
সামনে রমজান মাস। দিনভর রোজা রেখে থলে হাতে বাজারসদাই বেশ ঝামেলার। মাসের শুরুতে একটুখানি পরিকল্পনা আপনাকে রোজ রোজ বাজার করার ঝামেলা থেকে রেহাই দিতে পারে। আর রমজান মাসে ইফতার ও সেহ্রির সময় বিশেষ খাবারের ব্যবস্থা করতে হয়। তাই সব সময় কেনা বা খাওয়া হয় না এমন কিছু জিনিসও কিনে রাখতে হয়। আগেভাগেই এসব জিনিস কিনে রাখা ভালো।
রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরস বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া বলেন, ‘রমজান মাসে আমাদের খাবারের রুটিনটা পাল্টে যায়—ইফতারি, রাতের খাবার আর সেহ্রি। পরিবারের সবার রুচি ও চাহিদার কথা বিবেচনা করে লক্ষ থাকে প্রতিবেলার খাবারেই যেন বৈচিত্র্য আসে। আর সেই কারণেই আনুষঙ্গিক দ্রব্যাদির জোগাড়যন্ত্রও করতে হয়। মাসের শুরুতে মাসকাবারি বাজার এ ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, ছোলা ইত্যাদি পণ্যের কথাই আমরা প্রথমে ভাবি। এর বাইরে পচনশীল দ্রব্যাদি যেমন শাকসবজি কিংবা ফলমূল অল্প পরিমাণে কিনে সপ্তাহের জন্য সংগ্রহ করা যেতে পারে।’
শুধু তা-ই নয়, কোন জিনিস ঠিক কী পরিমাণে কিনবেন, তারও গড়পড়তা তালিকা নির্ধারণ করে দিয়েছেন রীনাত ফওজিয়া। এখানে বলে রাখা ভালো, পরিবারের সদস্যসংখ্যা ও চাহিদার ওপর খাদ্যদ্রব্যের পরিমাণ কমবেশি হতে পারে।
বাজারদর
এবার জেনে নেওয়া যাক বাজারদর। এই বাজারদর ২৮ মে রাজধানীর কারওয়ান বাজার থেকে সংগ্রহ করা হয়েছে।
প্রতি কেজি ও লিটার হিসাবে বাজারদর দেওয়া হলো। চাল ২৮ থেকে ৪৮ টাকা। মসুর ডাল দেশি ১৪৫ ও আমদানি করা ১০০ টাকা, মুগ ডাল ১০০ টাকা। ছোলা ৮০ থেকে ১০০ টাকা। বেসন ৮০ টাকা। চিনি ৫০ থেকে ৫৫ টাকা। আটা ৫৮ টাকা। ময়দা ৭২ টাকা। পাঁচ লিটারের সয়াবিন তেল ৪৪০ টাকা, সূর্যমুখী তেল ৭৩৫ টাকা ও ধানের কুঁড়ার তেল ৫২০ টাকা। প্রতি লিটার পাম অয়েল ৬২ টাকা, সরিষা ৮৮ টাকা এবং সয়াবিন তেল ৭৭ (খোলা) ও ৮৮ টাকা (বোতলজাত)। আলু ২০ টাকা থেকে ২৫ টাকা, পেঁয়াজ (আমদানি করা) ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজ (দেশি) ৪৫ থেকে ৫০ টাকা। রসুন (ছোট) ১৫০ থেকে ১৬০ টাকা, রসুন (বড়) ২৪০ টাকা। আদা ১০০ টাকা (দেশি)।
গরুর মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৬০০ টাকা। ব্রয়লার মুরগি পাবেন ১৭০ টাকা, দেশি মুরগি প্রতিটি ৩০০ থেকে ৩৫০ টাকা। কবুতর প্রতিটি ১০০ থেকে ১২০ টাকা। হাঁস প্রতিটি ৩০০ থেকে ৩৫০ টাকা। রাজহাঁস ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকা।
* বাজারদর পরিবর্তনশীল
রমজান মাসে খাদ্যাভাসে পরিবর্তন আসে। সেই অনুযায়ী পাঁচ সদস্যের একটি পরিবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য লাগতে পারে তার একটা ধারণা নিচে দেওয়া হলো
চাল ১২–১৫ কেজি
মসুর ডাল ৫ কেজি
মুগ ডাল ২ কেজি
তেল ১০–১২ লিটার
আলু ১০ কেজি
ছোলা ৩–৫ কেজি
পেঁয়াজ ১৫ কেজি
রসুন ১ কেজি
আদা ২ কেজি
চিনি ৮–১০ কেজি
বেসন ৩ কেজি
ঘি ৫০০ মিলিলিটার
এ ছাড়া আগে থেকে কিনে রাখতে পারেন মাছ-মাংস। প্রয়োজন অনুসারে নিতে পারেন আটা, ময়দা, চিড়া, মুড়ি ও গুড়। মসলার মধ্যে নিতে পারেন মরিচ, হলুদ, ধনেগুঁড়া, জিরা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি।