মাসুদ রানার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল বাণিজ্যিক এলাকা। বিসিআইয়ের (বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স) হেড কোয়ার্টার লাল-নীল বাহারি রঙের বাতিতে সাজানো হয়েছে। আজ রানা এজেন্সির কর্ণধার, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত, দুঃসাহসী স্পাই মাসুদ রানার বিয়ে।বিসিআইয়ের কর্ণধার মেজর জেনারেল (অব.) রাহাত খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন আজ এক সপ্তাহ ধরে। রানা ও সোহানা যে একে অপরকে পছন্দ করে, এটা ভালো করেই জানেন তিনি। আর এও জানেন, ওরা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে। জেনারেল এই দুই যুবক-যুবতীকে অনুরোধ নয়, রীতিমতো আদেশের সুরেই বলেছেন, ‘বয়স আমার কম হয়নি। আমি উপলব্ধি করতে পারছি, আমার আয়ু শেষ। শিগগিরই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে শুনে যেতে চাই, তোমরা বিয়ে করেছ। রানা, আগামীকালই তুমি সোহানাকে বিয়ে করবে।’বিয়ের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হয়েছেন। এর মধ্যে কবির চৌধুরীও আছে। রানার চিরশত্রু, পাগল বৈজ্ঞানিক রানার সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, হেসে হেসে কথা বলছে অতিথিদের সঙ্গে, কিন্তু রানা কোনো অ্যাকশন নিতে পারছে না। চিরশত্রু যদি সেধে তার চিরশত্রুর ঘরে আসে, তাহলে অ্যাকশন নিতে হয় না। নিলে সেটা হয় কাপুরুষতার প্রমাণ। রানা কাপুরুষ নয়।গিলটি মিয়াকে রানা চুরিবিদ্যা ছেড়ে দিতে বলেছে। সে তার কথা এত দিন রেখেছে, কিন্তু আজ আর রাখতে পারেনি। আনন্দের দিনে, নিজের ঢোল যেমন পেটানো যায়, তেমনি চুরিও করা যায়। গিলটি মিয়া কবীর চৌধুরীর প্যান্টের পকেট কেটে মানিব্যাগটা হাতিয়ে নিয়েছে। সে এখন চেয়ারে বসে শূন্যে পা দোলাচ্ছে। বেঁটে মানুষ গিলটি মিয়া। চেয়ারে বসলে তার পা মাটির নাগাল পায় না।কবীর চৌধুরীর কাটা পকেট যে-ই দেখছে, সে-ই হাসছে হি হি করে। কবীর চৌধুরী বুঝে উঠতে পারছে না, লোকজন তার দিকে তাকিয়ে উঁচু গলায় কেন হাসছে। সে কি হাসির মানুষ? সে হচ্ছে পাগল বৈজ্ঞানিক। বিজ্ঞানী মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর যাকে যাকে বাগে পাবে, তাদের প্রত্যেককেই গিনিপিগ বানাবে। ব্যাটাদের কত বড় সাহস, তাকে দেখে হাসে!সোহেলকে দেখা গেল ইলোরার শাড়ির আঁচলে নিজের আঙুল পেঁচাচ্ছে আর সলিলের বাড়িয়ে ধরা চুরুটে টান দিয়ে রাহাত খানের মতো নাক-মুখ দিয়ে গলগল করে ধোঁয়া ছাড়ছে।রানার পাশে বউ সেজে বসে থাকা সোহানা ফ্যাচফ্যাচ করে কাঁদছে। রানা ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ‘এই লক্ষ্মী, তুমি কাঁদছ কেন?’সোহানা চড়ুই পাখির মতো কিচকিচ করে জবাব দিল, ‘বাঙালি মেয়েদের বিয়ের সময় কাঁদতে হয়। আমার জন্ম বাংলাদেশে না হলেও আমি এখন বাংলাদেশের নাগরিক। সেই সুবাদে এখন আমার কাঁদার কথা। তাই আমি কাঁদছি!’‘তুমি কি জোর করে কাঁদছ, নাকি মন থেকে কাঁদছ?’এই প্রশ্নের জবাব দিল না সে। আচমকা রানার কান জোড়া মুচড়ে ধরল। পানি চলে এল রানার চোখে। এই কান্না ব্যথায় নাকি সুখের তা ও নিজেও জানে না।দুই.রাহাত খানের চেম্বারে বিয়ে পড়ানো হবে। হিমুর আগমন ঘটল। হিমুর গায়ে হলুদ পাঞ্জাবি। পরনে হলুদ লুঙ্গি। বাজারে হলুদ লুঙ্গি পাওয়া যায় না। সাদা লুঙ্গি কিনে তাতে হলুদ রং করা হয়েছে। পায়ে স্যান্ডেল। খালি পায়ে দারোয়ান ব্যাটা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তাই দৌড়ে গিয়ে দেড় শ টাকা দিয়ে স্যান্ডেলজোড়া ফুটপাত থেকে কিনেছে ও। দোকানদারের সঙ্গে কথা হয়েছে ঘণ্টা দুয়েক পরে স্যান্ডেল ফেরত দিলে সে ১২০ টাকা রিটার্ন করবে।হিমু বলল, ‘রানা, তুই তাহলে বিয়ে করছিস? তোর সঙ্গে এত দিন আমার একটা মিল ছিল, দুজনেই চিরকুমার থাকব। কিন্তু তা আর হলো না।’‘তুইও বিয়ে করে ফেল।’‘আমি চাইলেই তো আর বিয়ে হবে না, আমার বিয়ে করা, না-করা নির্ভর করছে হুমায়ূন আহমেদের ওপর। ভয়ে ভয়ে আছি, শেষ পর্যন্ত তিনি আমার বিয়ে দিয়ে না দেন আবার! তবে আমার মন বলছে, তিনি আমার বিয়ে দেবেন না।’‘না দেওয়াই ভালো হবে।’ হেসে বলল রানা।তিন.কাজী সাহেব রানাকে উদ্দেশ করে বললেন, ‘বলুন, কবুল।’কবুল বলার জন্য কেবল মুখ খুলতে যাবে রানা, এমন সময় বজ্রকঠিন গলায় কেউ বলে উঠল, ‘সাবধান রানা, কবুল বোলো না।’তাকাল সবাই দরজা আগলে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। কাঁচা-পাকা ভুরুর সেই বুড়ো হাবড়া রাহাত খান। তাঁর মাঝে অসুস্থতার কোনো ছাপ নেই। তিনি আবার মুখ খুললেন, ‘মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি। এখন আমি সুস্থ। অতএব, তোমাদের বিয়ে আর হচ্ছে না!’খিলখিল করে হেসে উঠল সোহানা, হাসল রানাও। ওদের হাসির সঙ্গে তাল মেলাল উপস্থিত সবাই। হাসির মাত্রা কমতেই হিমু বলল, ‘কী রানা, তখন না বলেছিলাম, এই বিয়ে হবে না। কি বলি নাই? তুমি আর আমি আজীবনই চিরকুমার থেকে যাব। আমাদের এই মিলটা চিরদিন অটুট থাকবে। কারণ, কেউ চায় না আমরা বিয়ে করি।’ মো. শাওন হোসেন স্বপ্নবাড়ি, সবুজপুর।[কাজী আনোয়ার হোসেন ও হুমায়ূন আহমেদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক]