মাস্টারমাইন্ড আইডিয়াল স্কুলের এক দশক
ফটক পেরিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতেই বেশ সুপরিসর খেলার মাঠ। সাদা পোশাকে একদল শিশু মেতে আছে স্বভাবসুলভ চপলতায়। নানান খুনসুটিতে যেন রঙিন হয়ে উঠেছে ওদের সোনালি শৈশব। এরা কোন শ্রেণীতে পড়ে? প্রশ্ন করতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা পারভীন জানালেন, ‘এরা প্লে-গ্রুপের, বেলা ১১টায় এদের পাঠদান শেষ হয়। এখন এদের ছুটি। তাই খেলাধুলায় ব্যস্ত।’ সুশিক্ষিত জাতি গঠনের প্রত্যয়ে এক দশক আগে নগরের হালিশহর এ ব্লকে স্থাপিত হয় মাস্টারমাইন্ড আইডিয়াল স্কুল। শুরুতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চললেও আগামী বছর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের পরামর্শে পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠান মূলত বাংলা মাধ্যমের হলেও ইংরেজি পাঠের বিষয়েও বিশেষ নজর দেওয়া হয় এতে। পড়াশোনার পাশাপাশি নানা সহপাঠ্য বিষয়ের সন্নিবেশের মাধ্যমে শিশুর মনোদৈহিক পরিচর্যাও করা হয় এখানে। পাঠদান প্রক্রিয়া সম্পর্কে প্রধান শিক্ষিকা জানান, ‘আমরা শিশুর মানসিক বিকাশের ওপর বিশেষভাবে জোর দিই। পড়াশোনাকে আনন্দময় করে তুলতে নানাভাবে আমাদের পাঠ্যক্রম সাজাই।’ তিনি বলেন, ‘আনন্দময় শৈশবই সুপ্ত প্রতিভা বিকাশে প্রধান সহায়ক। তাই পড়ার ব্যাপারটা শিশু যাতে উপভোগ করে সেদিকে পূর্ণ নজর দিই আমরা।’জানা যায়, সহপাঠ্য কার্যক্রমের আওতায় বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন, রবীন্দ্র-নজরুলজয়ন্তী, পয়লা বৈশাখ উদ্যাপন, বনভোজনসহ নানা আয়োজনে শিক্ষার্থীরা উপভোগ করে তাদের দুরন্ত শৈশব। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও বেশ সুনাম অর্জন করেছে বিদ্যালয়টি। গত বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ২২ শিক্ষার্থীর সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ১৬ সদস্যের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রমই এ সাফল্যের মূলমন্ত্র বলে মনে করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের পাঠদান সম্পর্কে চতুর্থ শ্রেণীর ছাত্রী নূরে হাসনা জানায়, ‘শিক্ষকেরা আমাদের আদর করে পড়ান। তাই আমাদের খুব ভালো লাগে।’ দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ শ্রেণীর কাজের ব্যবস্থাসহ প্রয়োজনে ছুটির পরও পাঠদান করা হয়। এ ছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে জানিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের পাঠ বিবরণী। সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পাঠদান চলে। শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রয়েছে বিদ্যালয়ের নিজস্ব পরিবহনব্যবস্থা। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রধান হাসান মাহমুদ জানান, ‘আমরা গতানুগতিক ধারার বাইরে থেকে পাঠদান করতে চাই। যাতে শিশুর কাছে পড়াশোনাটা বোঝা মনে না হয়। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।’