
মা-বাবার একমাত্র সন্তান ছিলাম। আদরটা বেশি পাওয়াই স্বাভাবিক। গল্প শুনতাম ছোটবেলায় মা নাকি তিন-চার ঘণ্টা ধরে আমাকে খাইয়ে দিতেন। এ ছাড়া আরও কত কী! এত দিনে এসেও কেন জানি মনে হয়, তাঁকে অনেক কষ্ট দিয়েছি, আজও দিচ্ছি। অনেক সময় গভীর রাতে ফোন করে জড়ানো কণ্ঠে কথা বললেও মুখ ফুটে জিজ্ঞেস করতে পারি না, ‘কী হয়েছে’?
একচ্ছত্র রাজত্ব ছিল আমার দীর্ঘ ১১ বছর। যা চেয়েছি, তাই পেয়েছি। যদিও খুব বেশি চাহিদা কখনোই ছিল না। যখন ১১ বছর বয়স, সে সময় জানতে পারলাম আদরের ভাগ নিতে কেউ একজন হাজির হচ্ছে। আমিও বেশ ছোট, ভাগ দেওয়ার প্রশ্নই আসে না! কিন্তু সেটা কি আর বলা যায়? উদার হওয়ার অভিনয় রপ্ত করা শুরু করলাম...
যখন কেউ জিজ্ঞেস করত, ভাই চাও না বোন? নির্দ্বিধায় বলতাম, ভাই। কারণ একটাই! দুষ্টুমি করলেই মার খাবে। বোন হলে তো আর মারতে পারব না। এই দীর্ঘ সময়টাতে মাকে খুব কাছ থেকে দেখেছি। কত কষ্ট করেছেন। আমাদের সামাল দিয়েছেন। কখনো টুঁ-শব্দটুকু করেননি। যে আসছে সে যে দুষ্টু হবে আমি কিন্তু আঁচ করতে পেরেছিলাম। কীভাবে? সময়ের দুই মাস আগে যে চলে আসে, তাকে আর কী বলবেন!
৫ মার্চ, শুক্রবার। ছুটির দিন। কম্পিউটারে সময় কাটাচ্ছি। মা হাসপাতালে, সঙ্গে আছেন আমার খালা। হঠাৎ বাসার ফোন বেজে উঠল। দৌড়ে গিয়ে ধরলাম। ওপাশ থেকে বাবার আওয়াজ, ‘নাভিদ, তোমার বোন হয়েছে’ বাবা সাধারণত উচ্ছ্বাস প্রকাশে কিপটে কিন্তু অনেক দিন পর আমি তার গলার স্বরে যে আনন্দ টের পাচ্ছিলাম।
তাড়াহুড়া করেই গোসল সেরে গাড়িতে চড়ে বসলাম। গন্তব্য, ধানমন্ডির রেনেসাঁ হাসপাতাল। তিনতলার কোনার দিকে রুম। খুব সাবধানে নিজের হাসিমুখ যথেষ্ট গম্ভীর করে বড় ভাইসুলভ এক চেহারা নিয়ে ঢোকার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ ভেতর থেকেই খুলে গেল দরজা। ওপাশে বাবা দাঁড়িয়ে আছে।
ঢুকতেই মাকে দেখলাম, গালে একটা চুমু দিয়ে একনজর চোখ বুলিয়ে নিলাম পুরো ঘরে। ভেতরের উত্তেজনা বেশিক্ষণ আটকে রাখতে পারলাম না। ঘরের নীরবতা ভেঙেই হালকা চিৎকারে জিজ্ঞেস করলাম, ‘কোথায়’? তখনই চোখে পড়ল মাঝখানে রাখা একটি ছোট্ট বাচ্চা।
ধবধবে সাদা গোলাকার মুখের মাঝে তীক্ষ্ণ থুতনি আর বড় বড় চোখে তাকিয়ে আছে একজন। অনেকটা হুমকি-ধমকি দেওয়ার মতোই। যেন রাজত্ব দখলে নিতে আসা কোনো ভিনদেশি সেনাপতি। খালামণির সহায়তায় কোলে নিলাম, আলতো করে ঠোঁট বুলিয়ে দিলাম ওর কপালে। মুহূর্তে পৃথিবীর সব সুখ যেন আমার কোলে চড়ে বসে আছে, এমন এক অনুভূতিতে আচ্ছন্ন আমি। হাতের ফাঁক গলে কখন পড়ে যায়, এর ভয়ে তাড়াতাড়ি শুয়ে দিলাম ওকে।
মাশিয়াতের বয়স সেদিন ১০ হলো। আমার ১১ বছরের রাজত্বের পর আমার ১০ বছরের পরি! ভালোবাসার ধরন বদল হতে হতে এখন সে আমার মেয়ের মতোই হয়ে গেছে। আর আমি একাধারে ভাই, বাবা, বন্ধু, কখনো কখনো শত্রুও বটে!
কোভেন্ট্রি ইউনিভার্সিটি, কোভেন্ট্রি, যুক্তরাজ্য।