মাসকাবারি বাজার এখনই
শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই সময়ে রোজ রোজ বাজারে যাওয়া বেশ ঝামেলার। হিসাব করে সারা মাসের জন্য একবারে বাজার করে নিতে পারেন। এমন অনেক পণ্য আছে, যা এক মাসেরও বেশি সময় ধরে ঘরে রাখা যায়। কিনে নিতে পারেন সেসব পণ্য।একবারে মাসকাবারি বাজার করলে টাকাও বাঁচবে, আর সময়েরও অপচয় হবে না। তা ছাড়া রমজানে অনেক দ্রব্যের দাম প্রায়ই বাড়তে থাকে। তাই যদি একবারে কিনে রাখা যায়, তাহলে সেই বাড়তি দামের বোঝাও নিতে হবে না। মাসের শুরুতেই যদি পরিকল্পনা করে বাজারটা করে রাখা যায়, তাহলে চাকরিজীবীদের মাসিক অর্থ ব্যবস্থাপনাও সহজ হবে। বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া।রমজান মাসজুড়ে আপনার যেসব পণ্য দরকার হবে, এমন একটি তালিকা করে নিয়ে বাজার সারুন। আর যাঁরা এরই মধ্যে ঠিক করে নিয়েছেন মাসকাবারি বাজার করবেন, কিন্তু কোন জিনিস কতটা কিনবেন বুঝতে পারছেন না, তাঁরা দেখে নিতে পারেন রান্নাবিদ সিতারা ফিরদৌসের দেওয়া মাসিক বাজারের তালিকাটি।চারজনের একটি পরিবারের জন্য যে পরিমাণ খাদ্যদ্রব্য কিনে রাখতে পারেন—চাল ২০ কেজি, আটা ৩ কেজি, তেল ৩ লিটার, ঘি ৫০০ গ্রাম, চিনি ৫ কেজি, গুঁড়ো দুধ ১ কেজি, তরল দুধ ১০ থেকে ১২ কেজি (ডিপ ফ্রিজ থাকলে একবারে কিনে রাখতে পারেন, না হলে সপ্তাহ ধরে কিনুন), লবণ ২ কেজি, মসুর ডাল ২ কেজি, মুগ ডাল ৫০০ গ্রাম, ছোলার ডাল ১ কেজি, পোলাওয়ের চাল ২ কেজি, গরুর মাংস ৩ কেজি, মুরগির মাংস ৭ কেজি, পেঁয়াজ ১০ কেজি, রসুন ১ কেজি, আদা ১ কেজি, ডিম ২৫টা (১৫ দিনের জন্য), হলুদের গুঁড়া ২৫০ গ্রাম, মরিচের গুঁড়া ৫০০ গ্রাম, ধনের গুঁড়া ২৫০ গ্রাম, জিরার গুঁড়া ২০০ গ্রাম, ময়দা ২ কেজি, খেজুর ২ কেজি, খুরমা ১ কেজি, আলু ৫ কেজি, চিড়া ২ কেজি, মুড়ি ২ কেজি ও বেসন ১ কেজি।এ ছাড়া এক সপ্তাহের জন্য কিনে রাখতে পারেন পাকা পেঁপে, কলা, পাকা আম, কমলা, লেবু, আমড়া, আঙুর, কমলা, আপেল ইত্যাদি ফল এবং কাঁকরোল, করলা, পটোল, মিষ্টিকুমড়া, গাজর, ইত্যাদি সবজি।বাজারদরএবার জেনে নিন এসব পণ্যের বর্তমান বাজারমূল্য। ৬ জুলাই রাজধানীর কারওয়ান বাজার ও সুপারশপগুলো ঘুরে পাওয়া গেল নানা পণ্যের দাম। এখানে কেজিপ্রতি দাম দেওয়া হলো। চাল ৩৪ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত, পোলাওয়ের চাল ৮০ থেকে ১০০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল ৬২০ থেকে ৬৪০ টাকা, চিড়া ৪৫ থেকে ৫৫ টাকা পর্যন্ত, মুড়ি ৫৫ টাকা, ছোলা ৬৫ থেকে ৭০ টাকা, বুট ৪৫ টাকা, খেজুর ৭৫ থেকে ১২০ টাকা পর্যন্ত। এ ছাড়া ভালো খেজুর দাম পড়বে ৪০০ টাকা পর্যন্ত, মসুর ডাল (ভারত) ৮০ টাকা, দেশি মসুর ডাল ১০০ টাকা, বুটের ডাল ৫০ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, বেসন ৮০ টাকা, জিরা ৩৯০ টাকা, হলুদ ১৬০ টাকা, আদা দেশি ১৫০ টাকা, ভারতীয় বা থাই আদা ৮০ টাকা, রসুন দেশি ৬৫ টাকা, ভারতীয় রসুন ৮০ টাকা, আলু ২০ টাকা, আটা ৪২ থেকে ৪৫ টাকা, আখের গুড় ৭০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, ধনে ৭০ টাকা, শুকনা মরিচ ১৬০ টাকা, মরিচের গুঁড়া ১৫০ টাকা, দেশি মুরগি প্রতিটি ৩০০ টাকা, পাকিস্তানি মুরগি ১৬০ টাকা ও ব্রয়লার ১৬০ টাকা কেজিতে মিলবে। চিনি ৪৫ থেকে ৫০ টাকা, চিড়া ৫০ টাকা, মুড়ি ৬০ টাকা, নানা ব্র্যান্ডের পাউডার ড্রিংকস ৩০০ গ্রাম বোতল মিলবে ২৫০ টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন সুপার শপে পাবেন শরবত মিক্স; দাম পড়বে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।লক্ষ রাখুন বাজারে যাওয়ার আগে আপনার প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণ লিখে সঙ্গে নিন। মাসের বাজার পাইকারি বাজারে কেনা ভালো। বস্তা বা বড় ব্যাগ নিয়ে বাজারে যান। যেহেতু সংরক্ষণ করবেন, প্রতিটি পণ্যই যতটা সম্ভব তাজা কেনার চেষ্টা করুন। বাজার করে আনার পর ভালোভাবে সংরক্ষণে করুন। একই দোকান থেকে বেশি পণ্য কিনতে পারেন, এতে কিছুটা দাম কমে পাবেন।