মাস্টারদা সূর্য সেন মা ও শিশুকল্যাণকেন্দ্রের বেহাল দশা
প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছেন কামরুন নাহার। সঙ্গে তাঁর পাঁচ মাসের মেয়ে তাহিয়া। শিশুটি নিউমেনিয়ায় আক্রান্ত। ভালো চিকিৎসাসেবার আশায় তাকে নিয়ে এসেছেন রাউজানের নোয়াপাড়ায় মাস্টারদা সূর্য সেন মা ও শিশুকল্যাণকেন্দ্রে। কিন্তু অনেক্ষণ হাসপাতালের বন্ধ প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে থাকার পর জানতে পারেন এখানে চিকিৎসা দেওয়ার মতো কোনো চিকিৎসক নেই। এটি ২২ মার্চ দুপুর ১২টার ঘটনা। তখন সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন আরও কয়েকজন। চিকিৎসক না থাকার কথা জেনে সবাই ক্ষোভে দুঃখে স্থান ত্যাগ করে। স্থানীয় পপি ধর অভিযোগ করেন, ‘এখানে নিয়মিত চিকিৎসক বসেন না। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা মহিলা ও শিশুরা মনে কষ্ট নিয়ে ফিরে যান।’ একই এলাকার সুজিতা ধর বলেন, ‘এলাকাবাসী মাস্টারদার ভিটায় গড়ে ওঠা হাসপাতালটি নিয়ে গর্ববোধ করতেন। সবাই আশা করেছিলেন, এখান থেকে মা ও শিশুরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাবেন। কিন্তু তাঁরা হাসপাতালের নামে একটি ভবন পেলেও স্বাস্থ্যসেবা বলতে তেমন কিছুই পাচ্ছেন না।’ জানা গেছে, ২০০০ সালের দিকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মাস্টারদা সূর্য সেনের বাস্তুভিটা সূর্য সেনপল্লিতে মা ও শিশুকল্যাণকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে মাস্টারদার নামে একটি ভবন উদ্বোধন করেছিলেন তত্কালীন বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গ্রামীণ জনপদের চিকিৎসাবঞ্চিত নারী-শিশুদের চিকিৎসাসেবা দেওয়া। জানা গেছে, কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে স্থায়ীভাবে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। একজন ফার্মাসিস্ট ও একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা মিলে এখানে সামান্য সেবা দেন। অভিযোগ আছে, আলোচিত এই দুই কর্মচারীও নিয়মিত উপস্থিত থাকেন না। দুস্থ মহিলা ও শিশুরা পায় না বিনা মূল্যের ওষুধ। সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুরোধে এখানে রাবেয়া খাতুন নামের একজন চিকিৎসককে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও মাসখানেক আগে তাঁকেও নিয়ে যাওয়া হয় রাউজান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। সরেজমিনে দেখা গেছে, মা ও শিশুকল্যাণকেন্দ্রের প্রধান ফটক বন্ধ থাকলেও এর ভেতরে গরু-ছাগল চরছে। একমাত্র নলকূপও অকেজো। চিকিৎসক-সেবিকাদের আবাসন, গাড়ির ঘর সবই অনেকটা পরিত্যক্ত। স্থানীয় লোকজন জানিয়েছেন, নিরাপত্তাব্যবস্থা না থাকায় এখানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।ফার্মাসিস্ট আবুল ফজলের কাছে অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে তিনি ফোনে বলেন, আজ (২২ মার্চ) তিনি ছুটিতে আছেন। অপর অনুপস্থিত পরিবারকল্যাণ পরিদর্শিকা ডলি শীলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টি দেখেন অন্য এক কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম ও ফোন নম্বর জানতে চাইলে মোহাম্মদ নাসির বলেন, ওই কর্মকর্তা হাটহাজারীতে বসেন। তিনি তাঁর নাম জানেন না।