মালেমা এখন জুমার মাথাব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়াস মালেমা১৯৮১ সালের ৩ মার্চ লিম্পোপো প্রদেশে জন্ম। মা ছিলেন গৃহকর্মী। মাত্র নয় বছর বয়সে এএনসিতে যোগ দেন মালেমা। এ সময় তাঁর কাজ ছিল গোপনে ন্যাশনাল পার্টির পোস্টার তুলে ফেলা। ২০০৮ সালের এপ্রিলে দলের সহযোগী তরুণ সংগঠন ইয়ুথ লিগের প্রধান নির্বাচিত হন। ২০১০ সালের মার্চে বিদ্বেষমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ২০১১ সালের সেপ্টেম্বরে দল তাঁকে জ্যাকব জুমার বিরুদ্ধে উসকানিমূলক ভূমিকার জন্য অভিযুক্ত করে। দলের ভেতর বিভেদের বীজ বোনার দায় নিয়ে গত এপ্রিলে বহিষ্কৃত হন মালেমা। ‘সেদিনের ছোকরা’ জুলিয়াস মালেমা একদিন এমন মাথাব্যথার কারণ হয়ে উঠবে তা কি স্বপ্নেও ভেবেছিলেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা? দক্ষিণ আফ্রিকার ২০০৯ সালের নির্বাচনে জুমার বিজয়ের পেছনে বড় ভূমিকা ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) তরুণ সংগঠন ইয়ুথ লিগের সাবেক সভাপতি মালেমার। মাত্র কয়েক বছরের মধ্যে দুজনের মধ্যে এখন যোজন যোজন ব্যবধান। জুলিয়াস মালেমা কার্যত জুমার শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগে গত এপ্রিলে এএনসি থেকে বহিষ্কার করা হয় মালেমাকে। কিন্তু তিনি যে রণেভঙ্গ দেননি সাম্প্রতিক ঘটনাগুলো তারই প্রমাণ। এএনসিতে আবার জায়গা করে নিতে কিছুদিন ধরেই তোড়জোড় করছিলেন তিনি। সাম্প্রতিক ‘মারিকানা ট্র্যাজেডি’ তাঁকে বড় সুযোগ করে দিয়েছে। তবে অনেকেই তাঁকে নিছক ‘গলাবাজ’ নেতা বলে মনে করেন। গত ১৬ আগস্ট মারিকানা নামের এক প্লাটিনাম খনিতে পুলিশের গুলিতে ৩৪ জন ধর্মঘটী শ্রমিক নিহত হন। ১৮ বছর আগে বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটার পর থেকে দক্ষিণ আফ্রিকায় এত বড় রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনা ঘটেনি। কিন্তু এ ঘটনায় পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো খনিশ্রমিকদের ওপরই চলে ধরপাকড় ও মামলার তোড়। এ ঘটনায় দেশে-বিদেশে জ্যাকব জুমার সরকারের ব্যাপক সমালোচনা হয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে আবার পাদপ্রদীপের আলোয় ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন মালেমা।বিক্ষুব্ধ খনিশ্রমিকদের নিয়ে সরকারবিরোধী আন্দোলনের জোয়ার তুলতে চাইছেন মালেমা। বিভিন্ন স্থানে সমাবেশ ডেকে খনি খাতকে অচল করে দিতে প্ররোচনা দিচ্ছেন শ্রমিকদের। মালেমার লক্ষ্য, জুমার অবস্থান নড়বড়ে করে দেওয়া, যাতে ডিসেম্বরে অনুষ্ঠেয় এএনসির জাতীয় সম্মেলনের সময় তাঁকে সরিয়ে নেওয়া হয় ক্ষমতা থেকে। একই সঙ্গে তাঁর নিজের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও প্রত্যাশা করছেন।জ্যাকব জুমাও অবশ্য চুপ করে বসে নেই। তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবেন। এর অংশ হিসেবে গত সোমবার মারিকানায় কোনো সমাবেশ করতে দেওয়া হয়নি মালেমাকে। পুলিশ শান্তিপূর্ণভাবেই তাঁর এ চেষ্টা ঠেকিয়েছে। জোহানেসবার্গভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক উইলিয়াম গামিডের মতে মারিকানায় খনিশ্রমিক হত্যার ঘটনাকে কাজে লাগিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা চালাচ্ছেন মালেমা। নিজেকে তিনি দক্ষিণ আফ্রিকার শোষিত কৃষ্ণাঙ্গদের নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। কৃষ্ণাঙ্গ ব্যবসায়ী মহলেও অবশ্য তাঁর কিছু সমর্থন আছে। মালেমাকে নেতা হিসেবে বিশ্লেষণ করতে গিয়ে গামিড বলেন, তাঁকে নির্দিষ্ট কোনো ছকে ফেলা যাবে না। যখন যে সুযোগ আসে, সময় অনুযায়ী সে সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করেন তিনি। সে হিসেবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে তাঁর মিল রয়েছে। বিশ্লেষক উইলিয়াম গামিড মন্তব্য করেন, মুগাবের জানু-পিএফ পার্টির নেতাদের মধ্যে এই সুযোগ বুঝে কাজ করার প্রবণতা রয়েছে। তিনি বলেন, এসব নেতা বিভিন্ন সামাজিক সমস্যার ক্ষেত্রে রক্ষণশীল অবস্থান নেন। যেমন সমকামীদের অধিকার বিষয়ে। অর্থনীতির বিষয়ে তাঁদের অবস্থান সমাজতন্ত্রী। তলে তলে তাঁরা আসলে প্রচণ্ড রকমের পুঁজিবাদী।রবার্ট মুগাবের সঙ্গে মালেমার চিন্তাধারারও মিল রয়েছে। ২০১০ সালে মুগাবে যখন শ্বেতাঙ্গদের ভূমি বাজেয়াপ্ত করেন, তখন তাঁর প্রশংসা করে নজর কাড়েন মালেমা। পশ্চিমা প্রতিষ্ঠান লনমিনের মালিকানাধীন মারিকানার প্লাটিনাম খনিতে যখন শ্রমিক হত্যার ঘটনা ঘটে, তখন মালেমা আবার তাঁর সেই দীর্ঘদিনের দাবি তুলে ধরেন—খনিগুলো জাতীয়করণ করা হোক। জিম্বাবুয়ের জানু-পিএফ দলের নেতাদের মতো একই সুরে মালেমা বলেন, ‘খনি থেকে অর্থ লুটে নিচ্ছে ব্রিটিশ কোম্পানি...কিন্তু যারা প্রাণ দিয়েছে, তারা কেউ ব্রিটিশ নয়। তারা আমাদেরই কৃষ্ণাঙ্গ ভাই।’ এখানেই শেষ নয়, মালেমা লনমিনের পরিচালক ও এএনসির প্রভাবশালী নেতা সিরিল রামাফোসাকে শ্বেতাঙ্গ ও বিদেশিদের হাতের পুতুল বলে ভৎর্সনা করেন। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের শাসনামলে ডাকসাইটে শ্রমিক নেতা ছিলেন রামাফোসা। রাজনীতিকদের বিরুদ্ধে মুনাফালোভী শ্বেতাঙ্গ ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলেছেন মালেমা। তিনি বলেছেন, দেশের প্রত্যেক খনিতেই রাজনীতিকদের হাত রয়েছে। তাঁদের শ্বেতাঙ্গরা নিয়মিত মাসোহারা দেন। বঞ্চিত শ্রমিকদের ক্ষোভ থেকে বাঁচার জন্য বখরা এটা।এ কথা সত্যি যে মারিকানার ঘটনায় দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গরা এখন জুমার সরকারের ওপর ক্ষিপ্ত। পরিস্থিতি মোকাবিলায় জুমার দুর্বল ভূমিকায় এএনসির অভ্যন্তরেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন ‘বিদ্রোহী’ মালেমার অনুকূলে। তিনি সবাইকে বোঝাতে চাইছেন যে বর্ণবাদী যুগের চেয়েও খারাপ পরিস্থিতি বিরাজ করছে দেশে। হাওয়া বুঝে মালেমা এর মধ্যে জুমার পদত্যাগও দাবি করেছেন। খনিশ্রমিকেরা তাঁর কথায় মেতে ‘জুমা তুমি গদি ছাড়ো’ স্লোগান শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে ঘন ঘন খনিগুলোতে সফর করছেন মালেমা। বিশ্লেষক গামিডের মতে, রাজনীতির মাঠে জুমা ও মালেমা উভয়ের অবস্থান এখন প্রায় সমানে সমান। দলের আসন্ন জাতীয় সম্মেলনে জুমা যদি পুনর্নির্বাচিত হন, তা হলে মালেমার রাজনীতি শেষ হয়ে যাবে। কিন্তু জুমা হেরে গেলে মালেমার এএনসিতে ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হারুন-অর-রশিদ