মায়া, প্রবাসে নিজের মুখোমুখি হতে ভয় পেতাম! মনে হতো এই বুঝি ধরা পড়ে যাচ্ছি নিজের কাছে। ফেরার আসামির মতো নিজের কাছ থেকেই পালিয়ে বেড়ানো! কী যে কষ্ট মায়া! সেই কবে দেশ ছেড়েছি, গ্রাম ছেড়েছি, সবুজ গ্রাম! আহ! চোখে ভাসে আজও!
সবুজ ধানখেত, পুকুর আমি ভুলেই গিয়েছি সব মায়া! এখানে পাথরের সময়! পাথরের বাগানে অনুভূতির কোনো মূল্যই নেই! সেদিন তোমার পিছু ছুটে আর রান্না করতে পারিনি। তোমাকে ছবিগুলো পোস্ট করে রুমে আসতে আসতে রাত আটটা! পেটে টান পড়েছিল খুব! গত উইকএন্ডে রান্না করা ভাত ওভেনে ঢুকিয়ে দিয়ে ডালের বাটির দিকে হাত বাড়াতেই দেখি এত্ত বড় আরশোলা ভাসছে ডালের ওপরে! ওর শুঁড় ধরে টেনে ফেলে দিয়ে পিষে ফেললাম নির্বিকার!
রেস্টুরেন্ট অথবা ঘরে রান্না করা খাবার, সবই অবাস্তব কল্পনা এখানে! আমি জানি, এ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকেই সব করতে হয়। ঘরের বাতি নিভিয়ে কটা মোম জ্বালালাম! মোমের আলোয় কবিতা পড়ার শখ আমার অনেক দিনের! কেবল এই সময়েই আমি দেবালয়ের পুণ্য আলোয় ভাসতে পারি!
ঠিক তখন আমার দেশ ও প্রবাসের মাঝামাঝি আর কোনো পার্থক্য থাকে না; মায়া, একমাত্র কবিতাই পেরেছে আমাকে পৃথিবীর তাবৎ সব বিচিত্র রঙা সুখ দেখাতে! যা আর কোথাও দেখিনি। ভাবি, তোমাকে কোেনা পূর্ণিমা রাতে লেকের পাড়ে নিয়ে যাব। সেখানে নীল জোছনায় একের পর এক শুনিয়ে যাব আমার প্রিয় কবির কবিতাগুলো—রবীন্দ্রনাথ থেকে নজরুল, সুকান্ত থেকে শামসুর রাহমান, জয় গোস্বামী থকে বিমল মিত্র সব সব!
শুধু তোমাকে একবার মুগ্ধ করতেই আমার সব আয়োজন! তুমি কি মুগ্ধ হবে না, মায়া! কাল সকালে কিছু গোলাপ রেখে যাব তোমার নামে; তোমার দরজায়! তারপর কাজে। এভাবেই তুমি আমার মায়া, নিত্য ধাবমান—প্রবহমান; বিরাজে !