মালয়েশিয়ার স্বাস্থ্য পর্যটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবায় অবদান রাখছেন চিকিৎসকেরা
মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবায় অবদান রাখছেন চিকিৎসকেরা

এখন অনেকেই বেড়াতে যাচ্ছেন দেশের বাইরে। বেড়ানোর পাশাপাশি এসব দেশে অনেকেই স্বাস্থ্যপরীক্ষা করে থাকেন। মালয়েশিয়ার স্বাস্থ্য পর্যটনও জনপ্রিয় হচ্ছে। যাঁরা বেড়ানোর জন্য মালয়েশিয়া যাচ্ছেন তাঁরাও চাইলে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন। মালয়েশিয়ায় এখন দুই শতাধিক আধুনিক হাসপাতাল রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোয় সেবাগ্রহণকারীদের সার্বক্ষণিক সহযোগিতা দিতে আছে বিশেষ সংস্থা মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)।
মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা সম্পর্কে এমএইচটিসির পরিচালক কবিতা মাথুবায় বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় মালয়েশিয়া সরকার এ দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিয়েছে। এখানকার চিকিত্সা এখন বিশ্বমানের। এখন বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়ায় আসছেন চিকিত্সাসেবা নিতে। বেড়াতে এসে স্বাস্থ্যসেবা নিতে আসা বাংলাদেশিদের সংখ্যাও বাড়ছে।’
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে এখন প্রতিবছর কয়েক লাখ লোক চিকিত্সার জন্য বিদেশে যাচ্ছেন। এখানকার চিকিত্সা ও সেবার মান বিশ্বমানের। ওরা বেশ যত্ন নিতে জানে। হাসপাতালগুলোয় ভিড়ও কম।
মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য চিকিত্সা গন্তব্য হতে পারে।’
এমএইচটিসির ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কিছু শীর্ষ হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে, সেখানে রোগীর ভিড় কম। সেই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বেশ গুরুত্ব দেয় তারা। সাধারণ চিকিত্সার পাশাপাশি প্রায় প্রতিটি হাসপাতালই বিশেষায়িত চিকিত্সার বিশেষ ব্যবস্থা রয়েছে।

কেপিজে তাওয়াক্কাল বিশেষায়িত হাসপাতাল
কেপিজে হেলথ কেয়ার গ্রুপের ২৫টি হাসপাতাল আছে মালয়েশিয়াজুড়ে। কুয়ালালামপুরেই আছে সাতটি। কুয়ালালামপুরের তাওয়াক্কাল হাসপাতালটি সাধারণ চিকিত্সার জন্য ভালো হলেও অর্থো, গ্যাস্ট্রো ও রিউমেটোলজির জন্য এটি বিশেষায়িত। তবে এর সবচেয়ে বড় সুবিধা
হেলথ স্ক্রিনিং ব্যবস্থা। এখানকার প্রিমিয়াম স্ক্রিনিং ও ওয়েলনেস সেন্টারে চিকিত্সা খরচ নাগালের মধ্যে। কেপিজে হাসপাতালের আন্তর্জাতিক বিপণনের গ্রুপ নির্বাহী জালিফা ইয়াসমীন ইব্রাহিম বলেন, পর্যটকদের হেলথ স্ক্রিনিংয়ের জন্য এখানে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ রয়েছে। বাংলাদেশি রোগীদের জন্য প্রয়োজনে এখানে দোভাষী সহায়তা দেওয়ার ব্যবস্থাও আছে।

ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট
হৃদ্যন্ত্র ও যকৃতের চিকিত্সার জন্য এটিকে এশিয়ার অন্যতম সেরা হাসপাতাল বলে মনে করেন ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের চিকিৎসক কুমারা গুরুপ্পারান। তিনি বলেন, হৃদ্রোগ চিকিত্সার সর্বশেষ প্রযুক্তির সবগুলোই আছে এখানে। ৪৬১ জন রোগীর জন্য এখানে আছেন ১ হাজার ৯০০ চিকিত্সাকর্মী। এ পর্যন্ত চার হাজারের বেশি বাইপাস অপারেশন হয়েছে এখানে।

রামসে সিমে ডারবি আর দামানসারা
কুয়ালালামপুরের উপকণ্ঠে সুবাংযায়া বিমানবন্দর ঘেঁষে এটি একটি বিলাসবহুল হাসপাতাল। মূলত ক্যানসার, মেরুদণ্ড, মস্তিষ্কসহ জটিল রোগের চিকিত্সার জন্য এ হাসপাতালটি বিখ্যাত। পিঠব্যথা ও মেরুদণ্ডের সমস্যার চিকিৎসায় এক্সক্লিফ নামের স্বল্প ব্যথার চিকিত্সাপদ্ধতি এই হাসপাতালেই সবচেয়ে ভালো হয় বলে দাবি করেন এখানকার অর্থোপেডিক সার্জন আপ্পাসামি ভেলু। এ ছাড়া রক্তনালি ও ক্যানসারের চিকিত্সায়ও এটি বিখ্যাত। রামসে ডারবি হাসপাতালে চিকিত্সা খরচ বেশি হলেও এখানকার পরিবেশ ও যত্নের নমুনা দেখলে তা মানানসই বলেই মনে হয়।

পানতাই হাসপাতাল
কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে এটি আরেকটি হাসপাতাল। এটিও আরেকটি জেনারেল হাসপাতাল। এখানে অনেক বাংলাদেশি রোগী আসেন বলে জানান পানতাই হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা বিদ্যাধরা এসডি। তিনি বলেন, ‘ক্যানসার ও ইউরোলজির বিভিন্ন রোগের জন্য এই হাসপাতাল বিখ্যাত। তবে হৃদ্রোগের চিকিত্সায়ও আমাদের আছে বিশ্বমানের চিকিত্সাব্যবস্থা।’ তিনি বলেন, এখানকার চিকিত্সকেরা নিয়মিত বাংলাদেশে আসেন বিভিন্ন হাসপাতাল ও রোগীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে। বিশ্বমানের সুবিশাল পানতাই হাসপাতালে পর্যটকদের জন্য হেলথ স্ক্রিনিং প্যাকেজ রয়েছে। আছে বাংলাদেশি দোভাষীও।
মালয়েশিয়ার প্রায় সব কটি বড় হাসপাতালে বিদেশি রোগীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এখানে তাঁরা দ্রুততার সঙ্গে সহজে চিকিত্সা পেতে বিশেষ সহায়তা পেয়ে থাকেন। এ ছাড়া বিদেশিদের সব ধরনের সহায়তা করতে আছে এমএইচটিসি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আছে এমএইচটিসি লাউঞ্জ। বিমানবন্দর থেকেই বিদেশি চিকিত্সাপ্রার্থীরা বিভিন্ন সুবিধা পেতে পারেন। তাদের ওয়েব ঠিকানা: www.mhtc.org.my.
এমএইচটিসি মালয়েশিয়ার হাসপাতালগুলোর সঙ্গে বাংলাদেশের হাসপাতাল ও চিকিত্সাপ্রত্যাশীদের যোগাযোগ বাড়াতে কাজ করছে। বাংলাদেশে এমএইচটিসির স্থানীয় সমন্বয়ক প্রতিষ্ঠান হলো গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের অঙ্গপ্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট লিমিটেড। তারা বাংলাদেশি রোগীদের পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে চিকিত্সক বা হাসপাতাল নির্বাচন, যোগাযোগ ইত্যাদি সহযোগিতা করে থাকে তারা। এমনকি মালয়েশিয়ায় চিকিত্সাপ্রত্যাশী বাংলাদেশিদের স্বাস্থ্যবিমার সুবিধাও দিচ্ছে জিডি অ্যাসিস্ট।