
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে ঢুকে বাঁ দিকে কিছুদূর এগোলেই প্রায় ১০ ফুট উঁচু একটি দেয়াল। ধূসর দেয়ালে মাস্টার দা সূর্যসেনের রঙিন প্রতিকৃতি। দেয়ালের সামনেই সাদা রং করা ফাঁসির মঞ্চ। বেদিটা ঢেকে রাখা হয়েছে টিন দিয়ে। মঞ্চের পাশেই একটা স্মৃতিফলক। সেখানে লেখা আছে, ‘সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন: ১৯৩৪ সনে কার্যকর, মাস্টার দা সূর্যসেনের ফাঁসির মঞ্চ।’
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এই ফাঁসির মঞ্চে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামী মাস্টার দা সূর্যসেন ও তাঁর সহযোগী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর করা হয়েছিল। এরপর গত ৮০ বছরে এখানে আর কোনো ফাঁসি কার্যকর হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তৈরি হয়েছে নতুন ফাঁসির মঞ্চ। চট্টগ্রামের অগ্নিযুগের বিপ্লবীদের স্মৃতিবিজড়িত এই ফাঁসির মঞ্চ ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
ইতিহাসবিদেরা জানান, ফাঁসি কার্যকরের পর ব্রিটিশ শাসকেরা মাস্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের মৃতদেহের সঙ্গে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়। সে কারণে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়কদের স্মৃতিচিহ্ন হিসেবে কেবল টিকে আছে এই ফাঁসির মঞ্চ। কেন্দ্রীয় কারাগারের এই ফাঁসির মঞ্চের পেছনের দেয়ালে বছর খানেক আগে সূর্যসেনের প্রতিকৃতি স্থাপন করা হলেও তাঁর সহযোগী তারকেশ্বর দস্তিদারের কোনো স্মৃতিচিহ্ন নেই। ভেঙে ফেলা হয়েছে তাঁদের স্মৃতিবিজড়িত কারাগারের কনডেম সেলটিও। এ অবস্থায় ফাঁসির মঞ্চটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ও এর পাশে একটি জাদুঘর স্থাপনের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্র্রথম আলোকে বলেন, ‘দুই মহানায়কের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণে কারাগার কর্তৃপক্ষ আন্তরিক রয়েছে। ফাঁসির মঞ্চের পাশে সূর্যসেনের প্রতিকৃতি তৈরি এবং সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। তারকেশ্বর দস্তিদারেরও প্রতিকৃতি তৈরি করা হবে। এ ছাড়া কল্পনা দত্তসহ যেসব বিপ্লবী কারাগারে বন্দী ছিলেন তাঁদের স্মৃতিও সংরক্ষণ করা হবে। এ ব্যাপারে গণপূর্ত বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন বলেন, সূর্যসেনসহ বিপ্লবীদের স্মৃতিবিজড়িত কারাগারের এই স্থানটিকে জাদুঘরে পরিণত করলে নতুন প্রজন্ম বিপ্লবীদের সম্পর্কে জানবে।
কারাগার সূত্রে জানা গেছে, ঐতিহাসিক এই ফাঁসির মঞ্চ কারাগারের ভেতরে হওয়ায় দেশি-বিদেশি পর্যটক ও ঐতিহাসিকেরা স্থানটি দেখতে পান না। কারাগারে মূল ফটকে আলাদা তোরণ তৈরি করে দর্শকদের ফাঁসির মঞ্চ দেখার ব্যবস্থা করা উচিত বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের নামে কারাগারের দুটি ভবনের নামকরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ফাঁসির মঞ্চকে ঘিরে জাদুঘর তৈরি করা যেতে পারে।
ঐতিহাসিক নথি ঘেঁটে দেখা যায়, আলীপুর কারাগার থেকে আসা কয়েদি শিবু রাগাদি জল্লাদ হিসেবে সূর্যসেন ও তারকেশ্বরের ফাঁসি কার্যকর করেন। ফাঁসির পর বিপ্লবীদের লাশ তাঁদের স্বজনদের কাছে দেওয়া হয়নি।
১৯৩৩ সালে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয়েছিল বিপ্লবীদের। এই ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন ডব্লিউ ম্যাকশ। রায়বাহাদুর রাজকুমার ঘোষ ও খন্দকার আলী তৈয়ব ট্রাইব্যুনালের সদস্য ছিলেন। রায়ের আদেশে সূর্যসেন ও তারকেশ্বরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।