মায়া
রাতে বাসে করে বাড়ি যাচ্ছি। অনেক দূরের পথ। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। হতভম্ব হয়ে লাফিয়ে উঠি! কোথায় এখন, কপিলমুনি ছাড়িয়ে যায়নি তো? না, মাত্র তালা বাজার পার হলাম। আচ্ছা, এখন কয়টা বাজে? প্রশ্নটি মনে উদয় হতে না হতেই পকেট থেকে মুঠোফোনটি বের করে দেখি, পৌনে পাঁচটা বাজে। আজ একটু তাড়াতাড়িই পৌঁছে যাচ্ছি। বাইরে এখনো ঘন অন্ধকার। লক্ষ করি, আমার মুঠোফোনের পর্দায় ওয়ান মেসেজ রিসিভড। সারা রাত বাস চলছিল। তাই বুঝতে পারিনি কখন মেসেজটা এসেছে। মেসেজটা পড়ে দেখি, এটি টাকাপ্রাপ্তির মেসেজ। ও, গতকাল ছিল বৃহস্পতিবার। আমাদের গ্রামে প্রতি বৃহস্পতি ও রোববার হাটবার হয়। বাবা প্রতি হাটবারে আমার নম্বরে টাকা পাঠান। ভাবতে থাকি, আচ্ছা বাবা, মানুষ তো কত কিছু ভুলে যায়, কিন্তু তুমি শত সমস্যার মধ্যে প্রায় তিন বছর ধরে এ কাজটি করতে একবারও ভুলে যাও না কেন? আচ্ছা! তুমি অন্যদের চেয়ে আলাদা কেন? মাধ্যমিক পাস করার পর শহরের কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু কোনো সময় তুমি আমার পড়াশোনা আর ফলাফলের খবর নাওনি। ফোনে কথা হলেই তোমার সেই একই কথা, ‘শরীরের দিকে খেয়াল রাখিস, খাওয়াদাওয়া ঠিকমতো করিস, টাকার জন্য চিন্তা করিস না।’ আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু তুমি যে উদ্দেশ্যে আমাকে শহরে পাঠিয়েছ, সেটির খবর তুমি নেবে না? মাকে যখন বিষয়টি বলি, তখন মা আমার জ্ঞানচক্ষু খুলে দিয়ে বললেন, ‘তোর বাবার দৃঢ় বিশ্বাস, তুই ভালো ফল করবি। তোর বাবার কষ্টার্জিত টাকা বিফলে যাবে না।’ বাবা, তোমার বিশ্বাসের অমর্যাদা করিনি। উচ্চমাধ্যমিকে খুলনা পাবলিক কলেজ থেকে এ প্লাস পেয়েছি। এখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করছি। জীবনে যখনই কিছু করতে যাই, তখনই আমার প্রতি তোমার বিশ্বাসের কথা মনে পড়ে যায়। তাই সব সময় চেষ্টা করি, তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে।হঠাৎ করে বাস্তব জগতে ফিরে আসি। বাইরে তাকিয়ে দেখি, আর কিছুক্ষণের মধ্যেই আমার সবচেয়ে আপন, পরিচিত ও প্রিয় গ্রামটিতে পৌঁছে যাব। বাইরে এখনো অন্ধকার। বাবাকে কি ফোন করে ডেকে নিয়ে আসব? না, গতকাল হাট থেকে ফিরেছে অনেক রাত করে। এখন আর ভোররাতে বাবাকে ডাকা উচিত হবে না, একটু ভয় করলে করুক। আমি একাই হেঁটে বাড়িতে যাব। বাস থেকে নেমেই দেখি, বাবা দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। আমি বললাম, কখন এসেছ। ‘দুই-তিন মিনিট আগে।’ আমি তো তোমাকে ফোন করিনি। কী করে বুঝলে বাস এখন আসবে? ‘বাড়ি থেকে হর্ন শুনলাম, তোর মা তোকে নিয়ে আসার কথা বলল, তাই এলাম।’ আমরা হাঁটতে থাকি। আমি ভাবতে থাকি, একেই বুঝি বলে, মা-বাবার মন। পাপ্পু কুমার দেঢাকা বিশ্ববিদ্যালয়।