মাশরুম চাষে দারিদ্র্য জয়
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও পারুয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মাশরুম চাষে আগ্রহ বাড়ছে নারীদের। এসব ইউনিয়নের কয়েকটি গ্রামে মাশরুম চাষ অনেকের পরিবারেই সচ্ছলতা এনে দিয়েছে। স্বাস্থ্যসচেতনতা, খাদ্যঘাটতি পূরণ ও অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হওয়ায় মাশরুম চাষে ঝুঁকে পড়ছে তারা।অনুসন্ধানে জানা যায়, মাত্র সাত থেকে আট মাস আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজী গ্রামের নারগিস আকতার ও পারুয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের রোকেয়া বেগম প্রথম মাশরুম চাষ শুরু করেন। তাঁদের দেখাদেখি অন্যরাও আগ্রহী হন। নারগিস আকতার ও রোকেয়া বেগম আগ্রহী নারীদের সহযোগিতা করেন।নারগিস আকতার ও রোকেয়া বেগম জানান, মাশরুম কী সেটাই জানতেন না তাঁরা। এটি যে একটি পুষ্টিকর সবজি ও সর্বরোগের মহৌষধ, সে বিষয়টি অবগত করে বেসরকারি সংস্থা আরডিআরএস (রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস)। সংস্থার কর্মীরা তাঁদের ঘরে এসে মাশরুম চাষে উদ্বুদ্ধ করেন। মাশরুম চাষের জন্য পরিবেশ-উপযোগী ঘর তৈরি, বীজসহ সব উপকরণ বিনা মূল্যে প্রদান করেন তাঁরা। প্রথম পর্যায়ে তাঁরা উৎপাদিত মাশরুম বিক্রয়েরও ব্যবস্থা করেন।নারগিস আকতার বলেন, ‘মাশরুম চাষে প্রতি মাসে ১৫-১৬ হাজার টাকা আয় হচ্ছে আমার। এতে আমার সংসারে সচ্ছলতা আসে।’আরডিআরএসের রাঙ্গুনিয়া উপজেলার মাঠ কর্মকর্তা তাজউদ্দিন আহমেদ বলেন, প্রায় এক বছর আগে থেকে রাঙ্গুনিয়া উপজেলার দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মাশরুম চাষ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প বাস্তবায়নে উপজেলার পোমরা ও পারুয়া ইউনিয়নের দারিদ্র্যকবলিত গ্রামগুলো চিহ্নিত করা হয়। বর্তমানে এ দুই ইউনিয়নের প্রায় ১৩ গ্রামের পাঁচ শতাধিক পরিবারের নারীকে মাশরুম চাষ প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, মাশরুম একটি সুস্বাদু পুষ্টিকর সবজি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাংস বা মসুর ডাল দিয়ে রান্না করলে মাশরুমের আলাদা স্বাদ পাওয়া যায়। মাশরুম ডায়াবেটিস, ক্যানসার, রক্তশূন্যতা, উচ্চ রক্তচাপ, হূদেরাগ, হাঁপানি, টিউমার, জন্ডিসসহ নানা রোগের ঝুঁকি কমায়। পোমরা ইউনিয়নের হিলাগাজী ও পারুয়া ইউনিয়নের কাটাখালী গ্রাম ঘুরে দেখার সময় কয়েকজন নারী মাশরুম চাষ সম্পর্কে বলেন, এটি খুবই সহজ। আলোবিহীন স্যাঁতসেঁতে পরিবেশে ঘরের মধ্যে মাশরুম চাষ করা যায়।প্লাস্টিকের থলে মোড়ানো কাঠের গুঁড়ায় বীজ বপন করে মাশরুম চাষ করা হয়। নিয়মিত পানি দিতে হয়। এক সপ্তাহের মধ্যে মাশরুম গজায়। এ সময় পরিমিত রোদের স্পর্শে রাখতে হয় মাশরুমগুলোকে। ১০ দিন পর থেকে মাশরুম সংগ্রহ করা যায়।৫০ প্যাকেট থেকে প্রতিদিন ২৫০ গ্রাম মাশরুম উৎপাদন হয়, যার বাজারমূল্য ৬০ থেকে ৮০ টাকা। এভাবে ৫০০ প্যাকেট থেকে প্রতিদিন গড়ে ৬০০ টাকার মাশরুম উৎপাদন হয়।পারুয়ার ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইউনিয়নের কয়েকটি গ্রামে নারীরা মাশরুম চাষ করে দারিদ্র্য জয় করছেন। আশা করি, অল্প সময়ের মধ্যে তাঁরা এই গ্রামে অর্থনৈতিক বিপ্লব ঘটাবেন।’