মালিক-শ্রমিকদের কাছে জিম্মি পরিবহন ব্যবসা
পরিবহন-শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে নগরের পরিবহন ব্যবসা। সড়কে গাড়ি চলাচল করে শ্রমিকদের ইচ্ছা-অনিচ্ছায়। এ ব্যাপারে মালিকের তেমন ভূমিকা নেই বললেই চলে। পুলিশও যানবাহন চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। ফলে নগর পরিবহনব্যবস্থায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সংশ্লিষ্ট একাধিক মালিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন পরিস্থিতির কথা জানা গেছে। তবে সার্বিক পরিস্থিতির জন্য মালিকপক্ষকে দায়ী করছেন শ্রমিকেরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ির মোট আয় থেকে শ্রমিককে মজুরি দেওয়ার নিয়ম রয়েছে। জ্বালানি খরচ ও শ্রমিকের মজুরি দেওয়ার পর যা থাকে তা মালিকের আয় হিসেবে পাওয়ার কথা। অথচ চট্টগ্রাম নগর পরিবহনব্যবস্থায় চলছে উল্টো নিয়ম। গাড়ির প্রকৃত মালিকেরা এখন শ্রমিকদের কাছ থেকে দৈনিক আয় সংগ্রহের জন্য অপেক্ষায় থাকেন। পরিবহনব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে এটা অন্যতম কারণ বলে মালিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন। বাড়তি বাস ভাড়া নেওয়াকে কেন্দ্র করে গত সপ্তাহে নগরে নৈরাজ্যের সৃষ্টি হয়। ১০ অক্টোবর আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। বাড়তি ভাড়া আদায় করা নিয়ে পরিবহন-শ্রমিক ও যাত্রীদের সঙ্গে প্রতিদিন তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটছে। তাই সরকার-নির্ধারিত ভাড়া কার্যকর ও ভাড়া নেওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশি সাহায্যের দাবিতে পরিবহন-মালিক সংগঠনের একাংশ গত রোববার রাতে আকস্মিকভাবে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়। পরদিন সোমবার সন্ধ্যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক সংগঠনগুলো। পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, পরিবহন-শ্রমিকদের একাংশের কাছে জিম্মি চট্টগ্রাম নগর পরিবহন ব্যবসা। বাড়তি ভাড়া আদায় করা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য শ্রমিকদের একাংশ দায়ী। বাড়তি ভাড়া আদায় হলেও মালিকদের কোনো লাভ নেই। কারণ, এক মাস আগেও মালিকেরা যে হারে আয় পেতেন, তা আরও কমে গেছে। ফলে চলমান এ সমস্যার সঙ্গে বেশির ভাগ মালিকের কোনো সম্পৃক্ততা নেই। খোঁজ নিয়ে জানা গেছে, একটি বাস থেকে মালিক দৈনিক দুই হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকা পান। সম্প্রতি জালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মালিকের আয় দৈনিক ১০০ থেকে ২০০ টাকা কমে গেছে। এ কারণে বাড়তি ভাড়া আদায় করার ব্যাপারে মালিকেরা সোচ্চার নন, বরং চুপচাপ অবস্থানে আছেন। ১১ নম্বর রুটের একজন বাসমালিক প্রথম আলোকে বলেন, ‘আমার গাড়ি থেকে দৈনিক দুই হাজার ৪০০ টাকা আয় পেতাম। জালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন-শ্রমিকেরা দৈনিক ১০০ টাকা আয় কমিয়ে দিয়েছে। বাড়তি ভাড়া আদায় করা হলে আমার আয় কি বাড়বে?’নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা কর্মকর্তারা চেষ্টা করেন। এ বিষয়ে ভাটিয়ারীতে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের একাধিক বৈঠক হয়। বৈঠকে কাউন্টারভিত্তিক বাস চলাচলের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মালিক নন, অথচ মালিক সংগঠনের নেতা এবং শ্রমিক সংগঠনের একাংশের বিরোধিতার কারণে ওই সময় কাউন্টারভিত্তিক বাস সার্ভিসব্যবস্থা টিকিয়ে রাখা যায়নি। পরে বর্তমান সরকারের আমলে কয়েক মাস আগে আবার কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়। কার্যকর করার কয়েক দিনের মধ্যে তা আবার ভেস্তে যায়। পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মালিক সংগঠনের কিছু নেতা ও পরিবহন-শ্রমিকদের বিরোধিতার কারণে আমরা এ ব্যবস্থা কার্যকর করতে পারিনি। এ কারণে সরকারের নির্ধারিত ভাড়াও কার্যকর করা যায়নি। নতুন ভাড়া কার্যকর করতে হলে পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে। গাদাগাদি করে গাড়িতে যাত্রী তুলে নতুন হারে ভাড়া আদায় করার কোনো যৌক্তিকতা নেই।’ মালিক সংগঠন মেট্রো গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার কারণে মালিকের আয় কমেছে। এ জন্য আমরা সরকার-নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানিয়ে আসছি। পরিবহন-শ্রমিকদের কেউ কেউ নতুন ভাড়া কার্যকর করার চেষ্টা করছে, যাতে মালিকের আয় বাড়ে। তবে এখনো আয় বাড়েনি। যদিও গত শুক্রবার থেকে কয়েকটি রুটে নতুন হারে ভাড়া নেওয়া শুরু হয়।’ এদিকে পরিবহনব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থার জন্য মালিকদের ওপর দোষারোপ করছেন পরিবহন-শ্রমিকনেতারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মালিকদের কারণে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস টিকিয়ে রাখা যায়নি। কাউন্টার পদ্ধতি চালু থাকলে শ্রমিকেরা আয়ের ২৫ শতাংশ নিয়ে নেবেন। কিন্তু কিছু মালিক তাঁদের আয় কমে গেছে বলে কাউন্টার পদ্ধতির বিরোধিতা করেছেন। আমাদের শ্রমিকেরা মালিকদের কোনো কাজে বিরোধিতা করেননি। বরং মালিকেরা যেভাবে চান সেভাবেই সবকিছু হচ্ছে।’ পরিবহন-শ্রমিকদের ওপর দায় চাপানো মালিকদের অভ্যাসে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।