মালয়েশিয়ায় পরিবর্তনের হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়ালালামপুরের শান্তিপূর্ণ পরিবেশ সম্প্রতি হঠাৎ কেঁপে ওঠে বিক্ষুব্ধ জনতার স্লোগানে। ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের দাবিতে গঠিত জোট কোয়ালিশন ফর ক্লিন অ্যান্ড ফেয়ার ইলেকশন এ বিক্ষোভের আয়োজন করে। কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও মানবাধিকারকর্মীরা ‘ভারশিহ’ নামের একটি জোট গঠন করেছেন। মালয় শব্দ ‘ভারশিহ’ অর্থ হলো স্পষ্ট, পরিষ্কার, সুষ্ঠু ইত্যাদি।ভারশিহ বলছে, মালয়েশিয়ার বর্তমান নির্বাচনপদ্ধতির সংস্কারই তাদের লক্ষ্য। তারা মনে করে, এ নির্বাচনপদ্ধতিই বর্তমান ক্ষমতাসীন জোটের বারবার ক্ষমতায় আসার পথ উন্মুক্ত রেখেছে।ভারশিহ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ কর্মসূচি পালনে রাজপথে নামলে ব্যাপক গোলযোগ হয়। গ্রেপ্তার হয় এক হাজারের বেশি বিক্ষোভকারী। তাদের বেশির ভাগকে অবশ্য দ্রুত ছেড়ে দেওয়া হয়।বিক্ষোভকারীদের নেতা হারিস ইব্রাহিম বলেন, ‘বিক্ষোভ শান্তিপূর্ণ হবে বলে আমরা অঙ্গীকার করেছিলাম। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে, সংস্কারের বিষয়টি সরকার যাতে গুরুত্বের সঙ্গে নেয়, সে জন্য চাপ সৃষ্টি করতে হবে।’সংস্কারের দাবির মধ্যে রয়েছে: নির্বাচন অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে থেকে প্রচারাভিযান চালানো, গণমাধ্যমে সব দলের সমান প্রচার নিশ্চিত করা এবং নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তবে সরকার বলছে, ভারশিহ জোটের সমর্থকেরা আরও বেশি কিছু চায়। রাজপথে তারা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষের মতোই স্লোগান দিয়েছে।৫০ বছরের বেশি সময় আগে স্বাধীনতা লাভের পর থেকে মালয়েশিয়ার রাজনীতিতে প্রাধান্য বজায় রেখেছে ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)। ঠিক-বেঠিক যা-ই হোক, এ সময়কালে উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক আদর্শের আগে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এ দলটির যুব শাখার নেতা খায়েরি জামালুদ্দিন নির্বাচনপদ্ধতির সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করেন। কিন্তু তাঁর মতে, ‘ভারশিহর আচরণ সংঘাতমূলক। নির্বাচনপদ্ধতি সংস্কারের একটি প্রক্রিয়া আছে। এ জন্য নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে হবে।’ভারশিহ যে বস্তুত একটি রাজনৈতিক সংগঠন, তা অস্বীকার করেননি সংস্কার আন্দোলনের নেতা ইব্রাহিম। তবে বিক্ষোভকারীরা সরকারের পতন চায়, এমন অভিযোগ নাকচ করে দেন তিনি। ইব্রাহিম বলেন, ‘কোনো কিছু বলে আমাদের সংস্কারের দাবি দমিয়ে রাখা যাবে না।’২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের ফল দেখে মালয়েশিয়ার সরকার কিছুটা উদ্বিগ্ন। ওই নির্বাচনে বর্তমান সরকার জয়ী হলেও তারা পাঁচটি রাজ্যে বিরোধী রাজনৈতিক শক্তির কাছে পরাজিত হয়েছে, যা এযাবৎ কালের সবচেয়ে খারাপ ফলাফল। ভারশিহর এবারের আন্দোলন মোকাবিলা করতে সরকারকে সমস্যায় পড়তে হয়। কারণ, বিক্ষোভকারীদের মধ্যে বার্তা আদান-প্রদান বন্ধ করতে পারেনি সরকার। সংস্কারকামীরা আইফোন বা আইপ্যাডের মতো ‘স্মার্ট ফোন’ ব্যবহার করে কোথায় পুলিশ অবরোধ করে রেখেছে, কীভাবে পুলিশের অ্যাকশন এড়ানো যাবে—এসব তথ্য আদান-প্রদান করে।‘দ্য মালয়েশিয়ান ইনসাইডার’ নামের একটি অনলাইন সংবাদ পোর্টালের সম্পাদক ও কোম্পানিপ্রধান জাহাবার সাদিক বলেন, সামাজিক গণমাধ্যম মালয়েশিয়ার রাজনৈতিক গতি-প্রকৃতিতে পরিবর্তন আনবে। ভবিষ্যতে কেউ টুইটার বা ফেসবুকের মাধ্যমে জনগণের স্বপ্ন ধারণ করে দেশের নেতৃত্ব গ্রহণ করবে। আমার মনে হয়, এক দশকের মধ্যে সেটা বাস্তবায়িত হবে।মালয়েশিয়ায় পরিবর্তনের হাওয়া নিঃসন্দেহে ক্রমেই বেশি করে জোরালো হবে। কিন্তু মনে রাখতে হবে, এটা মিসর বা লিবিয়া নয়। দেশটি সহিংস অভ্যুত্থানের দ্বারপ্রান্তে নেই। তবে মালয়েশীয় জনগণের রাজনৈতিক পছন্দ নির্ধারণের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠেছে এবং তা দিন দিন বাড়ছে। বিবিসি অবলম্বনে মাহফুজার রহমান