তিন মাস। এই সময়ে বদলে গেছে তাঁদের চারপাশ। এত দিন পরিচিতিটা দেশেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতা করে দেশের জন্য জিতে এনেছেন পুরস্কার। বলছিলাম ‘এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০০৯-১০’-এর বাংলাদেশ পর্বে প্রথম হওয়া সাবাবা ইসলাম, সিফাত সারোয়ার ও সাজ্জাদুর রহমানের কথা। এখানেই থেমে থাকেনি তাঁদের দল। প্রতিযোগিতার নিয়মানুযায়ী স্বর্ণপদক জেতা দলটি আঞ্চলিক পর্যায়ে এশিয়ার বিভিন্ন দেশের স্বর্ণ বিজয়ীদের সঙ্গে পুনরায় প্রতিযোগিতা করবে। গত ২৮ জুন মালয়েশিয়ায় সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে তারা দ্বিতীয় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এই তিন শিক্ষার্থী মালয়েশিয়ায় পাড়ি জমান ২৬ জুন। সঙ্গে ছিলেন বাংলাদেশ পর্বে দ্বিতীয় ও তৃতীয় হওয়া দল দুটিও।‘দেশের বাইরে এটাই কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া। তাই অন্য রকম উত্তেজনা কাজ করেছে। মনে হয়েছে, দেশের সম্মান রাখতে পারব তো। আমরা মানেই এখানে বাংলাদেশ। শেষ পর্যন্ত পেরেছি। এটাই ভালো লাগছে।’ বলেন সাবাবা।এ প্রতিযোগিতার জন্য ওরা বেছে নিয়েছিলেন বায়োচার প্রক্রিয়া। এর মাধ্যমে গৃহস্থালির বর্জ্য থেকে ভূমিবান্ধব জৈব সার তৈরি করা হয়। আর জ্বালানির কার্বন ডাই-অক্সাইড বের হতে পারে না, যা জলবায়ুতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না। জমিতে এটি ছিটিয়ে দিলে সার কখনোই ধুয়ে যাবে না। বন্যা, বৃষ্টি ও প্রাকৃতিকভাবে সারের উপাদানের ৬০ শতাংশ ধুয়ে চলে যায়। তবে এই সার দিলে তা থেকে জমি রক্ষা পাবে। এ ছাড়া সারের গুণাগুণ বজায় থাকে।‘এটিই আরও সুন্দরভাবে তাঁদের সামনে উপস্থাপন করা হয়। এই পণ্যের নানা দিক তুলে ধরা হয়। আমাদের পরিকল্পনা ও প্রতিবেদন দেখে বিচারকেরা খুশি হয়েছিলেন। তবে একটি বিষয়ে কমতি ছিল। এই প্রকল্পটি যথাযথভাবে পরীক্ষণের সুযোগ পাইনি। যেটা অন্য দলগুলো করেছিল। ওরা স্কুল পর্যায় থেকে শুরু করে যেকোনো প্রকল্প পরীক্ষণের সুযোগ পায়। সেভাবে ওদের দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি দলের সঙ্গে ওদের দেখাশোনা করার জন্য একজন করে মেন্টর এসেছিলেন, যা আমরা আশাই করতে পারি না।’ জানান বিজয়ী দলের দলনেতা সাবাবা। ‘পুরো প্রতিযোগিতা প্রক্রিয়াটি খুবই ভালো হয়েছে। আমরা সবগুলো দলই একসঙ্গে ঘুরেছি। ১০০ বছরের বেশি পুরোনো এক্সেসরিজ, গহনার বাজার রয়্যাল সিলেনজারে দেখতে গিয়েছিলাম। বংশপরম্পরায় তারা এটি ধরে রেখেছে। এর ফাঁকে হতে থাকে আমাদের কর্মশালা, যা ভবিষ্যতে খুবই কাজে লাগবে। ছোট ছোট অনেক বিষয়, যা আগে জানতাম না। আন্তর্জাতিক বাণিজ্য আচরণ বিষয়ে একটি কর্মশালা হয়। সেখানে কীভাবে করমর্দন করতে হবে, ভিজিটিং কার্ড দেওয়া-নেওয়ার নিয়মসহ কত কিছু যে শেখানো হয়। মালয়েশিয়ার বন্য প্রাণী সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সবাই মিলে প্রায় ২০০টা গাছ লাগিয়েছি। ‘চূড়ান্ত প্রতিযোগিতার দিন আমি আর সিফাত শাড়ি পরেছিলাম। ফিলিপাইনের মেয়েরা এটি পছন্দ করে। ওরা শাড়ি পরা শিখতে আমাদের কাছে আসে। শাড়ি পরে ছবিও তোলে। ওদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমরাও ছবি তুলেছি। সেদিনই ওদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব হয়ে যায়। দেশে ফিরেও ওদের কথা মনে পড়ছে।’ বলেন সাবাবা। এ দলের আরেক সদস্য সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের অভিজ্ঞতা ভালো। নতুন অনেকগুলো বন্ধু হয়েছে। নানা দেশের সংস্কৃতি, সে দেশের মানুষের কথা জানতে পেরেছি।’ এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে তাঁরা ২০ হাজার হংকং ডলার পেয়েছেন। এই অর্থ দিয়ে কী করবেন, জানতে চাইলে সাজ্জাদ বলেন, ‘এখনো কিছু ঠিক করিনি। আমাদের পড়াশোনা শেষ হলে এটি দিয়ে আমাদের প্রকল্পের কাজ শুরু করব। পড়াশোনার ফাঁকে ফাঁকে এই প্রকল্প নিয়ে কাজ করব। কেননা, আমাদের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে আছে। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করতে পারিনি। সে কারণে আরও বিস্তরভাবে কাজ করতে চাই। আগামী এক বছরে অনেকে এই বিষয় নিয়ে কাজ করব। সে কারণে একে আরও ভিন্নভাবে নতুন করে বাজারে নিয়ে আসতে হবে।’সাবাবা, সিফাত ও সাজ্জাদ তিনজনই আরও নানা প্রতিযোগিতায় অংশ নিতে চান। যাতে করে নিজেদের যাচাই করার সুযোগ পাওয়া যায়।