মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মায়া’ জিনিসটা খুব খারাপ। ঘটনাটা খুলে বলি। ২০০৭ সালের ২৬ মে আমি হলে উঠি এবং হলের প্রথম অংশ হিসেবে আমার স্থান হয় গণকক্ষে। এক কক্ষে আমরা ছিলাম ১৫ জন। হাসি, কান্না, দুঃখ, আনন্দ, ঝগড়া—সব মিলিয়ে শুরু হয় এক নতুন জীবন। এক বছর পর আমাদের এই ১৫ জন মেয়েকে নয়টি ভিন্ন ভিন্ন কক্ষে আসন দেওয়া হয়।গণকক্ষে থাকার সময় আমাদের মধ্যে বড় আপুদের নামে এক ধরনের ভীতি কাজ করত। হলের ডাকাবুকো বড় আপুদের গল্প বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথমভাগেই সবার জানা হয়ে যায়। আমিও প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন। একদিকে ১৪ জনকে ছেড়ে আসার কষ্ট, অপরদিকে পাঁচজন বড় আপুর মধ্যে জুনিয়র হিসেবে আমার নতুন কক্ষে প্রবেশ। প্রথম দিকে আপুদের সম্পর্কে খারাপ ধারণা থাকলেও পরে তা পাল্টে যেতে থাকে। আমি স্বভাবতই, একটু বললে ভুল হবে, অনেক বেশি চঞ্চল। আপুরা আমাকে গ্রহণ করলেন দুরন্ত চঞ্চল একটা ছোট বোন হিসেবে। আমি ক্যানটিনে খেতে পারি না এবং রান্নাও করতে পারি না। কিছুদিন অনবরত ক্যানটিনে খেলেই গ্যাসট্রিক দেখা দিত ভয়াবহ আকারে। আপুরা তখন ভার নিলেন আমার তিন বেলা খাবারের। একটা পরিবার যেন তৈরি হয়ে গেল আমাকে ঘিরে। আর আমি হয়ে পড়লাম সে পরিবারের আদরের কেন্দ্রবিন্দু। কিন্তু সুখ কপালে বেশি দিন সইল না। একে একে যেতে শুরু করলেন আপুরা। প্রথম দুজন চলে গেলেও কষ্টটা তীব্রভাবে অনুভব করিনি। কারণ, মাথার ওপর ছিল ছায়া দেওয়ার মতো আরও দুজন।এ বছরের জানুয়ারিতে আরও একজন আপু চলে গেলেন কাঁদিয়ে। ফেব্রুয়ারিতে চলে গেলেন আমাকে ছায়া দেওয়ার সর্বশেষ জন। বুঝতে পারি, যাওয়ার আগে তিনি আড়ালে গুছিয়ে দিয়ে যান আমার সব প্রয়োজনীয় জিনিস। যেন আমার খাওয়া, ঘুম, কক্ষে থাকা প্রভৃতি বিষয়ে সমস্যা কম হয়। মায়া বড় খারাপ জিনিস। আমি তাঁদের মায়ায় বাঁধা পড়ে গেছি বলেই কাঁদি আর সব কক্ষ ঘুরে ঘুরে তাঁদের স্মৃতি হাতড়ে বেড়াই। চঞ্চল আমি শান্ত হয়ে গেছি একদম। রুপা আপু, সুরভী আপু, আইরিন আপু, বুবলি আপু আপনাদের অনেক ভালোবাসি। অনেক।‘আপনাদের বুড়ি’বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলঢাকা বিশ্ববিদ্যালয়।