মাহফিলের নামে জামায়াতের শক্তি প্রদর্শন বোয়ালখালীতে
বর্তমান মহাজোট সরকারের আমলে বোয়ালখালীতে প্রথম শক্তি প্রদর্শন করল জামায়াতে ইসলামী। পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে হজরত ইমাম বুখারি (র.) একাডেমির ভিত্তি স্থাপন ও মিলাদ মাহফিল উপলক্ষে গত শুক্রবার জড়ো হন পাঁচ শতাধিক নেতা-কর্মী। মাহফিলে জামায়াত দলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ উপজেলা ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম জসিম ও সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন। এ নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় লোকজন জানান, আকুবদণ্ডীতে হজরত ইমাম বুখারি (র.) একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেন জামায়াত ও শিবির সমর্থিত ব্যক্তিরা। আধা কিলোমিটারের মধ্যে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত আলিম মাদ্রাসা থাকলেও এলাকায় এ দলটির শক্ত অবস্থান ধরে রাখতে শিক্ষামূলক এ একাডেমি গড়ে তোলার পরিকল্পনা নেন তাঁরা। একাডেমির উদ্বোধন ও মিলাদ মাহফিল আসর নামাজের পর থেকে শুরু হয়ে রাত তিনটায় শেষ হয়। মাহফিলে গরু জবাই করে খাবারের ব্যবস্থা করা হয়। জানা যায়, প্রচারপত্রে নাম না থাকলেও উপস্থিত ছিলেন জামায়াত দলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব আনোয়ার হোসাইন তাহেরি জাবেরি আল মাদানি। রাত পৌনে ১১টার দিকে তাঁদের অর্ধশতাধিক মোটরসাইকেল বহরে বিশাল শোডাউন করে কালুরঘাট সেতু থেকে প্রায় আট কিলোমিটার দূরবর্তী আকুবদণ্ডী গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা ও রাস্তাঘাট। বোয়ালখালীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও শিবিরের কর্মীরা সদলবলে যোগ দেন মাহফিলে। স্থানীয় হাওলা কুতুবিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এস এম মোদ্দাছের বলেন, ‘জামায়াত সম্পূর্ণ গোপনীয়ভাবে এলাকাবাসীর অগোচরে এত বড় অনুষ্ঠান করেছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে আরেকটি প্রতিষ্ঠান বেমানান। মূলত জামায়াতের ঘাঁটি আরও পাকাপোক্ত করার জন্য প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে।’ জামায়াতের সঙ্গে একমঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগ দেশবাসীকে নিয়ে জামায়াতের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। এ অবস্থায় তাঁদের সঙ্গে একমঞ্চে অবস্থান করাটা ন্যক্কারজনক।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম জসিম এর সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি রাত তিনটায় মাহফিল দেখতে গিয়েছিলাম।’ শোডাউন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘মাঝেমধ্যে এভাবে নাড়া না দিলে তো হবে না। জনশক্তির তিন ভাগের এক ভাগ এসেছেন। সবাই তো আসেনি।’ এত গোপনীয়ভাবে করা হয়েছে কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো সরাসরি জামায়াতের অনুষ্ঠান নয়। একটি একাডেমির অনুষ্ঠান।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘সারা চট্টগ্রামে জামায়াত এ রকম অনুষ্ঠান করতে পারেনি, ২৭ বছরের ইতিহাস ভেঙে বোয়ালখালীতে করে ফেলল। প্রশাসনের নাকের ডগায় এ অনুষ্ঠান কীভাবে করা হলো। প্রশাসন কোথায় ছিল?’