মাশুল কমানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দাবির মুখে প্রায় দুই বছর আগে চট্টগ্রাম বন্দরের মাশুল কমানোর প্রক্রিয়া শুরু করেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি কমিটির সুপারিশের পর নৌপরিবহন মন্ত্রণালয় বন্দরের মাশুল কমানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে জানা গেছে।জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাশুল কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয় আপত্তি দিয়েছে। এ কারণে মাশুল কমানোর সুযোগ নেই; বরং এখন মাশুল পর্যালোচনার জন্য পরামর্শক নিয়োগ করা হবে। প্রতিবেশী বন্দরের তুলনায় এ বন্দরে বেশির ভাগ খাতের মাশুল কম বলেও তিনি জানান।নথিপত্রে দেখা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় শুধু তৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের পাঁচটি খাতে এক বছরের জন্য ৩৩ শতাংশ হারে মাশুল কমানোর প্রস্তাব করে। বন্দরের হিসাবে এই ৩৩ শতাংশ হারে মাশুল কমানো হলে বন্দরের আয় কমবে ন্যূনতম ১৪ কোটি টাকা (২০০৯-১০ অর্থবছরের হিসাবে)। অর্থ মন্ত্রণালয় এই আয় হ্রাসের তথ্য পেয়ে সম্প্রতি বন্দরের মাশুল কমানোর প্রস্তাব নাকচ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মাশুল কমানোর প্রস্তাব নাকচ হওয়ার বিষয়টি জানি না। মাশুল কমানোর প্রস্তাব নাকচ করা উচিত হবে না। কারণ প্রতিবেশী দেশগুলো এই খাতকে এগিয়ে নিতে অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। আমাদের এখানে উল্টো ৩০০ শতাংশ মাশুল বাড়িয়ে পিছিয়ে দেওয়া হচ্ছে।’ জানা গেছে, ২১ বছর পর ২০০৭ সালের ৩১ অক্টোবর বন্দরের পাঁচটি খাতে মাশুল বাড়ানো হয়। গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠা-নামা, বন্দর ইয়ার্ডে কনটেইনার রাখার ভাড়া, শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনার রাখার সেবা, পানি সরবরাহ ও টাগ ব্যবহারের ভাড়া বাড়ানো হয় ২০০-৩০০ শতাংশ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা উঠে যাওয়ার পরদিন ২০০৮ সালের ১৮ ডিসেম্বর বিজিএমইএ নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এই মাশুল হ্রাসের আবেদন জানায়। এরপর পর্যায়ক্রমে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন পৃথকভাবে কয়েকটি মাশুল কমানোর আবেদন জানায়। জানা গেছে, ব্যবসায়ী সংগঠনের আবেদনের পর গত বছর ২ ফেব্রুয়ারি সংসদ ভবনে নৌ-পরিবহনমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে মাশুল পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিনকে প্রধান করে গঠিত ১০ সদস্যের এই কমিটি শুধু পোশাক খাতের পণ্যের ক্ষেত্রে এক বছরের জন্য ৩৩ শতাংশ মাশুল কমানোর সুপারিশ করে গত বছরের ১ জুন প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদন পর্যালোচনা করে নৌ-পরিবহন মন্ত্রণালয় গত ২৭ ডিসেম্বর মাশুল কমানোর প্রস্তাব জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়। গত ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে এক চিঠিতে এই মাশুল হ্রাস হলে সরকারের বার্ষিক কী পরিমাণ অর্থ হ্রাস পাবে তা উল্লেখ করে প্রতিবেদন পাঠানোর জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়। কিন্তু মাত্র ১৪ কোটি টাকার জন্য অর্থ মন্ত্রণালয় পাঁচটি খাতের মাশুল পুনর্বিবেচনা করতে রাজি হয়নি বলে জানা গেছে।