মাল্টিমিডিয়ায় বদলে গেছে লেখাপড়া
শ্রেণিকক্ষের দেয়ালে এসে পড়ছে প্রজেক্টরের আলো। তাতে ভেসে উঠেছে ফুলের নামসহ নানা অংশ। ছবি দেখাতে দেখাতে শিক্ষক বলে চলেছেন পরাগায়নের কথা। কথার সঙ্গে পাল্টে যাচ্ছিল ছবিও। পর্দায় দেখা যাচ্ছিল পতঙ্গ আর ফুলের ছবি।
মাল্টিমিডিয়া প্রজেক্টরে এভাবে পাঠদান চলছিল মহেশখালী উপজেলার পানিরছড়া উচ্চবিদ্যালয়ে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে পাঠদান করছিলেন শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। ১০ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেল। ৭০০ শিক্ষার্থীর এই বিদ্যালয়ে ২০১৩ সালে শুরু হয় মাল্টিমিডিয়ায় পাঠদান। সরকার থেকে পাওয়া দুটি ল্যাপটপ আর একটি প্রজেক্টর দিয়ে চলছে এই কার্যক্রম। কেবল বিজ্ঞান নয়, প্রায় সব বিষয়ের শিক্ষকেরা মাল্টিমিডিয়ায় পাঠদান করেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন আগ্রহ বাড়ছে, তেমনি ফলাফলও ভালো হচ্ছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আসিফ রহমান মাল্টিমিডিয়ায় পাঠদান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তার কথা, ‘আগে স্যার কেবল বলে যেতেন, অথবা বোর্ডে লিখে দিতেন আর আমরা খাতায় তুলতাম। তখন অনেক কিছু বুঝতাম না। দুই বছর ধরে প্রজেক্টর দিয়ে পাঠদান চলছে। এখন লেখাপড়া অনেক সহজ লাগে। দ্রুত বুঝতেও পারি।’
শিক্ষার্থী আসিফের সঙ্গে গলা মেলাল অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, মাল্টিমিডিয়া ব্যবহারের কারণে এখন অনেক আকর্ষণীয় হয়েছে পাঠদান। সব বিষয় দ্রুত বুঝতে পারছে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল করিমের কাছে পাওয়া গেল গত দুই বছরে ফলাফল। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত দুই বছরে বিদ্যালয়টির ফলাফলে খানিকটা অগ্রগতিও হয়েছে। ২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক ৬৫ শতাংশ। এর পরের বছর ২০১৪ সালে পাসের হার বেড়ে হয় ৯৩ দশমিক ৮৭ শতাংশ। বেড়েছে মাধ্যমিকের পাসের হারও। ২০১৪ সালে এসএসসিতে পাসের হার ছিল ৮৫ শতাংশ এবং ২০১৫ সালের পাসের হার বেড়ে দাঁড়ায় ৯৭ দশমিক ১ শতাংশে।
নতুন পদ্ধতি কীভাবে ব্যবহার করছেন শিক্ষকেরা? বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মাল্টিমিডিয়ায় পাঠদানের জন্য শিক্ষকেরা ইন্টারনেটের সাহায্য নিয়ে পাঠ পরিকল্পনা করেন। সরকার শিক্ষকদের জন্য পাঠদান সহায়িকা ‘শিক্ষক বাতায়ন’ চালু করায় অনেক সহজে এখন ছবি ও তথ্যসহ নানা শিক্ষা উপকরণ পাওয়া যায়। বিদ্যালয়ে ১৬ জন শিক্ষকের বিপরীতে মাত্র একটি প্রজেক্টর ও দুটি ল্যাপটপ আছে। এ কারণে মাল্টিমিডিয়া ক্লাসের সংখ্যা বাড়ানো যাচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল করিম বলেন, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পর এখন লোডশেডিংয়ের সময়ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা সম্ভব হচ্ছে। তবে সব শ্রেণিতে পাঠদানের জন্য আরও ল্যাপটপ ও প্রজেক্টর লাগবে।
মহেশখালী উপজেলায় পানেরছড়া বিদ্যালয় ছাড়াও উপজেলার আরও ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছরের জানুয়ারি থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে চলছে পাঠদান। এর মধ্যে আছে ১২টি বিদ্যালয় ও ছয়টি মাদ্রাসা। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকার ল্যাপটপ, প্রজেক্টর ও মডেম বিতরণ করেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, গত বছর জুনে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট মডেম ও ল্যাপটপ বিতরণ করা হয়। লোডশেডিংয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর জন্য তিনটি বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেলও স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাল্টিমিডিয়ায় পাঠদানের বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য প্রজেক্টর দেওয়া হবে বলে তিনি জানান।