মাস পেরোতেই আগের অবস্থায় বন্দর টোল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর টোল সড়ক সংস্কার শুরু হয় গত ২০ ফেব্রুয়ারি। নামমাত্র সংস্কার করে তিন দিনের মধ্যেই কাজ শেষ করে টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এশিয়ান ট্রাফিক টেকনোলজি (এটিটি)। ফলে মাস পেরোতেই আগের অবস্থায় ফিরে গেছে সড়ক।গত ৭ ফেব্রুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘সাত বছরে সংস্কার হয়নি একবারও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর তড়িঘড়ি করে সংস্কারকাজ করা হয়।সরেজমিনে দেখা যায়, সড়কের ফৌজদারহাট সংযোগস্থল থেকে গোল চত্বর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ও টোল কার্যালয়ের দক্ষিণ পাশের কিছু অংশে আবার বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব স্থানে গাড়ি ধীরগতিতে চলার কারণে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় গর্তে পড়ে আটকে যাচ্ছে গাড়ি। জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এটিটির মহাব্যবস্থাপক এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘বড় ধরনের সংস্কারের কাজ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তবুও চলাচলের সুবিধার জন্য আমরা কিছু সংস্কার করেছি। কিন্তু কী করব সংস্কার করলেও তা টিকে থাকছে না।’সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া আবারও খানাখন্দ সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ সংস্কারকাজ করে স্থায়ী সমাধান হবে না। তার পরও গাড়ি চলাচলের উপযোগী করে তোলার জন্যই সংস্কার করা। সড়কে স্থায়ীভাবে কাজ করার জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য আমরা প্রস্তুত করছি।’