মালয়েশিয়া যাবেন চট্টগ্রামের পাঁচ জেলার ৬৭২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়া যেতে চট্টগ্রামের পাঁচ জেলার আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী শনিবার। চলবে সোমবার পর্যন্ত। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই পাঁচ জেলা থেকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন মোট ৬৭২ জন। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নিবন্ধন করতে হবে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে। এসব তথ্য সেবাকেন্দ্রের ১৮০ জন উদ্যোক্তাকে গত মঙ্গলবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে বৃক্ষরোপণ (প্ল্যান্টেশন) খাতে ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি থেকে। ২১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন শেষে ২২ জানুয়ারি চট্টগ্রাম ও অন্য চার জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে কম্পিউটারে লটারির মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই করা হবে। এক্ষেত্রে জেলার জন্য নির্ধারিত কর্মী সংখ্যার চেয়ে ১৫ শতাংশ বেশি আবেদনকারীর নাম তোলা হবে। মনোনীতদের মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে মনোনয়নের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সূত্র জানায়, প্রাথমিকভাবে চট্টগ্রামের পাঁচ জেলার ৭৭৫ জনের নাম লটারির মাধ্যমে মনোনীত করা হবে। জনসংখ্যার হিসেবে এবার চট্টগ্রাম জেলা থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাথমিকভাবে মনোনীত হবেন ৪৩৬ জন। এ ছাড়া কক্সবাজার থেকে ১৯৯, বান্দরবান থেকে ৩৪, রাঙামাটি থেকে ৫২ এবং খাগড়াছড়ি থেকে ৫৪ জন মনোনীত হবেন। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনীত হিসেবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন ৬৭২ জন। প্রথম ১০ হাজার কর্মী নিয়োগের পর অল্প সময়ের মধ্যে আরও ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে। তখন চট্টগ্রামের পাঁচ জেলা থেকে আরও এক হাজার ৩৪৪ জন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। এবার নিবন্ধন করা আগ্রহীদের মধ্য থেকেই পরের বারেও কর্মী মনোনয়ন করা হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত চট্টগ্রামের ১৯৫টি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করা হবে। নিবন্ধন কার্যক্রম চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মাত্র ৫০ টাকা জমা দিয়ে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করাতে পারবেন। আগ্রহী ব্যক্তি কৃষক কি না সে বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যয়নপত্র দেবেন। জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহকারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষ। মাইকিং ও পোস্টার লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। ৫০ টাকার বেশি কোথাও নেওয়া হচ্ছে কি না তা দেখতে নিবন্ধনের তিন দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে।