
অভিনয়শিল্পী মাহিয়া মাহি। তাঁর মা দিলারা ইয়াসমিন, গৃহিণী। আজ জানা যাক এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক ভালো লাগে?
মাহি: সুতির শাড়ি বেশি ভালো লাগে; বিশেষ করে কপালে লাল টিপের সঙ্গে লাল শাড়ি আমার পছন্দ। তবে বাসন্তী রঙের শাড়ির প্রতিও আমার দুর্বলতা আছে।
মা: বিয়ের আগে শাড়ি পরতে ভালো লাগত। এখন সালোয়ার-কামিজ আমার প্রিয় পোশাক।
২. যে গান বারবার শুনি
মাহি: বাংলা চলচ্চিত্রের গান ‘আগুনের দিন শেষ হবে একদিন’ এবং আমার প্রথম চলচ্চিত্র ভালোবাসার রং ছবির ‘গভীরে আরও গভীরে’ গানটি বারবার শুনি।
মা: ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো’ গানটি বারবার শুনতে ভালো লাগে।
৩. একাধিকবার দেখা হয়েছে—এমন সিনেমা
মাহি: অবুঝ হূদয় ও ভালোবাসার রং।
মা: নীল আকাশের নিচে, পিচঢালা পথ, সীমানা পেরিয়ে।
৪. কোন ধরনের খাবার ভালো লাগে?
মাহি: শুঁটকি ভর্তা, তেহারি ও চালতার আচার।
মা: আমের আচার, চালকুমড়ার বড়ি ও নিজের হাতে তৈরি চ্যাপা শুঁটকির ভর্তা আমার প্রিয়।
৫. পত্রিকা হাতে পেলে কোন পাতা সবার আগে পড়া হয়?
মাহি: পত্রিকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে চট করে রাশিফল দেখে নিই সবার আগে।
মা: সবার আগে বিনোদন পাতায় চোখ চলে যায়। মেয়েকে নিয়ে কোনো লেখা বের হয়েছে কি না, তা খুঁজে দেখি।
৬. টেলিভিশনে যা দেখা হয়
মাহি: সিনেমার গান নিয়ে যেকোনো অনুষ্ঠানই সময় পেলে দেখি।
মা: ভারতের বাংলা, হিন্দি—দুই ধরনের ধারাবাহিকই আমার ভালো লাগে। আমি নিয়মিত দেখি।
৭. কোথায় ঘুরতে বেশি পছন্দ?
মাহি: দেশের মধ্যে বরিশাল শহরে, দেশের বাইরে সুইজারল্যান্ড ও শিমলা।
মা: পরিবারের সবার সঙ্গে মা-বাবার বাড়ি রাজশাহীতে যেতে ভালো লাগে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন