কখনো রেলওয়েকে তাগাদাপত্র পাঠানো হতো বন্দর থেকে। কখনো বা টেলিফোনে অনুরোধ করা হতো। এ দুটোতে সমাধান না হলে চলত বন্দর ও রেলওয়ের যৌথ সভা। উদ্দেশ্য ছিল একটাই—বন্দর চত্বর থেকে কমাতে হবে ঢাকার কমলাপুরগামী পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা। কিন্তু কোনো উদ্যোগেই এত দিন কমানো যায়নি কনটেইনারের সংখ্যা।
প্রায় এক দশক ধরে চলতে থাকা এই কনটেইনার-জটের চিত্র এখন নেই! অথচ এক মাস আগেও কনটেইনার-জটের কারণে পরিচলন কার্যক্রম নিয়ে হিশিম খেত সবাই। কোনো তাগাদাপত্র, টেলিফোন বা বৈঠক করে এই চিত্র বদলে ফেলা হয়নি। এর নেপথ্যে আছে ছোট্ট একটি সিদ্ধান্ত—বন্দরের সব চত্বরের মতো ঢাকাগামী চত্বরেও কনটেইনার রাখার ওপর মাশুল শোধ করতে হবে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হয়।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অনেক তাগাদা দিয়েও যখন জট কমানো যাচ্ছিল না, তখন মাশুল আরোপ করার মতো একটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত কার্যকরের পর আমরা দেখলাম, ফাঁকা হয়ে গেছে চত্বরটি। বন্দরের পরিচলন কার্যক্রমের জন্য এটি খুবই ভালো হয়েছে।’
জাহাজ কোম্পানির প্রতিনিধি ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা গেছে, এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে কমলাপুর আইসিডিগামী কনটেইনার পাঠানোর ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। অর্থাৎ যেসব কনটেইনার চট্টগ্রাম বন্দরের পরিবর্তে ঢাকার কমলাপুরে খালাস হবে সেগুলো বিদেশি বন্দর থেকে ধারাবাহিকভাবে পাঠানো হচ্ছে। আগে ট্রান্সশিপমেন্ট বন্দরে আসার পর ঢাকাগামী সব কনটেইনার একসঙ্গে তুলে দেওয়া হতো চট্টগ্রামগামী জাহাজে।
এই পদ্ধতিটি ছাড়াও পানগাঁও নৌ-টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কারণে রেল ও নৌপথে কনটেইনার পরিবহনের প্রতিযোগিতা তৈরি হচ্ছে। রেলওয়ে কনটেইনার পরিবহনের লাভজনক ব্যবসা ধরে রাখতে কনটেইনার পরিবহনের হার বাড়িয়েছে। এই দুটো পদক্ষেপে কার্যত আইসিডিগামী কনটেইনার ইয়ার্ড বা চত্বর এখন কনটেইনার জমে থাকছে না।
বন্দরের হিসাবে দেখা যায়, ১৬ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নেওয়ার দিন বন্দরের আইসিডি চত্বরে কনটেইনার পড়েছিল এক হাজার ৪৯৫টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এর পর থেকে ধারাবাহিকভাবেই এই সংখ্যা কমেছে। গত ২৮ মার্চ একটি কনটেইনারও ছিল না এই আইসিডি চত্বরে।
বন্দর চত্বরে কনটেইনার রাখার ধারণক্ষমতা পুনর্বিন্যাসের পর এখন ঢাকাগামী কনটেইনারের জন্য রাখার জায়গাও কমানো হয়েছে। এক হাজার ৭৫২ একক কনটেইনার রাখার জায়গা থেকে কমিয়ে ৮৭৬ একক করা হয়েছে। এই ধারণক্ষমতার বিপরীতে এখন কম-বেশি ৩০ শতাংশ কনটেইনার পড়ে আছে।
ঢাকাগামী ইয়ার্ডে কনটেইনারের সংখ্যা কমে আসায় দুই-তিন দিনের মধ্যে এসব কনটেইনার নেওয়া হচ্ছে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতে। অথচ এক মাস আগেও এই সময় গুনতে হতো ১৭ থেকে ১৮ দিন। আর তাতেই দুর্ভোগে পড়ত ব্যবহারকারীরা।
বন্দর সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দর চত্বরে পড়ে থাকা আইসিডিগামী কনটেইনারের ওপর থেকে বন্দরের ভাড়ার হার প্রত্যাহার করা হয়। এর বদলে ট্রানজিট মাশুল আরোপ করা হয় সে সময়। প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনারে সাড়ে দশ ডলার এবং ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে ২১ ডলার ভাড়া আরোপ করা হয়। অর্থ্যাৎ একটি কনটেইনার জাহাজ থেকে নামানোর পর রেলের ওয়াগনে তোলার আগ পর্যন্ত যত দিন বন্দরের চত্বরে অবস্থান করবে তত দিনের জন্য শুধু এই নির্ধারিত মাশুল পরিশোধ করতে হবে।
বন্দর কর্মকর্তারা জানান, এখন স্বাভাবিক ভাড়া আরোপ করার কারণে ট্রানজিট মাশুল আর পরিশোধ করতে হবে না। তবে ট্রানজিট মাশুলের চেয়ে স্বাভাবিক ভাড়ার হার অনেক বেশি। কারণ তিন স্তরে প্রতিদিনের জন্য প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনারে ছয়, ১২ এবং ২৪ ডলার হারে ভাড়া গুণতে হবে।