মালয়েশিয়ার স্বপ্নে সব হারালেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই বছর আগে তিন লাখ ৬২ হাজার টাকা দিই সুরুজ্জামানকে। টাকা দেওয়ার সময় বিমানে মালয়েশিয়া নিবে বলে কথা দিছিল। নয় দিন আগে চট্টগ্রাম আইছি। চট্টগ্রাম আসার পর শুনলাম জাহাজে করে নিবে। শুরুতে রাজি হই নাই। পরে টাকার মায়া করে রাজি হইলাম।’গত রোববার র‌্যাব-৭ এর কার্যালয়ে এভাবেই নিজের দুর্ভোগের কথা বর্ণনা করেন ঝিনাইদহের মধুপুর গ্রামের বাসিন্দা শেখ মো. মজিদ (৩৩)। এর আগে গত শনিবার রাতে নগরের কদমতলি এলাকার চারটি হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জনকে উদ্ধার করে র‌্যাব। তাঁদের সবাইকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়। অভিযানে সুরুজ্জামান শামীম ও জহিরুল ইসলাম নামের দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। শেখ মো. মজিদ পেশায় কৃষক। গ্রামে তাঁর ছোট একটি মুদি দোকানও ছিল। তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর আগে অন্য এক লোকের মাধ্যমে সুরুজ্জামানের সঙ্গে পরিচয়। তাঁকে টাকা দেওয়ার জন্য দোকানটাও বিক্রি করে দিয়েছি। এখন আমার কিছুই নেই ভাই।’মজিদের শ্বশুর পক্ষের আত্মীয় মাগুরার পাথরঘাটা গ্রামের মো. সুজন। ঢাকায় একটি পোশাক শিল্পকারখানায় কাজ করেন। মজিদের মাধ্যমে সুরুজ্জামানের সঙ্গে পরিচয়। মালয়েশিয়া যাওয়ার জন্য সুজন দিয়েছেন দেড় লাখ টাকা। উদ্ধার হওয়া লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রায় আড়াই বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে মালয়েশিয়া নেওয়ার স্বপ্ন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা নেন সুরুজ্জামান। জাহাজে মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাঁদের চট্টগ্রাম নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা সিরাজগঞ্জ, মাগুরা, পাবনা, ঝিনাইদহ, টাঙ্গাইল ও নাটোরের বাসিন্দা। বেশির ভাগ ব্যক্তিই পেশায় কৃষক। বেকারও ছিলেন কেউ কেউ। বিদেশে গিয়ে ভালো আয়-রোজগার করে সংসারের দারিদ্র্য দূর করবেন এমন স্বপ্ন দেখেছিলেন তাঁরা। অনেকে এ জন্য জায়গা-জমি বিক্রি করে টাকাও জোগাড় করেছেন।র‌্যাব-৭ এর উপপরিচালক রাকীবুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সুরুজ্জামানের একটি ট্রাভেল এজেন্সি আছে। সিরাজগঞ্জে চৌখালিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচন করেছেন তিনি। সুরুজ্জামান সংঘবদ্ধ পাচারকারী দলের নেতা। এই সহজ-সরল মানুষগুলো তাঁর প্রতারণার শিকার।’সুরুজ্জামানের প্রতারণা থেকে বাদ যাননি তাঁর আত্মীয়স্বজনও। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন সুরুজ্জামানের চাচাতো ভাই মো. হেলাল উদ্দিন। হেলাল প্রথম আলোকে বলেন, ‘এক বছর আগে এক লাখ ২৭ হাজার টাকা দিয়েছি। জাহাজে মালয়েশিয়া নিয়ে যাবে বলে দুই দিন আগে আমাকে চট্টগ্রাম নিয়ে আসে সুরুজ্জামান।’ মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিলেও কোনো পাসপোর্টই নেই হেলালের। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেরই নেই পাসপোর্ট। অধিকাংশই জানেন না মালয়েশিয়া কত দূর। কেউ কেউ দু-একটি কাপড় আর হাতখরচের অল্প টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন মালয়েশিয়া যাবেন বলে। র‌্যাব ৭-এর অধিনায়ক মো. আনোয়ার লতিফ খান বলেন, ‘দরিদ্র লোকজন একটু সচ্ছলভাবে বাঁচার আশায় বিদেশে যেতে চান। তাঁদের অজ্ঞতা ও সরলতার সুযোগ নিচ্ছে প্রতারকেরা। মানব পাচারকারী ব্যক্তিরা সাধারণ মানুষকে সমুদ্রপথে চট্টগ্রাম থেকে মালয়েশিয়া নেওয়ার কথা বলে। আসলে কোথায় নিয়ে যায়, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে।’ উল্লেখ্য, গত ৫ জুন মধ্যরাতে পতেঙ্গার নেভাল একাডেমি-সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে ২৬ জনকে উদ্ধার করে র‌্যাব। তাঁরা ইঞ্জিনচালিত নৌকায় মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।