মাশরাফির সাফল্যের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্ত চিত্রা নদীতে ঝড় উঠত ছেলেটির অশান্ত হাত-পায়ের দাপটে। নিরিবিলি দাঁড়িয়ে থাকা নারকেলগাছগুলো অসহায়ের মতো দুলত ছেলেটির উৎপাতে। এলিয়ে থাকা নির্জন রাস্তা ধুলোময় হয়ে উঠত তার মোটরসাইকেলের গতিতে।এমন অশান্ত কিশোর, দুরন্ত যুবক জীবনে সফল হবে কী করে! আমাদের চিরকালের শিক্ষা বলে—শান্ত, সুবোধ, ছককাটা জীবনের মানুষগুলো একদিন সফল হয়। কিন্তু চিরায়ত এসব আপ্তবাক্যকে দুমড়েমুচড়ে দিতেই যেন এই ধরায় এসেছে সে। তাই একদিন যে ছেলেটি নদীতে ঝড় তুলত, গাছে বেয়ে বেড়াত, রাস্তায় ধুলো ওড়াত; সেই ছেলেটি আমাদের সামনে সফলতম একজনের উদাহরণ হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে। বারবার সহস্র প্রতিকূলতা, ইনজুরির নামে প্রকৃতির তামাশার সঙ্গে লড়াই করে অট্টহাস্য করে ওঠে আমাদের একজন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।মাশরাফির সফল হওয়ার কাহিনিটা আসলে সব ‘ফর্মুলা’কে ঠাট্টা করে। কোনো নিয়মকানুন, সমীকরণ দিয়ে তাঁকে মেলানো যাবে না। নড়াইলে যে ছেলেটি ক্রিকেট, ফুটবল, হা-ডু-ডু—সবকিছু খেলে বেড়াত, সে কী করে হঠাৎ বিকেএসপিতে চলে এল? এটা বোঝা দুঃসাধ্য এক ব্যাপার। মফস্বল থেকে হঠাৎ ঢাকায় চলে আসা। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুরন্ত বল করে তখনকার বাংলাদেশের বোলিং কোচ অ্যান্ডি রবার্টসকে মুগ্ধ করে ফেলা। গল্পটা এরপর তরতর করে এগিয়ে যেতে পারত। তাও আমরা বুঝতাম যে অন্তত চলচ্চিত্রের নিয়মটা মানছে সে। তাও মানে না।২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক; ২৩ নভেম্বর ওয়ানডের পথচলা শুরু। টেস্ট অভিষেক ইনিংসেই ৪ উইকেট; প্রথম ৪ টেস্টে ৫ ইনিংস বল করে ১২ উইকেট কী স্বর্ণালি পথচলা!কিন্তু এ সময়ই প্রথম এল সেই ইনজুরি। নিউজিল্যান্ডে বসে ইনজুরিতে পড়লেন; পিঠের ইনজুরি। যখন সেরে উঠছেন, তখন দড়ি লাফাতে গিয়ে হাঁটুর ইনজুরি। ফলে প্রথমবারের মতো শল্যবিদের ছুরির নিচে শুয়ে পড়তে হলো। আট মাস পর ফিরলেন।সেই শুরু, এরপর একে একে দুই হাঁটুতে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে। প্রতিবার দুনিয়াকে চমকে দিয়ে ফিরেছেন। ফিরেছেন আরও ধার নিয়ে, আরও দাপট নিয়ে। মাশরাফির এই ফেরা দেখে, বারবার চোট জয় দেখে বিস্মিত চিকিৎসাবিজ্ঞান পর্যন্ত।মাশরাফির হাঁটুতে একাধিক অস্ত্রোপচার করা অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়ং অনেক আগেই ভেবেছিলেন, এই ছেলের ক্রিকেট ক্যারিয়ার শেষ। তাঁর ভাবনা ভুল করে দিয়ে দাপট দেখাতে থাকা মাশরাফিকে নিয়ে বিস্মিত ইয়ং প্রথম আলোতে তাঁর বিস্ময়ের কথা লিখেছিলেন।মাশরাফি সর্বশেষ আমাদের বিস্মিত করলেন গত বছর জুলাই মাসে। মোহাম্মদ আশরাফুলের বদলে নতুন অধিনায়ক হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজে। সেই সফরে বাংলাদেশ টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করল ক্যারিবীয়দের। কিন্তু অধিনায়কত্ব দেড় দিনের বেশি কপালে সইল না মাশরাফির। আবার ইনজুরি।এবার প্রায় ১০ মাস বাইরে থাকতে হলো মাশরাফিকে। এ আর নতুন কি! কতবারই তো ইনজুরির জন্য বাইরে থাকলেন। কিন্তু এবার একটা বদল হয়ে গেল। বাইরে গিয়েছিলেন অধিনায়ক হিসেবে। আর তিনি বাইরে থাকতে ‘ভারপ্রাপ্ত’ থেকে ‘নিয়মিত’ অধিনায়কে পরিণত হওয়া সাকিব আল হাসানের হাতে দারুণ সফল হয়ে উঠল বাংলাদেশ দল।ইনজুরি থেকে ফিরে ফর্মও ফিরে পাচ্ছিলেন না, এমনকি একাদশে জায়গাও হারিয়ে ফেলেছিলেন। অভিজ্ঞতাটা নতুন। এ সময় মাশরাফির এপিটাফ অনেকেই লিখে ফেলেছিলেন। এমন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে জ্বলে শেষ হয়ে যাওয়া ছাড়া উপায় কি!হায় রে সমীকরণ! মাশরাফিকে ধরতে পারে কার সাধ্যি। মাশরাফি আগুনে পুড়লেন না। আবার বলে আগুন ঝরালেন, আবার মাঠে ফিরলেন দোর্দণ্ডপ্রতাপে। পারফরম্যান্সে মুছে গেল সব। এই সময়টার জন্যই যেন অপেক্ষা করছিলেন সাকিব। তাঁর তো অধিনায়কত্ব চাই না, ‘মাশরাফি ভাই’কে অধিনায়কত্ব বুঝিয়ে দিলেন স্বেচ্ছায়। ‘দুই ভাই’ হাতে হাত মেলালেন। আর বিশ্ব আরেকবার অবাক হয়ে দেখল আগুনপাখি আবার ডানায় ভর করে পুড়িয়ে দিতে চলেছে প্রতিপক্ষকে!