মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুটা কেমন করুণ মুখে তাকিয়ে আছে। গরু কখনো করুণ মুখ করে তাকাতে পারে, তাই জানতাম না। কিন্তু মনে হচ্ছে, এটি সত্যিই করুণ করুণ মুখ করে তাকিয়ে আছে। আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ পর্যন্ত এটি আমাদের কম ভোগায়নি। সেদিন গরুর হাটে দাম ঠিকঠাক করার পর যখন হাসিল লেখাতে নিয়ে যাওয়া হলো, তখন এটা ছাড়া পেয়ে এমন একটা হুড়োহুড়ি শুরু করল যে হাটের সবাই দৌড় শুরু করল। অনেক কষ্টে যখন এটাকে থামানো হলো তখন সবাই আমার দিকে এমনভাবে তাকাল যেন সবকিছুর জন্য আমিই দায়ী। আরে বাবা, আমার কী দোষ! আমি তো মাত্র গরুটাকে কিনলাম। তাও এখনো টাকা দেই নাই। যাই হোক, সব দোষ মাথায় নিয়ে গরু নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আমাদের গরুটার মানসম্মান বোধ মনে হয় একটু বেশিই। অন্যান্য গরুর গলায় মালা আছে অথচ তার গলায় মালা নাই। তাই তার মনে হয় একটু অভিমান হয়েছে। মালাওয়ালা গরু দেখলেই গুঁতো দেওয়ার চেষ্টা করে। ভালো যন্ত্রণা তো! বুদ্ধি করে গরুর দুই শিংয়ে দুটো লাল কাগজের ঠোঙা গুঁজে দিলাম। বাহ্! একেবারে কোররবানির গরুর মতো লাগছে। গরু বেচারাও মনে হয় মানসম্মান ফিরে পেয়েছে। এখন অনেকটা শান্ত।বাড়িতে এনেও কি শান্তি! তার জন্য খাবার আনতে হলো, রাতে আরামে শোবার জন্য চাটাই, কয়েল, মশারি আরও কত কী! খাবার-দাবারে দেখি তার বিস্তর বাছবিচার। ঠান্ডা খাবার সে খেতে পারে না। ভূসি কম হলে খায় না, এ তো দেখি ভালো যন্ত্রণায় পড়লাম। রাতে অনেক হিসাব-নিকাশ করে এটাকে সিঁড়িঘরে রাখা হলো। সকালে উঠে দেখি, সিঁড়িঘর গোবর আর প্রস্রাবে সয়লাব। সেগুলো সব চুইয়ে চুইয়ে নিচের পানির ট্যাংকে গিয়ে পড়ছে। ব্যাপারটা ধামাচাপা দেব ভাবছি, এর মধ্যে এক ভাড়াটে দেখে ফেলল। ট্যাংক পরিষ্কার করা ছাড়া কিছুই করার নেই। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। বাড়ির বড় ছেলে হিসেবে কাজটা আমাকেই করতে হবে। মনে মনে গরুটার চৌদ্দগোষ্ঠি উদ্ধার করলাম।এর চেয়ে বড় যন্ত্রণাটা সে দিল একটু পরেই। হঠাৎ ছাড়া পেয়ে দে ছুট। সঙ্গে সঙ্গে ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে আমি আর মামাতো ভাই শাহিন দৌড়ালাম। আমি ছিলাম প্যান্ট পরা আর শাহিন লুঙ্গি পরা। কিছুক্ষণ পর হঠাৎ শাহিন বসে পড়ল। ঘটনা কী? ওর দিকে তাকিয়ে দেখি, গায়ে লুঙ্গিটুঙ্গি কিছু নেই। শুধু একটা শর্ট হাফ প্যান্ট। হা. হা. হা.। সেদিন যা মজা হয়েছিল না!কিন্তু ঈদের দিন গরুটাকে গোসল করাতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম—গরুর চোখের কোণ ভেজা এবং সেখান থেকে খুব আস্তে আস্তে পানি নেমে আসছে। আমার বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ পরই এটা আর উঠে দাঁড়াতে পারবে না। আমার মনটা মায়ায় ভরে গেল। আহা রে!রেজাউল করিমমেরাজনগর, কদমতলী, ঢাকা