মালয়েশিয়া যাবা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ শাকের। বয়স-১৫। বাড়ি কক্সবাজারের টেকনাফের ধুমপ্রাং গ্রামে। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বাবা মোহাম্মদ হোসেন ক্ষুদ্র ব্যবসায়ী। মানবপাচারকারীদের প্রলোভনে টাকা আয়ের স্বপ্নে শাকের ট্রলারে করে পাড়ি জমায় বিদেশে। তারপর কী হয়েছিল শাকেরের? মোহাম্মদ শাকের শোনালেন নির্মম সেই কাহিনি।
মোহাম্মদ শাকের
মোহাম্মদ শাকের

২০১৪ সালের ৪ ডিসেম্বর। বিকেল চারটা। টেকনাফের কাটাবুনিয়া গ্রামের দালাল গুরা মিয়া আমাকে বলেন, ‘মালয়েশিয়ায় যাবা? ভালো চাকরি পাবা, এসি রুমে থাকবা। মেলা টাকার বেতন। একেবারে টুইন টাওয়ারের পাশে। এখানে মাটির ঘরে থেকে কী করবা মিয়া? লেখাপড়া শিখে তো আর জজ-ব্যারিস্টার হতে পারবা না। গেলে চলো।’
সেদিন সন্ধ্যায় অটোরিকশায় তুলে আমাকে নেওয়া হলো শাহপরীর দ্বীপ ঘাটে। রাতে সাতজন নারীর সঙ্গে আমাকে তোলা হলো একটি কাঠের নৌকায়। গভীর রাতে নৌকাটি সেন্ট মার্টিনের অদূরে (বঙ্গোপসাগরে) গিয়ে নোঙর করে। ঘণ্টা খানেক পর চট্টগ্রামের দিক থেকে আসে আরেকটি বড় ট্রলার। সেই ট্রলারে আমাদের তোলা হলো। সব মিলিয়ে ট্রলারে ২২ জন নারীসহ তিন শতাধিক যাত্রী। নারীদের ট্রলারের ছোট্ট একটি কক্ষে এবং পুরুষদের ট্রলারের ভেতরে গাদাগাদি করে ফেলে রাখা হয়। নারী যাত্রীদের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। দালালেরা বিয়ের নাম করে নারীদের থাইল্যান্ড পাচার করছিল। পুরুষদের মধ্যেও বেশির ভাগ রোহিঙ্গা।
৫ ডিসেম্বর বিকেল পাঁচটা। প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল। এ সময় লোকজন হইচই-কান্নাকাটি শুরু করে। অনেকে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। কান্নাকাটি থামাতে দালালেরা যাত্রীদের বিদ্যুতের তার ও লাঠি দিয়ে বেদম প্রহার শুরু করে। সেদিন রাতে অসুস্থ হয়ে মারা যায় হাসান নামে নারায়ণগঞ্জের এক যাত্রী। লাশটি ট্রলার থেকে সাগরে নিক্ষেপ করা হলো। দালালদের একজন ওই দৃশ্য দেখিয়ে ট্রলার যাত্রীদের উদ্দেশে বলল, ‘চিল্লাচিল্লি করলে তোদেরও সাগরে ফেলে দেব।’

১১ ডিসেম্বর সন্ধ্যায় ট্রলারটি থাইল্যান্ডের বাদামমুছা নামের একটি পাহাড়ঘেরা জঙ্গল দ্বীপের কাছে থামে। তারপর সেখানকার দালালেরা যাত্রীদের সারিবদ্ধভাবে জঙ্গলের ভেতর নিয়ে যায়। সেখানে বাঁশ ও কাঠের তৈরি ১২টি লম্বা গুদামঘর দেখা গেল। দুটি গুদামে আগে থেকেই চার শতাধিক লোক বন্দী ছিল। অপর একটি গুদামে ৫০ জনের মতো বন্দী নারী কান্নাকাটি করছিলেন।
আমাদের ট্রলারের ২২ জন নারীকে আলাদা একটি গুদামে পাঠানো হলো। আমিসহ তিন শতাধিক লোককে রাখা হলো পাশের দুটি গুদামে। গভীর রাতে মুক্তিপণের জন্য দালালেরা শুরু করে অমানবিক অত্যাচার-নির্যাতন। রাতে গুদাম ঘর থেকে নারীদের আর্তচিত্কারে বাতাস ভারী হচ্ছিল। সেখানে বিশেষ পোশাক পরা পুরুষের আসা-যাওয়া দূর থেকে দেখা যেত।
বন্দিশিবিরে অভুক্ত থেকে কিংবা নির্যাতনে কেউ অসুস্থ হলে চিকিত্সার কোনো ব্যবস্থা নেই। বন্দিশিবিরেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রহিম নামের এক কিশোরের মৃত্যু হয়। তার বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
মুক্তিপণের টাকার জন্য আমাকেও বন্দিশিবিরে রাত-দিন মারধর করা হতো। দালালেরা টাকার জন্য টেকনাফের বাড়িতে বাবা-মার কাছে ফোন করতে বারবার চাপ দিত। বলত, টাকা না পাঠালে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেবে। এসব শুনে মা-বাবা কান্নাকাটি করতেন। ২৭ ডিসেম্বর মায়ের সোনার গয়না বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দিলে দালালেরা আমাকে থাইল্যান্ড সীমান্ত দিয়ে মালয়েশিয়া পাঠিয়ে দেয়। মালয়েশিয়ার দালালেরা আমাকে নিয়ে যায় একটি সয়াবিন তেল উত্পাদন কারখানায়। বেতন মাসে ৭০০ রিংগিত। বাংলাদেশি ১৫-১৬ হাজার টাকা। সেখানে ৩৩ দিন ছিলাম। একদিন কারখানা থেকে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে গেলাম। ধরা পড়লাম পুলিশের হাতে। এরপর ঠাঁই হলো কারাগারে। প্রায় দুই মাস কারাভোগের পর মিলল মুক্তি। এরপর গত ১৯ এপ্রিল বিমানে ঢাকায় ফিরে এলাম। বিমান ভাড়ার টাকাও টেকনাফের বাড়ি থেকে পাঠাতে হয়েছিল। দালালের খপ্পরে পড়ে একটুর জন্য জীবনটাই শেষ হয়ে যেত।
শাকেরের বাবা মোহাম্মদ হোসেনের ভাষ্য, ‘উচ্চ সুদে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে মালয়েশিয়া পাঠিয়ে ছেলেকে কোনোমতে টেকনাফ এনেছি। থাই জঙ্গলে বেদম পিটুনিতে শাকেরের হাত-পায়ে প্রচণ্ড জখম হয়। অসুস্থ ও দুর্বল থাকায় সে নতুন করে লেখাপড়াও শুরু করতে পারছে না।’
অণুলিখন: পপি চৌধুরী, কক্সবাজার বন্ধুসভা