সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারের অন্যতম মাঝি সাকের আহমদকে অবশেষে থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। ১৪ ফেব্রুয়ারি রাতে টেকনাফ পৌর এলাকার গ্রিন গার্ডেন নামের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাকের আহমদ (৩৮) মিয়ানমারের আকিয়াব মেউর কূলের বাসিন্দা আলী আহমদের পুত্র।সূত্র জানায়, টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী। সম্প্রতি তাঁর ইঞ্জিনচালিত নৌকায় মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়া লোকজনও পাচারকারী হিসেবে তাঁর নাম বলেছেন। অথচ এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে দায়ের করা মামলায় তাঁকেই সাক্ষী করা হয়েছে।১৪ ফেব্রুয়ারি প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘অভিযুক্তই মামলার সাক্ষী!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গ্রেপ্তার হওয়া সাকের আহমদ বলেন, ‘স্থানীয় শাহপরীর দ্বীপের মালয়েশিয়া দালালচক্রের সদস্য ইসমাইল, জিয়াবুল, মো রফিক প্রকাশ জাপাইন্ন্যা, আবদুস শুক্কুর ও ছৈয়দ হোসেন দীর্ঘদিন ধরে আমাকে ব্যবহার করে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মানবপাচারের কাজ চালিয়ে আসছিল।’ ৭ ফেব্রুয়ারি শাহপরীর দ্বীপ উপকূলীয় এলাকায় বিজিবি ছয়জন যাত্রীসহ যে ট্রলার আটক করে, আমি ওই ট্রলারের মাঝি ছিলাম। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, ওই ঘটনার পর গ্রেপ্তার হওয়া ট্রলারের মাঝি সাকের আহমদ অনেক তথ্য দিয়েছেন। কারা মানবপাচারের সঙ্গে জড়িত ছিল, তাদের বিষয়ে এখন প্রায় নিশ্চিত হওয়া গেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।