মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছেন, টি-টোয়েন্টি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের এই বক্তব্য ফেলে দেওয়ার মতো নয়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে টসের সময় নিজ মুখে মাশরাফি ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি’ থেকে অবসরে যাওয়ার কথা বলেছেন। কিন্তু এমনও তো হতে পারে যে মাশরাফি সামনের আরও দু-এক মৌসুম বিপিএল খেলে যাবেন। সভাপতি তাই দারুণ খুশিমনে বলেছেন, মাশরাফি অধিনায়কত্ব ছাড়লেও টি-টোয়েন্টি ছাড়েননি।

 খেলা দেখার সময় বিসিবির সভাপতি কিছুক্ষণের জন্য হলেও অন্যমনস্ক থাকতে পারেন। ঠিক তখনই মাশরাফি অবসরের ঘোষণা দিয়েছেন। যার ফলস্বরূপ বিসিবির সভাপতি সেটা জানেনই না!

 নিজের ফেসবুক পেজের চেয়ে মাশরাফির ফেসবুক পেজে অনেক বেশি লাইক দেখে রাগে-দুঃখে অনেক আগেই মাশরাফিকে আনফলো করে দিয়েছেন নাজমুল হাসান। তাই মাশরাফির ফেসবুক পেজে দেওয়া অবসর-সংক্রান্ত পোস্টটি তিনি দেখেননি।

 বাংলা সিনেমায় যখন প্রেমিকা অভিমান করে চলে যায়, তখন প্রেমিক ভুল বুঝতে পেরে প্রেমিকাকে বাধা দেয় এভাবে: ‘না প্রিয়া, না! তুমি যেয়ো না, তুমি যেতে পারো না!’ বিসিবির সভাপতি মাশরাফির অবসরে যাওয়ার বিরহে তাঁকে ফিরিয়ে আনতে সে রকম থিওরি প্রয়োগ করতে চাইছেন।

 মাশরাফির অবসরে মন খারাপ অনেকেরই। গণমাধ্যমের সামনে ‘অধিনায়কত্ব ছেড়েছে, টি-টোয়েন্টি নয়’—এমন রসিকতা করে সাধারণ জনগণকে কষ্টের মধ্যেও হাসানোর চেষ্টা করায় বিসিবির সভাপতিকে ধন্যবাদ না দেওয়া অকৃতজ্ঞতার শামিল।

 পরীক্ষার্থীরা প্রশ্ন দেখে মাঝেমধ্যে ঘাবড়ে গিয়ে সহজ উত্তরও ভুল করে আসে। সাংবাদিকদের অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে নাজমুল হাসানও হয়তো ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দিয়ে এসেছেন। হতেও পারে এ ব্যাপারে তিনি কদিন পরই আবার সংবাদ সম্মেলন করে সবার ভুল ভেঙে দেবেন।

 টেলিভিশনে সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখে নাজমুল হাসান যখন বললেন, ‘মাশরাফি টি-টোয়েন্টি ছাড়েনি’, তখন স্বয়ং মাশরাফি মিষ্টি একটা হাসি দিলেন। বোর্ড সভাপতি অধিনায়কের মুখে হাসি ফুটিয়ে ভালো কাজই তো করেছেন।

 নাজমুল হাসানের এমন যুগান্তকারী বক্তব্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন রম্যলেখকেরা। বিসিবি সভাপতির এই কথায় ফেসবুক, পত্রপত্রিকায় লেখার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন অনেকে। নিশ্চিতভাবে বলা যায়, নাজমুল হাসান এসব দেখলে কদিন পর বলবেন, ‘আমি তো সেদিন এয়ারপোর্টে এই কথা বলেছিলাম লেখকদের সুবিধার জন্যই। আজ যে এত লাইক-কমেন্ট পাচ্ছেন সবাই, এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার একার!’

 আইপিএল শুরু হয়েছে। দেশের ক্রিকেটপ্রেমীরা আইপিএলমুখী হয়ে যাক, এটা নাজমুল হাসান চাননি। দেশের ক্রিকেটপ্রেমীরা দেশীয় ক্রিকেট নিয়েই থাকুক, এমন ভাবনা থেকে বোর্ড সভাপতি ‘মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছে, টি-টোয়েন্টি ছাড়েনি’ কথাটি বলে দেশীয় ক্রিকেটপ্রেমীদের দেশের ক্রিকেট নিয়েই ব্যস্ত রেখেছেন।

 পরিবার থেকে প্রিয় মানুষ বিদায় নিলে সবারই খারাপ লাগে। আমাদের বোর্ড সভাপতিও মাশরাফির বিদায়ে অশ্রুসিক্ত ছিলেন। তাঁর কান্না থামাতে মাশরাফি হয়তো বুঝিয়েছিলেন, ‘চলে যাওয়া মানেই প্রস্থান নয়। আমি তো আছিই! কাঁদছেন কেন...?’ আর তাই নাজমুল হাসান ধরে নিয়েছেন, মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছেন, টি-টোয়েন্টি নয়!