মাশকারার সাজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের সাজকে পূর্ণ রূপ দেয় মাশকারা, বিশেষ করে যাঁদের চোখে পাপড়ি কম থাকে। একটু কাজলের সঙ্গে দুই কোট মাশকারা, দেখবেন তাতেই আপনার চোখ সবার নজর কাড়ছে। মাশকারা দিয়ে চোখ সাজানোর উপায় জানাচ্ছেন ম্যাজিক মিররের প্রধান নির্বাহী ফারজানা হালিম হাই। তিনি বলেন, গরমে দিনের বেলায় হালকা করে চোখ সাজাতে হবে। আর রোদ-বৃষ্টির এই দিনগুলোতে চোখের সাজের প্রসাধন, যেমন—মাশকারা, কাজল ও আইলাইনার অবশ্যই পানিরোধক হতে হবে। ন্যাচারাল মেকআপ এ সময়ে বেশি চলছে। চোখে এ ধরনের মেকআপ দিনের যেকোনো সময়ের জন্য উপযোগী। চোখের সাজের জন্য কোন রঙের আইশ্যাডো, আইলাইনার ও মাশকারা বেছে নিয়েছেন, সেটি গুরুত্বপূর্ণ। ন্যাচারাল সাজে চোখের ওপরের অংশে সোনালি আইশ্যাডো ব্যবহার করতে হবে। এরপর ভ্রুর নিচে হাইলাইট অংশে সাদা রঙের আইশ্যাডো দিতে হবে। এরপর চোখের ওপরে ও নিচে কোণ ঘেঁষে হালকা করে কাজল ব্যবহার করুন। ইংরেজি ভি-আকৃতির মতো করে চোখের বাইরের কোণে সোনালি ও সাদা আইশ্যাডো মিশিয়ে ভিন্ন ধরনের রঙের আভা তৈরি করবে। চোখের নিচের অংশের ভেতরের কোণে হালকা রঙের সোনালি আইশ্যাডো ব্যবহার করতে হবে। চোখে কম পাপড়ি থাকলে ‘এক্সট্রা ভলিউম’ গায়ে লেখা মাশকারা তিন কোট ব্যবহার করবেন। তবে প্রথমে চোখের ওপরের পাপড়িতে এক কোট লাগিয়ে শুকিয়ে নিয়ে পুনরায় ব্যবহার করতে হবে। এভাবে নিচের পাপড়িতেও ব্যবহার করতে হবে। প্রাকৃতিকভাবেই যাঁদের বেশি পাপড়ি চোখ, তাঁদের দুই কোট মাশকারা ব্যবহার করলেই চলবে। সারা দিনের জন্য কালো রঙের মাশকারা বেছে নেওয়া ভালো। রাতের অনুষ্ঠান বা জমকালো পোশাকের সঙ্গে নীল, সবুজ ও বাদামি রঙের মাশকারা ব্যবহার করতে পারেন। তখন চোখের সাজে আরেকটু বৈচিত্র্য আনতে হবে। স্বাচ্ছন্দ্য বোধ করলে কৃত্রিম আইল্যাশ লাগানো যেতে পারে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আইল্যাশ লাগানোর সাদা আঠা যেন দেখা না যায়। সেটি ঢাকার জন্য খুব সরু করে আইলাইনার ব্যবহার করুন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে নীল, সবুজ ও বাদামি রঙের কাজল চোখের ওপরে লাগিয়ে নিন। সোনালি বা রুপালি রঙের আইশ্যাডো নিচে কাজলের মতো করে ব্যবহার করলে জমকালো দেখাবে চোখ। মাশকারা ব্যবহার করতে গিয়ে অনেক সময় চোখের পাপড়ি একটির সঙ্গে অপরটি লেগে যায়। এ সমস্যা থেকে বাঁচতে মাশকারা ব্রাশ দিয়ে আঁচড়ে নিলে ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, খুব সতর্কতার সঙ্গে দিন শেষে অবশ্যই চোখের মেকআপ ভালোভাবে তুলে ফেলতে হবে।