মাল্টিমিডিয়া ল্যাব পেয়ে মহা খুশি ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রীরা কলেজে অত্যাধুনিক একটি মাল্টিমিডিয়া ল্যাব পেয়ে মহা খুশি। এখন ছাত্রীরা ক্লাসের ফাঁকে ল্যাবে গিয়ে কম্পিউটার ও ইন্টারনেটে নানা তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছে। ১২ জুন এই ল্যাবের উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী। এ সময় কলেজের অধ্যক্ষ শাহ আহমদ নবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কইকা) প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত এই ল্যাবটি স্থাপন করে। গত ৩০ মে প্রকল্পের কাজ শেষ হলে এটি ছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। এই ল্যাবে আধুনিকমানের ১৫টি এলসিডি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। কইকার স্বেচ্ছাসেবী শিন সাং মি এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন। শিন সাং মি ও কলেজের কম্পিউটার শিক্ষক সরওয়ার কামাল ছাত্রীদের তথ্যপ্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।শিন সাং মি জানান, উন্নয়নশীল দেশে বসবাসকারী লোকজনের প্রয়োজন মেটাতে কইকা উন্নত আন্তর্জাতিক সহযোগিতা দিয়ে থাকে। কইকা ১৯৯৩ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ১৯৯৫ সালে কোরিয়ান দূতাবাস প্রাঙ্গণে একটি কার্যালয় খোলার মাধ্যমে বাংলাদেশে তারা পুরোদমে কাজ শুরু করে। কলেজছাত্রী তসলিমা নুর, সানজিদা আকতার ও রিনা আকতার জানান, মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাবটি আমাদের স্বপ্ন পূরণ করছে। আমরা ইচ্ছেমতো ল্যাবের কম্পিউটার ব্যবহার করে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছি। মেয়েদের আইটি শিক্ষার উন্নয়নে কইকার এই অবদানের কথা আমরা মনে রাখব।