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকারি হাটবাজার নীতিমালা অনুযায়ী জায়গার মালিক কর্তৃপক্ষকে প্রাপ্ত রাজস্ব আয়ের ৪৫ শতাংশ দেওয়া হবে।
সে অনুযায়ী মাঠের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে পটিয়া উচ্চবিদ্যালয়কে টাকা দেওয়ার জন্য পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। জানতে চাইলে পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, ‘পাঁচ-ছয় বছর ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ পৌরসভাকে হোল্ডিং ট্যাক্স দেয়নি। তাই আমরাও তাদের টাকা দিইনি। অন্যদিকে, প্রতিবছর মাঠের সংস্কারও পৌরসভার পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘২০০৭-২০০৮ সাল পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আমরা দিয়েছি। গত বছর তারা এক লাখ টাকা বকেয়ার একটি নোটিশ দিয়েছে। আমাদের পাওনা দিয়ে দিলে আমরাও তাদের বকেয়া পরিশোধ করব।’